ট্রফি না নিলেও নাকভির সঙ্গে খোশগল্প, সমালোচনার জবাবে যা বলছে বিসিসিআই
মহসিন নাকভির কাছ থেকে ভারতীয় দল ট্রফি না নিলেও ফাইনালের সময় তার সঙ্গে গল্পে মেতে উঠতে দেখা যায় ভারতীয় বোর্ডের দুই কর্তা দেবাজিৎ সাইকিয়া ও রাজিব শুক্লাকে।
এটা কি দ্বিচারিতা নাকি ভণ্ডামি? নাকি দেশপ্রেম আর জাতীয়তাবাদের ধুয়া তুলে জনগনকে ঘোল খাওয়ানো! এমন অনেক প্রশ্নই উঠছে সামাজিক মাধ্যমে। সমালোচনা হচ্ছে সংবাদমাধ্যমেও। মহসিন নাকভির কাছ থেকে ভারতীয় দল ট্রফি নেয়, কিন্তু তার সঙ্গে ঠিকই আন্তরিক ভঙ্গিতে কথা বলছেন ভারতীয় বোর্ডের কর্তারা! সেই কর্তারা অবশ্য বলছেন, এটা ছিল ‘রুটিন আলোচনা।’
দুবাইয়ে গত রোববার উইমেন’স এশিয়া কাপের ফাইনাল শেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি চ্যাম্পিয়ন ভারতীয় দল। রানার্স আপ দলকে পুরস্কার দিয়েই মঞ্চ ছেড়ে যেতে বাধ্য হন নাকভি। গত বছর ছেলেদের এশিয়া কাপ শেষেও চ্যাম্পিয়ন ভারতীয় দল নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি।
উল্লেখ্য যে, এসিসি চেয়ারম্যান নাকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও। তার কাছ থেকে ট্রফি না নেওয়ার পেছনে এই কারণের কথাই বারবার উল্লেখ করেছে ভারতীয় বোর্ড। এবারও ফাইনাল শেষে বোর্ডের সচিব দেবাজিৎ সাইকিয়া বলেছেন, “আমাদের সামরিক সংঘাত এখনও চলছে। আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করা প্রধান নেতাদের একজনের কাছ থেকে আমরা ট্রফি গ্রহণ করতে পারি না।”
কিন্তু এবার ফাইনাল শেষে বক্সের সামনে ব্যালকনিতে সাইকিয়াকে দেখা গেছে নাকভির সঙ্গে কথা বলতে। টিভি পর্দায় ফুটে উঠেছে দজনের হাস্যোজ্জ্বল ও আন্তরিক কথোপকথনের দৃশ্য। সেখানে ছিলেন ভারতীয় বোর্ডের সহ-সভাপতি রাজিব শুক্লাও।
এই দৃশ্যের ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঢেউ বয়ে যায়। কাঠগড়ায় তোলা হয় বোর্ড কর্তাদের, শেষ করে সাইকিয়ার দিকেই আঙুল ওঠে বেশি।
বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে সেই কথোপকথনের ব্যাখ্যা দেন সাইকিয়া।
“এমন নয় যে কারও সঙ্গে আমাদের দেখা হবে না বা করব না। টসের সময় থেকে শুরু করে খেলা শেষ হওয়া পর্যন্ত রয়্যাল বক্সের বাইরে বসেছিলাম আমি। সেখানে বসার পর, পুরো ম্যাচ একই জায়গায় ছিলাম। ম্যাচের সময় যারা এসেছিলেন, সবাই আমার সঙ্গে দেখা করেছেন কথা বলেছেন।
এরকম একজন আমার পাশে এসে বসলেন, তারপর (রাজিব) শুক্লা এসে পাশে বসলেন। আপনি যার কথা বললেন (নাকভি), তিনিও এসে ডেপুটি চেয়ারম্যান খালিদ সাহেবের পাশে বসেছিলেন। এটা একটা সাধারণ রীতি। যখনই কেউ আসেন, আমরা সবার সঙ্গে দেখা করি এবং কথা বলি।”
দেশে ফিরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজিব শুক্লাও দাবি করেন, এটা ছিল স্রেফ ‘রুটিন’ কথোপকথন।
“সাইকিয়াজি যা বলেছেন, একদম সঠিক। যখন কেউ কোনো ম্যাচে থাকেন, তখন অনেকেই সেখানে উপস্থিত থাকেন এবং পেশাগতভাবেই পরস্পরের সঙ্গে কথা হয়, আলোচনা চলে। আমার মনে হয় না, এটা নিয়ে এত সমালোচনা হওয়া উচিত।”
ট্রফি না নেওয়ার সিদ্ধান্ত জানানোর পর নাক প্রতিক্রিয়া কেমন ছিল, সেটিও তুলে ধরলেন শুক্লা।
“নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেই যে, আমরা তার কাছ থেকে এটি (ট্রফি) গ্রহণ করব না। এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত ছিল। তিনিও (নাকভি) এ নিয়ে কোনো আপত্তি তোলেননি। আমরা সেই অনুযায়ী আমাদের দলকে জানিয়েছি এবং যার কাছে এটি দেওয়ার কথা ছিল, তাকে দিয়ে তিনি চলে যান।”
