১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আতাপাত্তুর সেঞ্চুরিতে বাছাইয়ের সেরা হয়েই বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

বাছাইপর্বে রানার্স আপ হওয়ায় স্কটল্যান্ড পড়েছে বাংলাদেশের গ্রুপে, বাছাইয়ের ফাইনালের জয়ী শ্রীলঙ্কা খেলবে ভারত-অস্ট্রেলিয়ার গ্রুপে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 05:32 PM

Updated : 10 Sep 2026, 02:57 PM

দুই দল আগেই নিশ্চিত করে ফেলেছিল বিশ্বকাপে খেলা। বাকি ছিল বাছাইপর্বে সেরার ফয়সালা। সেখানে ফেভারিট শ্রীলঙ্কাই পেল প্রত্যাশিত জয়। মূল ব্যবধানটা গড়ে দিলেন লঙ্কানদের সবচেয়ে বড় তারকাই। চামারি আতাপাত্তুর সেঞ্চুরিতে ফাইনালে বড় ব্যবধানে হেরে গেল স্কটল্যান্ড। 

আইসিসি উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে স্কটল্যান্ডকে ৬৮ রানে হারায় শ্রীলঙ্কা। 

আবু ধাবিতে মঙ্গলবার ৬৩ বলে ১০২ রানের ইনিংস খেলে স্কটিশদের আশা গুঁড়িয়ে দেন লঙ্কান দলপতি আতাপাত্তু।

বাছাইয়ের সেরা হওয়া শ্রীলঙ্কা বাংলাদেশে অনুষ্ঠেয় মূল পর্বে খেলবে ‘বি’ গ্রুপে। সেখানে তাদের গ্রুপসঙ্গী ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড। এই গ্রুপের ম্যাচগুলি হবে সিলেটে। স্বাগতিক বাংলাদেশের গ্রুপে থাকছে বাছাইয়ে দ্বিতীয় হওয়া স্কটল্যান্ড। এই গ্রুপের অন্য তিন দল ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচগুলি হবে মিরপুরে। 

ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নামা লঙ্কানদের শুরুটা খুব ভালো ছিল না। নবম ওভারে তাদের রান ছিল ৩ উইকেটে ৫৫। 

ওপেন করতে নামা আতাপাত্তু তখনও টিকে ছিলেন এবং তিনিই দারুণ ব্যাটিংয়ে দলকে উদ্ধার করেন। চতুর্থ উইকেটে নিলাকশিকা সিলভার সঙ্গে ১০৬ রান যাগ করেন আতাপাত্তু। ১০৬ রানের এই জুটিতে কেবল ১৯ রান আসে নিলাকশিকার ব্যাট থেকে। আতাপাত্তুর দাপট ছিল এতটাই।

৪০ বলে ফিফটি স্পর্শ করেন আতাপাত্তু। সেখান থেকে শতরানে যেতে তার বল লাগে স্রেফ ২০টি! 

বর্তমান বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন বলে বিবেচিত এই অলরাউন্ডারের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি এটি। 

১৩ চার ও ৪ ছক্কায় ১০২ রান করে আউট হয়ে যান তিনি। নিলাকশিকা অপরাজিত থাকেন ২৬ বলে ২৬ রান করে। 

স্কটল্যান্ডের র‌্যাচেল স্ল্যাটার নেন দুটি উইকেট।

রান তাড়ায় পাওয়ার প্লেতেই চার উইকেট হারিয়ে ফেলা স্কটিশরা কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি। পাঁচে নামা প্রিয়ানাজ চ্যাটার্জি ৩০ রান করেন। আর কোনো ব্যাটার ১৫ রান ছাড়াতে পারেননি। ২০ ওভার খেলে ৭ উইকেটে ১০১ রানে থমকে যায় তারা। 

ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৩ রানে ৩ উইকেট নেন লঙ্কান বাঁহাতি পেসার উদেশিকা প্রাবোধানি। 

বাংলাদেশে মূল বিশ্বকাপ শুরু আগামী ৩ অক্টোবর। খেলা হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।