২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিকের পর লিটনের সেঞ্চুরি

শততম টেস্টে মুশফিকুর রহিমের শতরান ছোঁয়ার দিনে দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি করেছেন লিটন কুমার দাসও।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2025, 12:33 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

এই টেস্টে মুশফিকুর রহিমের আলোয় এমনিতে ম্লান আর সবকিছুই। তবে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে নিজের উপস্থিতি তীব্রভাবেই জানান দিলেন লিটন কুমার দাস। মুশফিকের শততম টেস্টে দারুণ সেঞ্চুরি উপহার দিলেন এই কিপার-ব্যাটসম্যানও।

আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে মুশফিকের পর তিন অঙ্ক স্পর্শ করেন লিটন।

ব্যক্তিগত একটি মাইলফলক স্পর্শ করেন তিনি ম্যাচের প্রথম দিনই। ২ হাজার ৯৮৯ রান নিয়ে তিনি শুরু করেছিলেন এই ম্যাচ। ১১ রানেরই সেই দূরত্ব ঘুচিয়ে বাংলাদেশের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করেন তিন হাজার রান। সেই ইনিংসকেই এগিয়ে নিয়ে তিনি পৌঁছে গেলেন পঞ্চম টেস্ট সেঞ্চুরিতে। 

লিটনের এই সেঞ্চুরিটি এলো ১৫ ইনিংস পর। তার আগের সেঞ্চুরিটি ছিল পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে গত বছরের অগাস্টে। 

প্রথম দিনের শেষে যখন মুশফিক অপরাজিত ছিলেন ৯৯ রানে, লিটন দিন শেষ করেন ৪৭ রানে। নতুন দিনে এক ওভারেই মাইলফলকে পা রাখেন দুজন। দিনের দ্বিতীয় ওভারে শতরানে পৌঁছে যান মুশফিক, পরের বলেই চার মেরে ফিফটি করে ফেলেন লিটন।

দুজনের জুটিতে শতরান আসে ১৮৭ বলে। 

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শতরানের জুটির রেকর্ড আগে থেকেই ছিল এই দুজনের। সেটিই আরেকটু সমৃদ্ধ করেন তারা। দুজনের সপ্তম শতরানের বন্ধন এটি। 

দুজন একসঙ্গে ২৬ বার জুটি গড়ে ১৩টিকেই নিতে পেরেছেন অর্ধশত রানের সীমানায়। 

পরের অংশে লিটন সঙ্গী পান ছয়ে নামা মেহেদী হাসান মিরাজকে। এই জুটিও পেরিয়ে যায় পঞ্চাশ।

শুরু থেকেই আইরিশ স্পিন আক্রমনের বিপক্ষে সাবলীল ছিলেন লিটন। প্রতিটি শটে তার আত্মবিশ্বাস আর নিয়ন্ত্রণ ছিল ছিল স্পষ্ট। দুর্বল আইরিশ বোলিংয়ের বিপক্ষে যেভাবে খেলা উচিত, তেমন দাপটই ছিল তার ব্যাটে। এমনকি ৯০ পেরিয়েও তিনি ছিলেন সাহসী। ৯১ থেকে বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিজকে মাথার ওপর দিয়ে ছক্কায় উড়িয়ে পৌঁছে যান শতরানের কাছে। শটটি খেলে মুষ্টিবদ্ধ হাত বাতাতে ছুড়তে দেখা যায় তাকে। নিশ্চয়ই ওই শট তাকে দারুণ তৃপ্তিই দিয়েছে।

পরের ওভারে লেগ স্পিনার গ্যাভিন হোয়েকে প্যাডল সুইপে চার মেরে তিনি পৌঁছে যান তিন অঙ্কে। 

৭ চার ও ২ ছক্কায় ১৫৮ বলে আসে তার এই সেঞ্চুরি। 

মিরাজকে সঙ্গী করে লাঞ্চের পরও ছুটে চলেছেন লিটন।