২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ ও দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে চান নতুন বিসিবি সভাপতি

সততার সঙ্গে কাজ করে দেশের মুখ উজ্জ্বল করতে চান বিসিবির নতুন সভাপতি সাবেক জাতীয় অধিনায়ক ফারুক আহমেদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2024, 01:58 PM

Updated : 26 Aug 2026, 10:18 AM

সততার সঙ্গে দায়িত্ব পালন করতে চান বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। কাজ করার অনেক জায়গাও দেখছেন তিনি। বাংলাদেশের সাবেক অধিনায়কের বিশ্বাস, দেশ ও দেশের ক্রিকেট দলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিলে সব কাজই সহজ হয়ে উঠবে।

বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ছোট্ট তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এসব জানান ফারুক।

দীর্ঘ প্রায় এক যুগ বিসিবি সভাপতির দায়িত্ব পালন করার পর বুধবার পদত্যাগ করেন নাজমুল হাসান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির জরুরি সভায় নতুন সভাপতি হিসেবে বরণ করে নেওয়া হয় ফারুক আহমেদকে।

সভাপতির দায়িত্ব নেওয়ার পর সভায় উপস্থিত বিসিবি পরিচালকদের সামনে বক্তৃতা দেন ফারুক। সবাইকে তিনি অনুরোধ করেন, দেশ ও দেশের ক্রিকেটকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে।

“আমার নতুন দায়িত্ব। চেষ্টা করব সততার সঙ্গে দায়িত্ব পালন করতে। একটা জিনিস সবার মাথায় যদি আপনারা ঢুকিয়ে নেন, সবার আগে যদি দেশটার কথা চিন্তা করেন… আমাদের বাংলাদেশ এবং এরপর বাংলাদেশ দল, তাহলে কিন্তু অনেক জিনিস সহজ হয়ে যাবে আপনাদের জন্য। কী হয়েছে না হয়েছে, আমরা সবাই জানি। এখন ভাবতে হবে আজকে এবং ভবিষ্যতের কথা।”

সভাশেষে বিসিবির মিডিয়া বিভাগের সঙ্গে ফারুকের তাৎক্ষনিক প্রতিক্রিয়াতেও মিশে থাকল একই ধরনের কথা। আগের বোর্ডের বিতর্ক ও প্রশ্নকে পেছনে ফেলে দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার প্রত্যয় শোনালেন তিনি।

“লক্ষ্য তো অনেক বড়। প্রথম ও প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি করা, দেশের মুখ উজ্জ্বল করা। পাশাপাশি দলকে একটা জায়গায় দেখতে চাই। এটা তো অনেক বড় একটা ব্যাপার… কীভাবে দেখব। তাই অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন যে, অনেক দিন ধরে কাজ হয়েছে কী হয়নি, অনেক প্রশ্ন আছে। তবে আমাদের প্রথম ও প্রধানতম দায়িত্ব হচ্ছে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।”

“এটা যদি আমরা মাথায় রাখি, বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট দল, তাহলে আমাদের কাজগুলি সহজ হবে। অন্যদিকে আমরা যেন ডাইভার্ট না হয়ে যাই। বাংলাদেশ ক্রিকেট দল ও সার্বিকভাবে দেশ হিসেবে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।”

বিসিবি সভাপতি হিসেবে ফারুক প্রথমবার সংবাদ সম্মেলনে আসবেন বুধবার দুপুর ৩টায়।