২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ বলে ব্রেসির অবিশ্বাস্য ক্যাচ, ৫৯৩ রান তাড়ায় নাটকীয় ‘টাই’

বিশ্ব রেকর্ড গড়ার দুয়ারে গিয়েও অল্পের জন্য পারল না গ্ল্যামরগন।

শেষ বলে ব্রেসির অবিশ্বাস্য ক্যাচ, ৫৯৩ রান তাড়ায় নাটকীয় ‘টাই’
হারের মুখ থেকে ম্যাচ বাঁচিয়ে ফেলেছে গ্লস্টারশায়ার। ছবি: গ্লস্টারশায়ার ক্রিকেট এক্স পাতা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2024, 01:45 AM

Updated : 10 Sep 2026, 12:10 PM

ম্যাচের শেষ বল। জয়ের জন্য গ্ল্যামরগনের দরকার ১ রান। গ্লস্টারশায়ারের কিপার জেমস ব্রেসি খুলে ফেলেছেন ডান হাতের গ্লাভস। পেসার আজিত সিং ডেলের লেংথ বল জেমি ম্যাকলরয়ের ব্যাটের কানায় লেগে গেল উইকেটের পেছনে। শরীরের একটু পেছন দিকে শূন্য লাফিয়ে দারুণ ক্ষিপ্রতায় গ্লাভস খুলে ফেলা এক হাতেই বল মুঠোবন্দি করলেন ব্রেসি। মাটি থেকে উঠে দাঁড়িয়ে বল ফেলে এক ছুটে তিনি চলে গেলেন বাউন্ডারির কাছে! তার পেছনে তখন সতীর্থরা। বিশ্ব রেকর্ড গড়ার দুয়ারে গিয়েও অল্পের জন্য জিততে পারল না গ্ল্যামরগন। রোমাঞ্চ-উত্তেজনার ভেলায় ভেসে নাটকীয় এক ‘টাই’ দেখল কাউন্টি ক্রিকেট।  

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপ ‘ডিভিশন টু’-র এই ম্যাচে ৫৯৩ রানের লক্ষ্য তাড়ায় বুধবার শেষ দিন গ্ল্যামরগনের যখন নবম উইকেট পড়ল, তখনও তাদের দরকার ৩২ রান। শেষ ব্যাটসম্যান ম্যাকলরয়কে সঙ্গে নিয়ে দলকে একটু একটু করে জয়ের পথে এগিয়ে নেন ম্যাসন ক্রেন।

শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল স্রেফ ২ রান। ডেলের প্রথম চার বলে কোনো রান নিতে পারেননি ক্রেন, সিঙ্গেলের সুযোগ থাকলেও তিনি নেননি। পঞ্চম বল তিনি লেগ সাইডে খেলে এক রান নিয়ে স্কোর লেভেল করেন। এরপর শেষ বলে ব্রেসির অসাধারণ ওই ক্যাচ ও ম্যাচ ‘টাই।’

নয় নম্বরে নামা ক্রেন অপরাজিত রয়ে যান ৮৫ বলে ৪৩ রানে।

গ্ল্যামরগন জিততে পারলে প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড হতো এটি। অক্ষত রয়ে গেল ওয়েস্ট জোনের রেকর্ড। ২০১০ সালে ভারতের দুলিপ ট্রফির ম্যাচে সাউথ জোনের বিপক্ষে ৫৩৬ রানের লক্ষ্য তাড়ায় ৩ উইকেট জিতেছিল তারা।

চেল্টেনহ্যামের কলেজ গ্রাউন্ডে গ্ল্যামরগনের ৫৯২ রান প্রথম শ্রেণির ক্রিকেটে চতুর্থ ইনিংসে তৃতীয় সর্বোচ্চ।

গ্ল্যামরগন না পারলেও, ব্রেসি একটি রেকর্ড ঠিকই গড়েন। ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে তিনি উপহার দেন অপরাজিত ২০৪ রানের ইনিংস। উইকেটের পেছনে দুই ইনিংসেই ক্যাচ নেন পাঁচটি করে। প্রথম শ্রেণির ক্রিকেটে এক ম্যাচে ডাবল সেঞ্চুরি ও অন্তত ১০টি ক্যাচ নেওয়া প্রথম ক্রিকেটার তিনিই। 

এই ম্যাচে দুই দলের প্রথম ইনিংসে অবশ্য রানের জোয়ার ছিল না। গ্লস্টারশায়ারের ১৭৯ রানের জবাবে গ্ল্যামরগন অল আউট হয় ১৯৭ রানে। ব্রেসির দ্বিশতক, ক্যামেরন ব্যানক্রফট ও মাইলস হ্যামন্ডের শতকে গ্লস্টারশায়ার দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৫ উইকেটে ৬১০ রানে। বিশাল লক্ষ্য তাড়ায় মার্নাস লাবুশেন ও স্যাম নর্থইস্টের শতক এবং অন্যদের অবদানে সম্ভাবনা জাগিয়েও পারল না গ্ল্যামরগন।