গত বিশ্বকাপ থেকে ‘মুভ অন’ করে ভাবনায় পরের বিশ্বকাপ
অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে তাকিয়ে টি-টোয়েন্টি দলে পরীক্ষা-নিরীক্ষা করা হবে, জানালেন বাংলাদেশ অনিায়ক লিটন কুমার দাস।
হতে পারত এটি বিশ্বকাপের বছর। কিন্তু হয়ে গেছে বিশ্বকাপ না খেলার বছর। বছরের চতুর্থ মাসের শেষ দিকে এসে অবশেষে দেখা যাবে টি-টোয়েন্টির বাংলাদেশকে। নতুন বছরে দল নামবে নতুন জার্সি গায়ে। সঙ্গে আছে নতুন ভাবনাও। গত বছর এই সংস্করণে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেনি বাংলাদেশ দল। তবে এখন যেহেতু বিশ্বকাপ বেশ দূরে, টি-টোয়েন্টিতে নতুন ক্রিকেটার ও নতুন কৌশল বাজিয়ে দেখবে দল।
সেই দৃষ্টিভঙ্গির ছাপ দেখা গেছে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড বাছাইয়েও। টি-টোয়েন্টিতে দলের সবচেয়ে বড় তারকা মুস্তাফিজুর রহমান ও অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে। গতি তারকা নাহিদ রানাকেও রাখা হয়নি। সুযোগ দেওয়া হয়েছে উঠতি দুই পেসার রিপন মন্ডল ও আব্দুল গাফফার সাকলাইনকে।
ব্যাটিংয়ে অবশ্য নতুন কাউকে নেওয়া হয়নি। কিউইদের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন অধিনায়ক লিটন কুমার দাস ব্যাখ্যা করলেন তাদের ভাবনা।
“বোলারদের ক্ষেত্রে রোটেট করে খেলানোটা খুবই সহজ। আপনারাও জানেন যে, (এই সিরিজে) দুজন নাই, তারা বাংলাদেশের জন্য বড় সম্পদ। আমি চাই না তারা টানা ক্রিকেট খেলে ইনজুরিতে পড়ে শেষ হয়ে যাক। কারণ সামনে আমাদের ওয়ানডে ফরম্যাটে অনেক খেলা আছে, টেস্টও আছে। এ দিক দিয়ে চিন্তা করেই আমরা কিছু কিছু জিনিসে বদল আনা শুরু করেছি।”
“যেহেতু বিশ্বকাপ অনেক দেরি, ক্রিকেটারগুলোকে গড়ে তোলার জন্য এখনও যথেষ্ট সময় আছে। ম্যাচ খেলানোর জন্য এটা একটা ভালো সুযোগ।”
সাকলাইনকে দলে নেওয়ার পেছনে শুধু তার বোলিংই নয়, ভাবনায় আছে তার ব্যাটিংও। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে, যেখানে একজন পেস বোলিং অলরাউন্ডার বাংলাদেশের লাগবেই।
লিটন জানালেন, ওখানকার কন্ডিশন ভাবনায় রেখেই তারা দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন।
“আমাদের মূল লক্ষ্য যে বিশ্বকাপ, ২০২৮ সালে, সেটা তো আমরা জানি যে এশিয়াতে নয়। তাই ওভাবেই চিন্তাভাবনা করব। যেহেতু আমাদের একটা বন্ডিং হয়েছিল খুবই ভালো, গত বিশ্বকাপের প্রস্তুতিও খুব ভালো ছিল, চেষ্টা করব ওখান থেকেই যেন দলটাকে ভালো করে ধরে রাখা যায়।”
আগামী বিশ্বকাপের ভাবনা শুরু হয়ে গেছে বটে, তবে গত বিশ্বকাপের ‘ট্রমা’ থেকে ক্রিকেটাররা বের হতে পেরেছেন কি না, সেটিও প্রশ্ন। বিশ্বকাপ খেলতে না পেরে লিটনরা যে তীব্র হতাশায় মুষড়ে পড়েছিলেন, সেটা তো আর অজানা নয়। হতাশা, ক্ষোভ, অসহায়ত্ব্, সবই ছিল তাদের।
তবে সময়ের স্রোতে সেসব মুছে গেছে বলেই দাবি করলেন লিটন।
“আমার মনে হয়, অবশ্যই মুভ অন করেছে। কারণ বিশ্বকাপের সময়টাতেও আমরা একটা টুর্নামেন্ট খেলেছি, যেখানে ছেলেরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করেছে। সবচেয়ে বড় ব্যাপার হলো, আন্তর্জাতিক ম্যাচ প্রত্যেকটি ক্রিকেটারের জন্য জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় তারা ওভাবেই চিন্তা করবে এবং বাংলাদেশের হয়ে খেলার জন্য যে জয়ী মানসিকতাটা দরকার, সেটা নিয়েই মাঠে নামবে।”
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ ফিরছে ৫ মাস পর। সামনে বিশ্বকাপ নেই বলে এই বছর খুব বেশি টি-টোয়েন্টি নেই বাংলাদেশের। তবে যে সিরিজগুলি আছে, সবই শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে। লিটনের মতে, দলটাকে গড়ে তুলতে সহায়তা করবে এই সিরিজগুলো।
“অনেকদিন পর আমরা আবার টি-টোয়েন্টি ফরম্যাট খেলছি। প্রথম দিকে আমরা কোনো বাড়তি চাপ দিতে চাচ্ছি না। দুই-একটা ম্যাচ খেললে যে যার জায়গা থেকে অটোমেটিক বুঝতে পারবে। কারণ এখানে সেটআপেরও বিষয় আছে। ভালো দিক হলো, এই বছরের তিনটি সিরিজই ভালো দলের সঙ্গে এবং ব্যাক টু ব্যাক সিরিজ আছে। এটা একটা ইতিবাচক ব্যাপার যে, একবার খেললে পরের সিরিজটাও আমাদের জন্য তুলনামূলকভাবে সহজ হয়ে যাবে।”
লিটন যেভাবে বলেছেন, ততটা পিঠেপিঠি অবশ্য নয় সিরিজগুলো। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জুনে, ভারতের বিপক্ষে সিরিজটি সেপ্টেম্বরে। এর ফাঁকে অন্যান্য সংস্করণে সিরিজ আছে দেশের ভেতরে ও বাইরে।
নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি চট্টগ্রামে শুরু সোমবার দুপুর ২টায়।
