২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডেতে ফিরবেন? মুশফিক বললেন, ‘সার্ভিস দরকার হবে না’

বাংলাদেশের ওয়ানডে দলে ফেরার ডাক পেলেও ফেরার প্রয়োজন পড়বে না বলেই মনে করেন মুশফিকুর রহিম।

বিডিনিউজ২৪

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2026, 01:50 PM

Updated : 26 Aug 2026, 03:37 PM

পরদিন শুরু টেস্ট ম্যাচ। মুশফিকুর রহিমের পরিচয় এখন শুধুই টেস্ট ক্রিকেটার। তবু উঠে এলো ওয়ানডে ক্রিকেটের প্রসঙ্গ। তাকে বাংলাদেশের ওয়ানডে দলে ফেরার প্রস্তাব দেওয়া নিয়ে নানা বেশ শোরগোল পড়েছিল কদিন আগে। অভিজ্ঞ ব্যাটসম্যান এবার নিজেই নিশ্চিত করলেন সেটি এবং জানিয়ে রাখলেন, ফেরার দুয়ার খোলার প্রয়োজন তিনি দেখছেন না।

ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সফলতম ব্যাটসম্যান ও দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান মুশফিক। তবে শুধু সংখ্যার নিক্তিতে মাপা যাবে না তার ওয়ানডে ক্যারিয়ারকে। বাংলাদেশের অনেক জয়ের ভিত গড়ে দিয়েছেন তিনি, অনেকবারই তার ব্যাটিং ঘুরিয়ে দিয়েছে ম্যাচর মোড়। 

বছরের পর বছর ধরে দলের মিডল অর্ডারের ভরসা ছিলেন তিনি। তার অভিষেকের পর থেকে ওয়ানডেতে এখনও পর্যন্ত চার নম্বর পজিশনে তার চেয়ে বেশি রান করেছেন কেবল রস টেইলর ও এবি ডি ভিলিয়ার্স।

সেই গৌরবময় পথচলা থেমে গেছে গত বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে। টি-টোয়েন্টির অধ্যায় শেষ হয়ে গেছে তো আগেই। 

তবে গত মাসে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, মুশফিককে ওয়ানডে দলে ফিরে পেতে চান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সেই ভাবনা শেষ পর্যন্ত বাস্তবতার রূপ পায়নি। 

সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে মুশফিক বললেন, ওয়ানডেতে ফেরার দুয়ার বন্ধই রেখেছেন তিনি।

“ওয়ানডে ক্রিকেটে যেটা বললেন, আমার মনে হয় যে…হ্যাঁ, অবশ্যই আমার কাছে এসেছিল বার্তা,  আমি মনে করি যে বাংলাদেশ দল এমন একটা পর্যায়ে এখন আছে এবং ভবিষ্যতেও এমন পর্যায়ে যাবে যে, আমার ওইরকম সার্ভিস দরকার হবে না।”

গত মাসে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে অধিনায়ক মিরাজও এরকম বলেই দিয়েছিলেন যে, মুশফিকের ফেরা হচ্ছে না।

“মুশফিক ভাইয়ের মতো খেলোয়াড় দলে থাকলে অধিনায়কের কাজ সহজ হয়ে যায়। ফিটনেস দেখলে বলা যায় আরও কিছু দিন খেলতে পারতেন তিনি। তবে যেহেতু অবসর নিয়ে ফেলেছেন, এই সিদ্ধান্তকে সম্মান করি। অধিনায়ক হয়ে কথা বলেছিলাম (ফেরার ব্যাপারে), যেহেতু টেস্ট খেলছেন।।”

“তবে অবসর যেহেতু নিয়ে ফেলেছেন, অধিনায়ক হিসেবে একার সিদ্ধান্ত তো না, সবার সিদ্ধান্তের বিষয় আছে। সবার আলোচনার একটা বিষয় ছিল। যেহেতু অবসর নিয়েছেন, এটাকে সম্মান করা উচিত।”