অ্যাশেজ
Published : 15 Dec 2025, 03:59 PM
অ্যাশেজের তৃতীয় টেস্টের জন্য একাদশে একটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। পেসার গাস অ্যাটকিনসনকে বাদ দিয়ে আরেক পেসার জশ টংকে ফিরিয়েছে তারা।
আগামী বুধবার অ্যাডেলেইডে শুরু ম্যাচটি। প্রথম দুই টেস্টেই হেরে যাওয়া ইংলিশরা সোমবার ঘোষণা করেছে একাদশ।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্ট খেলে তেমন কিছুই করতে পারেননি অ্যাটকিনসন। পার্থে তো কোনো শিকারই ধরতে পারেননি তিনি। ব্রিজবেনে গোলাপি বলের টেস্টে দুই ইনিংসে নেন ৩ উইকেট।
দুই ম্যাচে ৫৪ ওভার বোলিং করা অ্যাটকিনসনের গড় ৭৮.৬৬, সিরিজে ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে বাজে। শুধু তাই নয়, তার বলের গতিও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
সব মিলিয়ে, ১৫ টেস্ট খেলে ৬৬ উইকেট নেওয়া ডানহাতি এই পেসারকে একাদশ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকস।
গত অগাস্টে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের ৬ টেস্টের সবশেষটি খেলেন টং। এখন পর্যন্ত এই সংস্করণে ৩১ উইকেট নিয়েছেন তিনি ৩০ গড়ে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামবেন টং। গত অ্যাশেজে লর্ডসে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। ওই ম্যাচে দুই ইনিংসেই স্টিভেন স্মিথকে আউট করেছিলেন ২৮ বছর বয়সী এই পেসার।
সব মিলিয়ে, স্মিথকে মোট চারবার আউট করতে পেরেছেন টং। ২০২৩ সালের কাউন্টি চ্যাম্পিয়নশিপে একবার আর দা হান্ড্রেডের গত আসরে একবার।
অ্যাডিলেইডেই সবচেয়ে বেশি সাহায্য পেতে পারেন স্পিনাররা। তবুও একাদশে বিশেষজ্ঞ কোনো স্পিনার রাখেনি ইংল্যান্ড। তাই শোয়েব বাশিরের খেলা হচ্ছে না এই ম্যাচেও। উইল জ্যাকসের সঙ্গে জো রুটকে দিয়ে স্পিনের কাজটি চালিয়ে নিতে হবে তাদের।
ব্রিজবেনে এক ইনিংসে বোলিং করে এক উইকেট নিয়েছিলেন জ্যাকস। পার্থে এক ওভার বোলিং করলেও ব্রিজবেনে কোনো বল করেননি রুট।
অ্যাডিলেইড টেস্টের ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), উইল জ্যাকস, ব্রাইডন কার্স, জফ্রা আর্চার, জশ টং।