২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারিত হতে পারে শুক্রবার

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিশেষ সভা ডেকেছে আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2024, 11:50 AM

Updated : 10 Sep 2026, 12:24 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ পর্যন্ত কোথায় হবে, কীভাবে হবে, সবকিছুর উত্তর জানা যেতে পারে শুক্রবার। সঙ্কট সমাধানের জন্য সেদিন সভা ডেকেছে আইসিসি। ভার্চুয়াল সেই বোর্ড সভায় আলোচনার বিষয় থাকবে স্রেফ এটিই।

এই সভার কথা অবশ্য আনুষ্ঠানিকভাবে জানায়নি আইসিসি। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকেও কিছু বলা হয়নি। তবে আইসিসির এক মুখপাত্র খবরটি নিশ্চিত করেছেন ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে। শেষ পর্যন্ত আইসিসি বোর্ডের ভোটাভুটির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছে ওয়েবসাইটটি।

আইসিসির বোর্ডে আছেন ১২টি পূর্ণ সদস্য দেশের প্রধান, সহযোগী দেশগুলির তিনজন প্রতিনিধি, আইসিসির চেয়ারম্যান, প্রধান নির্বাহী ও স্বাধীন একজন পরিচালক।

আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের মেয়াদে শেষ সভা এটিই। আগামী রোববার থেকেই চেয়ারম্যানের দায়িত্ব নেবেন ভারতীয় বোর্ডের সচির জয় শাহ। চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণে তার বড় ভূমিকা থাকবে এমনিতেও।

২০১৭ সালের পর থমকে থাকা চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন পথচলা শুরু হওয়ার কথা আগামী আসর দিয়ে। ১৯ ফ্রেব্রুয়ারি থেকে ৯ মার্চ আট দলের এই টুর্নামেন্ট হওয়ার কথা পাকিস্তানের তিন শহর লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। তবে আইসিসি এখনও আনুষ্ঠানিকভাবে তারিখ জানায়নি। এমনিতে বৈশ্বিক আসরের ক্ষেত্রে ১০০ দিন আগেই পুরো সূচি প্রকাশ করা হয়। এবার সেটি এখনও করেনি আইসিসি। 

ভারতের সরকার ভারতীয় দলকে পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি না দেওয়াতেই সঙ্কটের শুরু। এখনও যা চলছে। 

গত এশিয়া কাপেও এই বাস্তবতা দেখা দিয়েছিল। ভারতীয় দল সেবারও পাকিস্তানে না যাওয়ায় ‘হাইব্রিড’ মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে হয়েছিল টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেও একই পথ বেছে নেওয়ার আলোচনা চলছে। তবে পিসিবির প্রধান মহসিন নাকভি এবার এই পদ্ধতি মানতে রাজি নন একদমই। গোটা টুর্নামেন্টই পাকিস্তানে করতে তারা বদ্ধপরিকর। ভারতীয় বোর্ডকে উন্মুক্ত আলোচনার প্রস্তাবও তারা দিয়ে রেখেছেন।

আইসিসির সভায় শেষ পর্যন্ত মহসিন নাকভি কতটা শক্ত অবস্থানে থাকতে পারেন, সেটির ওপরও টুর্নামেন্টের ভাগ্য নির্ভর করবে অনেকটা।

নাকভি শুধু পিসিবির সভাপতিই নন, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। ভারতীয় বোর্ডের সচিব ও আইসিসির পরবর্তী চেয়ারম্যান জয় শাহর বাবা ভারতের স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ।