২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ঘরের মাঠে বিশ্বকাপ জিতে ক্যারিয়ার শেষ করতে চান মিলার

ওয়ানডে বিশ্বকাপের দলে জায়গা পেতে এবং দেশকে শিরোপা জেতাতে নিজের সর্বোচ্চটা দিতে চান অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

ঘরের মাঠে বিশ্বকাপ জিতে ক্যারিয়ার শেষ করতে চান মিলার
ডেভিড মিলার। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2026, 05:42 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর কাটিয়ে ফেলেছেন ডেভিড মিলার। কিন্তু এখনও আইসিসির কোনো শিরোপা জয়ের স্বাদ পাননি তিনি। পরের বছর ঘরের মাঠের ওয়ানডে বিশ্বকাপ জিতেই সেই অপূর্ণতা ঘোচাতে চান দক্ষিণ আফ্রিকার এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে হবে ওয়ানডে বিশ্বকাপের চতুর্দশ আসর। ২০১০ সালে মিলারের আন্তর্জাতিক অভিষেকের পর এই প্রথম দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে পুরুষদের কোনো আইসিসি টুর্নামেন্ট।

আর এ নিয়ে আফ্রিকা মহাদেশে দ্বিতীয়বারের মতো বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের আসর। ২০০৩ সালের আসরটিতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে আয়োজক ছিল জিম্বাবুয়ে ও কেনিয়া। সেবার ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া।

ওয়ানডে বিশ্বকাপের সবশেষ তিনটি আসরেই (২০১৫, ২০১৯ ও ২০২৩) দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন মিলার। এই প্রতিযোগিতায় দুটি সেঞ্চুরি আছে তার; ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এবং গত আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

গত বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দক্ষিণ আফ্রিকা দলেও ছিলেন মিলার। নিউ জিল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে অপরাজিত সেঞ্চুরিও করেছিলেন তিনি। তবে সেই ম্যাচে হেরে ফাইনালে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

দুই বছর আগে আইসিসি শিরোপা জেতার খুব কাছে ছিলেন মিলার। কিন্তু ২০২৪ সালের ওই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে অল্পের জন্য হেরে যায় দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে লক্ষ্য তাড়ায় ২১ রান করেছিলেন মিলার।

গত বছর প্রথমবারের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পর দক্ষিণ আফ্রিকার আত্মবিশ্বাস এখন তুঙ্গে। পরের ওয়ানডে বিশ্বকাপটি আবার ঘরের মাঠে। সব মিলিয়ে, শিরোপা জয়ের ভালো সুযোগ দেখছেন ৩৭ বছর বয়সী মিলার। আত্মবিশ্বাসী কণ্ঠে জিওস্টারকে সেই কথাই বললেন তিনি।

“এটার (২০২৭ বিশ্বকাপ) জন্য আমি সত্যিই মুখিয়ে আছি। আমার জন্য এটা এমন একটা লক্ষ্য, যা আমি অর্জন করতে চাই। ক্যারিয়ারের শেষ দিকে এসে ট্রফি দিয়ে ইতি টানতে পারলে দারুণ হবে। তাই আমার লক্ষ্য থাকবে যেন সেই বিশ্বকাপ দলের অংশ হতে পারি।”

সবশেষ তিনটি ওয়ানডে বিশ্বকাপে খেললেও, এবার যে দলে জায়গা পাওয়া কঠিন হবে ভালো করেই জানেন মিলার। ক্যারিয়ারের গোধূলি বেলায় থাকা এই ক্রিকেটার বিশ্বকাপ দলে জায়গা করে নিতে নিজের সর্বোচ্চটা দিতে চান।

“এটা (দলে জায়গা) কখনোই নিশ্চিত নয়। এখন থেকে বিশ্বকাপ পর্যন্ত আমার সম্পূর্ণ মনোযোগ থাকবে, দলে জায়গা করে নেওয়ার এবং যতটা সম্ভব অবদান রাখার দিকে।

ঘরের মাঠে, সমর্থকদের সামনে এবং এতদিন ধরে যে মাঠগুলোতে খেলেছি, সেখানে বিশ্বকাপ খেলাটা অবশ্যই খুবই বিশেষ হবে। তাই সেই দলের অংশ হতে পারলে দারুণ লাগবে।”

এখন পর্যন্ত ১৭৮ ওয়ানডে খেলে ৪২.৩০ গড়ে ৪ হাজার ৬১১ রান করেছেন মিলার। সাতটি সেঞ্চুরির সঙ্গে ফিফটি করেছেন ২৪টি। আর দেশের জার্সিতে ১৪০ টি-টোয়েন্টি খেলে তার রান ২ হাজার ৮০৪, স্ট্রাইক রেট ১৪১.৪০। সেঞ্চুরি আছে দুটি, ফিফটি নয়টি।