১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আরও এক মাস প্রধান নির্বাচকের দায়িত্বে গাজী আশরাফ

এই সময়ে নতুন প্রধান নির্বাচক খোঁজার প্রক্রিয়া এগিয়ে নেবে বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 09:35 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

দায়িত্বের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই মাসেই। তবে বিসিবির অনুরোধে আরও এক মাস প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করবেন গাজী আশরাফ হোসেন। এই সময়ে নতুন প্রধান নির্বাচক খোঁজার প্রক্রিয়া এগিয়ে নেবে বোর্ড।

আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে দেশের মাঠে ওয়ানডে সিরিজের দল নির্বাচনও করবে গাজী আশরাফের নেতৃত্বে বর্তমান নির্বাচক কমিটি। 

বিসিবির পরিচালনা পর্ষদের ভার্চুয়াল সভা শেষে রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচকের মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়। 

“জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান হিসেবে মেয়াদ শেষ হওয়ার পর গাজী আশরাফ হোসেনের পদত্যাগ করার ইচ্ছার পরিপ্রেক্ষিতে, মেয়াদ এক মাস বৃদ্ধির প্রস্তাবের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এই সময়ের মধ্যে বোর্ড তার উত্তরসূরি খুঁজে বের করার এবং প্যানেল পুনর্গঠনের জন্য কাজ করবে।”

প্রায় ৮ বছর প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করা মিনহাজুল আবেদীনের জায়গায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে প্রধান নির্বাচকের দায়িত্ব নেন গাজী আশরাফ। সেই আরেক নির্বাচক হাবিবুল বাশারের জায়গায় কমিটিতে আনা হয় হান্নান সরকারকে। আগে থেকেই ছিলেন আব্দুর রাজ্জাক।

পরের বছরের ফেব্রুয়ারিতে নির্বাচকের দায়িত্ব ছেড়ে কোচিং পেশায় মনোযোগী হন হান্নান। পরে তার বদলে নির্বাচক কমিটিতে নেওয়া হয় হাসিবুল হোসেনকে। গত অক্টোবরে বিসিবি নির্বাচনের আগে নির্বাচকের দায়িত্ব ছেড়ে নির্বাচনে অংশ নিয়ে বোর্ড পরিচালক হন রাজ্জাক। তার জায়গায় কাউকে যোগ করা হয়নি এই ৫ মাসে। ২ জন নিয়েই চলছিল নির্বাচক কমিটির কাজ।

মার্চের পর নতুন কমিটি জন্য প্রধান নির্বাচকের পাশাপাশি আরও একজন নির্বাচকও খুঁজতে হবে বিসিবিকে।