২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তর অধিনায়কত্ব নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই সংবাদ সম্মেলনে তাইজুল

চট্টগ্রাম টেস্ট দিয়ে শান্ত নেতৃত্ব ছাড়তে চান বলে খবর ছড়িয়েছে, টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এলেন তাইজুল ইসলাম।

শান্তর অধিনায়কত্ব নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই সংবাদ সম্মেলনে তাইজুল
চট্টগ্রামে অনুশীলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও কোচ ফিল সিমন্স। ছবি: বিসিবি

শাহাদাৎ আহমেদ সাহাদ শাহাদাৎ আহমেদ সাহাদ

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2024, 03:53 PM

Updated : 26 Aug 2026, 10:48 AM

সহকারী কোচ নিক পোথাসের থ্রো-ডাউনে নিয়ন্ত্রিত স্কয়ার ড্রাইভের পর নেট বোলারের অফ স্পিন উড়িয়ে মারলেন নাজমুল হোসেন শান্ত। কাছেই থাকা ব্যাটিং কোচ ডেভিড হেম্পের মুখে তখন উজ্জ্বল হাসি। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সোমবার শান্তর অনুশীলনে প্রায় নিয়মিতই দেখা গেল বড় বড় শট। পাশাপাশি ভালো বলে রক্ষণাত্মক শটও তিনি খেললেন নির্ভরতার সঙ্গে। 

অনুশীলনের টুকরো টুকরা ছবি দেখে বেশ নির্ভারই মনে হলো বাংলাদেশ অধিনায়ককে। তবে পর্দার আড়ালে ঠিক 'শান্ত' নয় তার বর্তমান পরিস্থিতি। প্রথমত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে হেরে চাপে বাংলাদেশ দল। ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই তিনি নিজেও। তার ওপর খবর ছড়িয়ে পড়েছে, চট্টগ্রাম টেস্ট শেষে অধিনায়কত্ব ছাড়তে চান তিনি। 

সেই গুঞ্জন নতুন মাত্রা পেল টেস্ট শুরুর আগের দিন শান্ত সংবাদ সম্মেলনে না আসায়। এমনিতে টেস্ট শুরুর আগে কোচ বা অধিনায়কের আসাই রীতি। কিন্তু সোমবার দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন তাইজুল ইসলাম। 

নেতৃত্ব ছাড়তে চাওয়া নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু এখনও জানাননি শান্ত। তবে সূত্রের বরাত দিয়ে সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করে, নেতৃত্ব ছাড়তে চাওয়ার ইচ্ছে বোর্ডকে জানিয়েছেন তিনি। বোর্ডের পক্ষ থেকে অবশ্য সেটি নিশ্চিত করে কিছু জানানো হয়নি এখনও। 

টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে শান্তর কাছ থেকে কিছু জানা যেতে পারে, এই অপেক্ষা ছিল সংবাদকর্মীদের। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের সঙ্গে আসতে দেখা যায় তাইজুলকে। তাদের সঙ্গে তখন ছিলেন ব্যাটিং কোচ হেম্পও। 

হেম্প সংবাদ সম্মেলন কক্ষে ঢুকে আশপাশ ঘুরে দেখেন। প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত চেয়ারে বসেন তাইজুল।

শান্তর নেতৃত্ব নিয়ে কৌতূহল জাগানিয়া প্রশ্নগুলি বাধ্য হয়ে তাইজুলকেই করেন সংবাদকর্মীরা। জবাবে কিছুটা বিস্ময়ই প্রকাশ করেন এই বাঁহাতি স্পিনার।

“আসলে এ বিষয়ে আমি কিছু শুনিনি। এটা আমার কাজের মধ্যেও পড়ে না। এই বিষয়ে আমি সঠিকটা জানি না।” 

দলীয় আলোচনায় শান্ত এই বিষয়ে কোনো বার্তা দিয়েছেন কিনা জানতে চাওয়া হলে, তাইজুল বলেন, ম্যাচের আগের দলীয় আলোচনা তখনও হয়নি। এছাড়া এই প্রসঙ্গে কোনো কিছুই জানা নেই তার।

তাইজুল নিজে প্রস্তাব পেলে অধিনায়কত্ব করতে প্রস্তুত কি না, সেই প্রশ্নও করা হলো। আর্ম ডেলিভারিতে ব্যাটসম্যানকে বোল্ড করার মতো করেই তার প্রত্যয়ী উত্তর, “যেহেতু ১০ বছর খেলেছি, পুরোটাই তৈরি…।”

তবে বাস্তবতা হলো, নেতৃত্বের আলোচনায় তিনি কখনও ছিলেন না। এখনও থাকার কথা নয়। বরং শান্তর নেতৃত্ব সম্পর্কিত প্রশ্নগুলি তাইজুলকে কিছুটা অস্বস্তিতেও ফেলে দেওয়ার কথা।

টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক বা কোচই বেশির ভাগ সময় আসেন। কখনও কখনও দুজনকেই দেখা যায়। ব্যতিক্রমও যে হয় না, তা নয়। কখনও সহ-অধিনায়ক বা সিনিয়র ক্রিকেটার কিংবা পারফরমারদের কেউ কেউ থাকেন।

তাইজুল দলের অভিজ্ঞ ক্রিকেটারদের একজন। মিরপুর টেস্টে দল হারলেও ম্যাচে আট উইকেট নিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি গ্রহণযোগ্য অনেক দিক থেকেই। তবে টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে তাকে আগে কখনও পাওয়া গেছে কি না, এটা গবেষণার বিষয় হতে পারে। 

নেতৃত্ব নিয়ে নানা প্রশ্ন এড়াতে শান্ত সংবাদ সম্মেলনে আসতে চাননি বা সামগ্রিক সিদ্ধান্তেই তিনি আসেননি, এটা কেউ ধরে নিলে তাকে ভুল বলা কঠিন।

সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম অবশ্য এটা নিয়ে ব্যাখ্যা করেছেন তাদের দিক থেকে।

“(ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে) কোচ বা অধিনায়ক আসা কোনো নিয়ম নয়। রীতি যেটা বললেন, সেটা আপনি যদি দুই বছর বা বেশি সময় ধরে যদি দেখেন, ম্যাচের আগের দিন এর আগেও কোচ-অধিনায়ক ছাড়াও দলের প্রতিনিধিরা সংবাদ সম্মেলন করেছে। আজকেও তাইজুল প্রতিনিধি হিসেবে এসেছে। আমরা ওই রীতিটা সবসময় অনুসরণ করি না।”

বিসিবির পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মতামত জানিয়েছেন কেবল বোর্ড পরিচালক নাজমুল আবেদিন। তবে শনিবার বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনিও সরাসরি নিশ্চিত করেননি শান্তর অধিনায়কত্ব ছাড়তে চাওয়ার ইচ্ছার কথা। এমনকি আনুষ্ঠানিক কোনো চিঠি বা বার্তাও তারা পাননি বলে জানান নাজমুল। সত্যিই যদি এমন কিছু ভেবে থাকেন শান্ত, তাহলে বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত পর্যালোচনার পরামর্শ দেওয়া হবে বলেও তখন জানান তিনি।

সেই আলোচনার সময় অবশ্য খুবই কম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষ করেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে চলে যাবে বাংলাদেশ দল। দুই সিরিজের মাঝে বিরতি মাত্র তিন দিনের। 

আইসিসি সভা ও ব্যক্তিগত কাজ সেরে সোমবার দেশে ফিরছেন বোর্ড সভাপতি ফারুক। মাঠে বসে চট্টগ্রাম টেস্ট দেখার সম্ভাবনাও রয়েছে তার। তবে দায়িত্ব নেওয়ার পর মাঠে বসে প্রথম ম্যাচটা হয়তো নির্ভার থেকে দেখা হবে না ফারুক আহমেদের। কারণ অধিনায়কত্বের বিষয়ে ম্যাচ চলাকালেই হয়তো কোনো সিদ্ধান্ত নিতে হবে বোর্ডের। সব মিলিয়ে মাঠের ভেতরে-বাইরে খুব ভালো অবস্থায় নেই বাংলাদেশের ক্রিকেট।  

এই সিরিজের শুরু থেকেই মাঠের বাইরের নানা ঘটনা বাংলাদেশ দল ঘিরে। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নিরাপত্তা শঙ্কা দেখা দেওয়ায় মিরপুর টেস্ট খেলতে আসতে পারেননি সাকিব আল হাসান। ওই ঘটনায় ম্যাচের আগের দিন পর্যন্ত বেশ উত্তাল ছিল মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশপাশের পরিবেশ। ম্যাচের প্রতিদিনই স্টেডিয়ামের আশেপাশে ছিল নজিরবিহীন নিরাপত্তা  

এবার চট্টগ্রাম টেস্টের আগে অধিনায়কত্ব নিয়ে নতুন গুঞ্জন। সবমিলিয়ে অস্বস্তির মেঘে ঢাকা বাংলাদেশের ক্রিকেট।

দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসব বিষয় জানানো হলে প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামও দুঃখপ্রকাশ করলেন বাংলাদেশের দলের জন্য। 

“পারফরম্যান্সের বিষয়ে নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। তবে দলের পরিবেশ ভালো থাকা উচিত। বাংলাদেশ দলের ভেতরে যা-ই হচ্ছে, তা দুর্ভাগ্যজনক। এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব এবং পাঁচ দিন শেষে দেখব ফল কী দাঁড়ায়।”