২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফের ভারতের বাইরে আইপিএলের নিলাম

ডিসেম্বরের মাঝামাঝি আবু ধাবিতে হবে আইপিএলের আসছে আসরের নিলাম।

ফের ভারতের বাইরে আইপিএলের নিলাম
ছবি: বিসিসিআই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 09:54 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

এবারও ভারতে হচ্ছে না আইপিএলের নিলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির আসছে আসরের নিলাম অনুষ্ঠিত হবে আবু ধাবিতে। 

২০২৬ আইপিএল নিলামের দিনক্ষণ বৃহস্পতিবার ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নিলাম। এনিয়ে টানা তৃতীয় বছর বিদেশের মাটিতে হতে যাচ্ছে টুর্নামেন্টটির খেলোয়াড় কেনার অনুষ্ঠান। 

প্রথমবার ২০২৪ আইপিএল আসরের নিলাম হয়েছিল দুবাইয়ে। গত আসরের আগে দুই দিন ব্যাপী মেগা নিলাম অনুষ্ঠিত হয় জেদ্দায়।

অন্য মিনি নিলামের মতো ২০২৬ আসরের নিলামও হবে একদিনে। 

আগামী শনিবারের মধ্যে ২০২৫ সালের স্কোয়াড থেকে কোন ক্রিকেটারদের ছেড়ে দেবে আর কাদের ধরে রাখবে; সেই তালিকা জমা দিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।

‘ট্রেডিং উইন্ডো’ চলবে নিলামের এক সপ্তাহ আগ পর্যন্ত। নিলাম শেষে আসর শুরুর এক মাস আগ পর্যন্ত ফের নিজেদের মধ্যে খেলোয়াড় ‘ট্রেড’ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

তবে এবারের নিলামে কেনা ক্রিকেটারদের নিজেদের মধ্যে কেনা-বেচা করতে পারবে না ফ্রাঞ্চাইজিগুলো।

এবার এখন পর্যন্ত দলগুলোর মধ্যে চারটি ট্রেড সম্পন্ন হওয়ার কথা লিখেছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। দুই অলরাউন্ডার রাভিন্দ্রা জাদেজা ও স্যাম কারানকে দিয়ে রাজস্থান রয়্যালস থেকে সাঞ্জু স্যামসনকে নিচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।

লাক্ষ্ণৌ সুপার জায়ান্টস থেকে বৃহস্পতিবার ভারতের শার্দুল ঠাকুরকে দুই কোটি রুপিতে আর ওয়েস্ট ইন্ডিজের শেরফেন রাদারফোর্ডকে গুজরাট টাইটান্স থেকে দুই কোটি ৬০ লাখ রুপিতে দলে টেনেছে পাঁচবার শিরোপা জয়ী আরেক দল মুম্বাই ইন্ডিয়ান্স। 

আর মুম্বাই থেকে অর্জুন টেন্ডুলকারকে ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতে দলে নিয়েছে লাক্ষ্ণৌ। 

আগামী ১৫ মার্চ শুরু হতে পারে আইপিএলের ১৯তম আসর।