হেডিংলি টেস্টের শেষ দিনে বৃষ্টির শঙ্কা
আবহাওয়ার পূর্বাভাস বলছে, দিনের খেলা শুরুর আগেই লিডসে হানা দিতে পারে বৃষ্টি।
শেষ দিনের রোমাঞ্চকর এক মোড়ে দাঁড়িয়ে ইংল্যান্ড-ভারতের হেডিংলি টেস্ট। তবে সেই উত্তেজনায় বাধ সাধতে পারে প্রকৃতি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, দিনের খেলা শুরুর আগেই হানা দিতে পারে বৃষ্টি।
লিডসে স্থানীয় সময় সকাল ১১টায় শুরু হবে শেষ দিনের খেলা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এর আগেই বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, সারা দিন আরও কয়েক দফায় হানা দিতে পারে বৃষ্টি।
আবহাওয়ার পূর্বাভাস সত্যি হলে, দিনের খেলা বাধাগ্রস্ত হবে বারবার। সেটা ম্যাচটিকে নিয়ে যাবে ড্রয়ের দিকে।
ইংল্যান্ড ও ভারত দুই দলই ফল বের করার আশায় আছে। চতুর্থ দিনের খেলা শেষে ইংলিশ পেসার জশ টং বলেছেন, তারা জয় ছাড়া কিছু চিন্তা করছেন না।
“আমরা স্রেফ জেতার জন্য মাঠে নামব। ড্রেসিং রুমের এটাই পরিষ্কার বার্তা।”
ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিং করে প্রথম ইনিংসে ৪৭১ রান করে ভারত। পরে ইংলিশদের ৪৬৫ রানে থামিয়ে ৬ রানের লিড নেয় তারা। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ৩৬৪ রান করে স্বাগতিকদের ৩৭১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় সফরকারীরা।
কোনো উইকেট না হারিয়ে ২১ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে ইংল্যান্ড। শেষ দিনে তাদের চাই আরও ৩৫০ রান। টেস্টে যে আগ্রাসী ক্রিকেট খেলছে ইংল্যান্ড, তাতে এক দিনে এই রান করা তাদের জন্য কঠিন কিছু নয়। ভারতের লোকেশ রাহুলও বলেছেন একই কথা।
“ফলাফল অবশ্যই আসবে। ইংল্যান্ড এটা খুব স্পষ্টভাবে বলেছে। আর তাদের ক্রিকেট খেলার ধরনও সেটাই ইঙ্গিত দেয়। আর এটা আমাদেরকে তাদের ১০ উইকেট নেওয়ার ভালো সুযোগ দেবে। আমরা জানি, পঞ্চম দিনে তারা কীভাবে ব্যাটিং করবে।”
