আইপিএলে ইতিহাস গড়া ক্রিকেটারের কাছে প্রশ্ন, ‘প্রতিদিন কতটুকু দুধ পান করেন?’
ইমার্জিং ক্রিকেটার ও টুর্নামেন্টের সেরা ক্রিকেটার, আইপিএলে একসঙ্গে এই দুটি পুরস্কার জিতে নেওয়া প্রথম ক্রিকেটার বৈভাব সুরিয়াভানশি, যার বয়স মোটে ১৫ বছর।
ইমার্জিং ক্রিকেটারের পুরস্কারটি আসরের উঠতি প্রতিভাদের জন্য। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার টুর্নামেন্টের সেরা পারফরমারের জন্য। দুটি পুরস্কারই একসঙ্গে কেউ জিতবেন, এমন কিছু এতদিন ছিল অভাবনীয়। এবারের আইপিএলে অসাধারণ পারফর্ম করে সেই অসম্ভবকেই সম্ভব করে দেখালেন একজন। অথচ এমন ইতিহাস গড়ার দিনে তাকে কি না প্রশ্ন করা হলো, “প্রতিদিন কতটুকু দুধ পান করেন?”
এমনিতে এই প্রশ্ন অবান্তর। কিন্তু যাকে করা হলো, তার ক্ষেত্রে খুব মানিয়ে যায়। বৈভাব সুরিয়াভানশিকে দেখলে তো ‘নাক টিপলে দুধ বেরোয়’ বলেই মনে হয়!
আইপিএলের সমাপনীতে একের পর এক পুরস্কার জয়ের পর ধারাভাষ্যকার ও সঞ্চালক রাভি শাস্ত্রির ওই প্রশ্নে অবশ্য বেশ লজ্জা পেয়ে গেলেন ভারতের বিস্ময় বালক। মাথা নিচু করে লাজুক হাসিতে ১৫ বছর বয়সী তারকা বললেন, “না স্যার, এখন দুধ পান করি না…।”
এখানে তাকে নিয়ে খানিকটা মজা করা হলেও ক্রিকেটের ২২ গজে চিত্রটা ভিন্ন। দুনিয়ার সেরা বোলারদের ওপর ছড়ি ঘোরান তিনি। গত আইপিএলে কিছুটা ‘ট্রেলার’ দেখিয়ে এবার তিনি দেখিয়েছেন গোটা সিনেমা। একের পর এক ম্যাচে বোলারদের তুলাধুনা করে চিনিয়েছেন নিজের জাত। টুর্নামেন্ট শেষে তাই তার হাত উপজে পড়েছে ট্রফিতে আর অর্জন সমৃদ্ধ হয়েছে স্বীকৃতিতে।
১৬ ইনিংসে ৭৭৬ রান করেছেন তিনি এবার। ‘ইমার্জিং ক্রিকেটার অব দা সিজন’ পুরস্কার জয়ে তার কোনো প্রতিদ্বন্দ্বিই ছিল না। রেকর্ড ৭২ ছক্কা মেরে জিতেছেন ‘সুপার সিক্সেস অব দা সিজন’ পুরস্কারও। দুইয়ে থাকা আভিষেক শার্মার চেয়ে ছক্কা মেরেছেন তিনি ২৯টি বেশি!
এবারের মৌসুমে তার স্ট্রাইক রেট ২৩৭.৩০ স্ট্রাইক রেট, যা তাকে এনে দিয়েছে ‘সুপার স্ট্রাইকার অব দা সিজন’ পুরস্কার। এই আসরে অন্তত ৫ বল খেলেছেন বা ১৫ রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে তার ধারেকাছে নেই কারও স্ট্রাইক রেট।
আইপিএলে নিজের দ্বিতীয় মৌসুম আর প্রথম পূর্ণাঙ্গ মৌসুমেই তার মাথায় শোভা পাচ্ছে ‘অরেঞ্জ ক্যাপ’, আসরের সর্বোচ্চ রানের স্বীকৃতি।
টুর্নামেন্ট সেরা নির্ধারণে যে পয়েন্ট সিস্টেম আছে, সেখানেও তিনি সবার ওপরে। আসরের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও তাই পেয়েছেন।
এই প্রথম আইপিএলে একইসঙ্গে ইমার্জিং ক্রিকেটার ও মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার হলেন কেউ।
সব মিলিয়ে এ দিন তিনি জিতেছেন পাঁচটি পুরস্কার।
সুরিয়াভানশির দল ফাইনালে উঠতে না পারলেও আহমেদাবাদে তিনি উপস্থিত হয়ে পুরস্কারগুলো নিজের হাতেই নিলেন। পরে মাইক্রোফোন হাতে মুখোমুখি হলেন রাভি শাস্ত্রির। সেখানে মৃদু কণ্ঠে বললেন, “ভালো লাগছে… তবে কিছুটা চাপ অনুভব করছি, কারণ সাক্ষাৎকার দিতে এসেছি…! গর্বের মুহূর্ত আমার জন্য, ভালো লাগছে। চেষ্টা করব পরের মৌসুমে আরও ভালো করতে।”
সুরিয়াভানশির কথা শুনে রাভি শাস্ত্রি যেন আকাশ থেকে পড়লেন। কণ্ঠে প্রচণ্ড বিস্ময় নিয়ে তিনি বললেন, “আপনার ডিকশনারিতে তাহলে চাপ শব্দটি আছে!”
শাস্ত্রির এমন বিস্ময়ের কারণ আছে বটে। ব্যাট হাতে মাঠে নামলে তো চাপ বলে কিছু টের পাওয়া যায় না তাকে দেখে! দুনিয়ার তাবত বোলারকে মেরে তক্তা বানিয়ে ছাড়েন তিনি। জাসপ্রিত বুমরাহ হোক বা জশ হেইজেলউড কিংবা যত বড় নাম বা ভালো বোলারই হোক, প্রথম বলেই চার-ছক্কায় উড়িয়ে দিতে তার জুড়ি নেই। সেই সুরিয়াভানশি কি না কথা বলতে এসে চাপ অনুভব করছেন!
সুযোগ পেয়ে শাস্ত্রি বললেন, “বোলারদের এভাবে পেটান, এমনভাবে ছক্কা মারেন, যেন তারা চলেই না… প্রতিদিন কতটুকু দুধ পান করেন?”
মজাটুকু শেষে শাস্ত্রি জিজ্ঞেস করলেন, প্রথম বল থেকেই চড়াও হওয়া নিয়ে। সুরিয়াভানশি বললেন, এটিই তার খেলার ধরন।
“চেষ্টা করি (শুরু থেকে মারতে), নিজের খেলায় ভরসা রাখি। যদি মনে হয় যে, প্রথম বল আমার নাগালে আছে, আমি মারতে পারি, তাহলে সবটুকু দিয়ে চেষ্টা করি মারতে এবং সেভাবেই খেলার চেষ্টা করি।”
গত মৌসুমে একটি সেঞ্চুরিসহ ৭ ম্যাচে ২৫২ রান করেছিলেন তিনি ২০৬.৫৫ স্ট্রাইক রেটে। অনেকেরই ধারণা ছিল, এবার কঠিন পরীক্ষায় পড়তে হবে তাকে। কিন্তু এবার তিনি অসাধারণ ব্যাটিংয়ে ক্রিকেট বিশ্বজুড়ে তোলপাড় ফেলে দিলেন আরও।
সেই পরিক্রমায় এবারের মৌসুম থেকে কী কী শিখেছেন, তুলে ধরলেন তিনি।
“চাপের ম্যাচগুলোয় কীভাবে খেলতে হয়, নিজের খেলা কখন কোন পরিস্থিতিতে বদলাতে হয়, সবসময় তো একই ধরনে খেলা যায় না, ম্যাচ পরিস্থিতি বুঝে খেলতে হয়, দলের চাহিদা অনুযায়ী খেলতে হয়… এসব অনেক শিখেছি এবার, বিশেষ করে প্লেঅফের ম্যাচগুলোয়।”
সামনে এগিয়ে যাওয়ার পথে ফিটনেস নিয়ে আরও খাটুনির প্রত্যয় শোনালেন সুরিয়াভানশি।
“এসব ব্যাপারে (ফিটনেস) খেয়াল রাখতে হবে। লম্বা সময় খেলতে হলে ইনজুরি বা এসব থেকে বাঁচার জন্য ফিটনেস নিয়ে আরও কাজ করতে হবে এবং সামনের দিকে মনোযোগ রাখতে হবে।”
২০২৪ সালের নভেম্বরে আইপিএলে নিলামে মাত্র ১৩ বছর বয়সে তাকে ১ কোটি ১০ লাখ রুপিতে নিয়েছিল রাজস্থান রয়্যালস। এরপর থেকে এই দলেই নিজেকে শাণিত করে তুলছেন তিনি। উঠতি ক্রিকেটারদের জন্য বরাবরই আদর্শ ফ্র্যাঞ্চাইজি মনে করা হয় এটিকে। সুরিয়াভানশি নিজেও এখানে স্বস্তিতেই আছেন।
“সবাই খুবই সমর্থন করেন, সবাই আমার পাশে থাকেন, সিনিয়র ক্রিকেটার যত আছেন, সাপোর্ট স্টাফ যারা আছেন, সবাই আমাকে অনু্প্রেরণা দেন। অনেক কিছু শিখতেও পারি, কারণ সবাই সিনিয়র ক্রিকেটার, অনেক ভালো পর্যায়ে খেলে এসেছেন তারা। সব মিলিয়ে বেশ ভালো পরিবেশ দলে।”
সামনে সুরিয়াভানশিকে দেখা যাবে ভারতের ‘এ’ দলে। যদিও সুনিল গাভাস্কার, কুমার সাঙ্গাকারা, বিরেন্দার শেবাগের মতো কিংবদন্তিরা বলেই দিয়েছেন, ভারতের জাতীয় দলের জন্যও প্রস্তুত হয়ে গেছেন এই বিস্ময়-বালক।
