‘নেতৃত্ব ছাড়ার পর উদযাপন করেছি’, কোহলিকে শোনালেন গাভাস্কার
নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর নিজের খেলায় মনোযোগ দেওয়া উচিত, কোহলিকে বললেন সুনিল গাভাস্কার।
বিরাট কোহলির আক্ষেপের কথা খুব একটা স্পর্শ করেনি সুনিল গাভাস্কারকে। ভারতের তারকা ব্যাটসম্যানের কথা শুনে বরং কিছুটা কৌতুক করলেন এই ভারতীয় কিংবদন্তি। পাশাপাশি তিনি কোহলির কাছে সরাসরি জানতে চাইলেন নাম। নিজের ক্যারিয়ারের গল্পও শোনালেন গাভাস্কার, যখন তিনি নেতৃত্ব ছেড়ে হতাশায় না ডুবে ব্যস্ত ছিলেন আনন্দ আয়োজনে।
এশিয়া কাপের ম্যাচে রোববার পাকিস্তানের বিপক্ষে দারুণ ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে নিজের কিছু আক্ষেপের কথা বলেন কোহলি। মানসিক অবসাদের সঙ্গে নিজের লড়াইয়ের দিনগুলির কথা মনে করে তিনি বলেন, টেস্ট নেতৃত্ব ছাড়ার পর কেবল মহেন্দ্র সিং ধোনি ছাড়া আর কারও ম্যাসেজ তিনি পাননি। টিভিতে অনেকে অনেক কথা বললেও তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেননি আর কেউ।
কোহলি কারও নাম উল্লেখ করেননি। তবে গাভাস্কার, কপিল দেব থেকে শুরু করে ভারতের অনেক তারকাই সংবাদমাধ্যমে নানা সময়ে কথা বলেছেন কোহলিকে নিয়ে। সেদিক থেকে তির গাভাস্কারের দিকেও ছুটে যায়।
স্পোর্টস তাক-এর সঙ্গে আলোচনায় গাভাস্কার অবশ্য কোহলির আবেগের কথাগুলিকে বেশ হালকা চালেই নিলেন।
“এটা বলা খুব কঠিন যে বিরাট কাদেরকে বোঝাতে চাচ্ছে। সে যদি কারও নাম বলত, তাহলে তার কাছে গিয়ে জিজ্ঞেস করা যেত যে যোগাযোগ করেছে কিনা। যা শুনতে পারলাম যে সে বলেছে, টেস্টের নেতৃত্ব ছাড়ার পর শুধু ধোনির ম্যাসেজ পেয়েছে। তার উচিত ছিল নাম উল্লেখ করে বলা, তাহলে গিয়ে জিজ্ঞেস করা যেত, ‘কী ভাই, কোনো ম্যাসেজ করেননি!”
পরে অবশ্য গাভাস্কার একটু সিরিয়াস হলে বললেন, কারও কাছ থেকে কোনো বার্তা পাওয়ার আশা না করে কোহলির উচিত নিজের কাজে মন দেওয়া। তিনি উদাহরণ দিলেন নিজের ক্যারিয়ার দিয়েও।
“কোনো ধরনের ম্যাসেজের আশায় ছিল সে? প্রেরণাদায়ক? কিন্তু যখন তার টেস্টের নেতৃত্ব শেষ, তখন প্রেরণা আর কী লাগতে পারে! ওই অধ্যায় তো শেষ। এখন তুমি শুধু ক্রিকেটার হিসেবে দলে আছো, সেদিকেই মনোযোগ দাও। অধিনায়ক থাকলে সতীর্থদের কথা ভাবতে হয়। অধিনায়কত্ব শেষ হয়ে গেলে নিজের খেলা নিয়ে ভাবো।”
“১৯৮৫ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পর আমি নেতৃত্ব ছেড়ে দেই। সেই রাতে আমরা উদযাপন করেছি, পরস্পরকে আলিঙ্গন করেছি, আর কী করতে পারি!”
