Published : 12 Jun 2026, 03:44 PM
২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার কথা বলা হয়েছিল। তবে ১২ ঘণ্টাতেই ছাড়া পেয়ে গেছেন মেহেদী হাসান মিরাজ। বিপদের শঙ্কা না থাকায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে। আপাতত বাসায় ফিরেছেন এই অলরাউন্ডার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাাদেশের রান তাড়ায় শেষ দিকে ন্যাথান এলিসের শর্ট বল বল ছোবল দেয় মিরাজের হেলমেটে। মাঠে কিছুটা চিকিৎসা নেওয়ার পর খেলা চালিয়ে যান তিনি। তবে বাংলাদেশের জয়ের একটু পরই তাকে নেওয়া হয় হাসপাতালে। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম তখন বলেছিলেন, ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে অধিনায়ককে।
তবে শুক্রবার দুপুরে বিসিবির ভিডিও বার্তায় টিম ম্যানেজার নাফিস ইকবাল জানালেন স্বস্তির খবর।
“মেহেদী হাসান মিরাজ, ওয়ানডে অধিনায়কের আপডেট হলো, সে বাসায় ফিরেছে। ১২ ঘণ্টার মতো তাকে পর্যবেক্ষেণে রাখা হয়েছিল এভারকেয়ারে (হাসপাতাল)। আপনারা জানেন যে, তার মাথায় লেগেছি বাউন্সারে এবং তার একটু বমি হয়, যেটা ছিল কিছুটা শঙ্কার। তার পরও সে খেলা চালিয়ে যায় এবং খেলার পরপরই বিসিবির চিকিৎসক ও ফিজিওরা সবাই মিলে সিদ্ধান্ত নেন যে তাকে এভারকেয়ারে পাঠানো হবে।”
“যদিও সে ভালো অনুভব করছিল। তবু ঝুঁকি নেওয়া হয়নি। প্রথম স্ক্যানে তার রিপোর্ট ভালো আসে। আজকেও দ্বিতীয় স্ক্যানে তার রিপোর্ট ভালো আসায় তাকে রিলিজ করা হয়।”
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের রান তাড়ায় জয়ের জন্য যখন প্রয়োজন ২৪ রান, তখন এলিসের শর্ট বল লাগে মিরাজের হেলমেটে। আঘাতটি বেশ জোরাল বলেই মনে হচ্ছিল। মাঠে তার চিকিৎসা চলে কিছুক্ষণ। এক পর্যায়ে স্ট্রেচারও নেওয়া হয় তাকে মাঠের বাইরে আনার জন্য।
তবে দলের গুরুত্বপূর্ণ অবস্থায় মাঠ ছাড়েননি তিনি। একটু ধাতস্থ হয়ে আবার ব্যাটিং করেন। পরের ওভারেই তাওহিদ হৃদয় ছক্কা ও চার মারার পর মিরাজের ছক্কায় ম্যাচ জিতে যায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ধরা দেয় সিরিজ জয়।
তবে ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি ছিলেন না। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় তাকে।
২-০তে এগিয়ে থাকা বাংলাদেশ রোববার মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করতে। শনিবার মিরপুরে অনুশীলন করার কথা দলের। ম্যানেজার অবশ্য এখনই নিশ্চয়তা দিতে পারলেন না, মিরাজকে পাওয়া যাবে কি না।”
“কালকে (শনিবার) তার অনুশীলনের ব্যাপারে আমি নিশ্চিত নই। তবে তার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের চিকিৎসক ও ফিজিওরা। কালকে আলাপ করা যাবে, তাকে পাওয়ার ব্যাপারে।”