মহারাজের ৭ উইকেট, স্টাবসের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লড়াই
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে ১৪৮ রানে পিছিয়ে সফরকারীরা।
স্পিন সহায়ক উইকেটে জ্বলে উঠলেন কেশাভ মহারাজ। প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপের বাকিটা একাই গুঁড়িয়ে দিলেন বাঁহাতি স্পিনার। পাকিস্তানকে সাড়ে তিনশর আগে থামিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে এরপর, ট্রিস্টান স্টাবস ও টনি ডি জর্জির ব্যাটে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।
রাওয়ালপিন্ডি টেস্টে মঙ্গলবার পাকিস্তানের প্রথম ইনিংস ৩৩৩ রানে গুটিয়ে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটে ১৮৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। পিছিয়ে আছে ১৪৮ রানে।
ধৈর্যশীল ব্যাটিংয়ে ১ ছক্কা ও ৬টি চারে ১৮৪ বলে ৬৮ রান করে অপরাজিত আছেন স্টাবস। ক্রিজে তার সঙ্গী কাইল ভেরেইনা খেলছেন ১০ রানে। ২ ছক্কা ও ১ চারে ৫৫ রান করেছেন ডি জর্জি।
সাউদ শাকিল ও সালমান আলি আগার ব্যাটে দিনের শুরুটা ভালোই করে ৫ উইকেটে ২৫৯ রান নিয়ে খেলতে নামা পাকিস্তান। এরপরই বালির বাঁধের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং। ১৭ রানে শেষ পাঁচ উইকেট হারায় দলটি; সবগুলো শিকারই ধরেন মহারাজ।
আগের দিন দুই উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ স্পিনার ইনিংস শেষ করেন ১০২ রান খরচায় ৭ উইকেট নিয়ে। টেস্টে এনিয়ে দ্বাদশবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি। দেশের বাইরে এই স্বাদ পেলেন ষষ্ঠবার।
টেস্টে এশিয়ায় ইনিংসে ৭ উইকেট এনিয়ে দ্বিতীয়বার পেলেন মহারাজ। নন-এশিয়ান বোলারদের মধ্যে একাধিকবার এই স্বাদ পান আর কেবল অস্ট্রেলিয়ার ন্যাথান লায়ন; এশিয়ায় চারবার ইনিংসে ৭ কিংবা এর বেশি উইকেট নেন অভিজ্ঞ অফ স্পিনার।
আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে নতুন দিন শুরু করেন শাকিল ও সালমান। ৪২ রান নিয়ে খেলতে নামা শাকিল দিনের পঞ্চম ওভারে স্পর্শ করেন ফিফটি, ১১৮ বলে। আরেক প্রান্তে সালমানও বাড়াতে থাকেন রান। তাদের ব্যাটে তিনশ পেরিয়ে যায় পাকিস্তানের সংগ্রহ।
৫ চারে ৪৫ রান করা সালমানকে এলবিডব্লিউ করে ৭০ রানের জুটি ভাঙেন মহারাজ। পরের ওভারে তিনি ফিরিয়ে দেন শাকিলকেও (৪টি চারে ৬৬)। শাহিন শাহ আফ্রিদির স্টাম্প ভেঙে পাঁচ উইকেট পূর্ণ করেন মহারাজ।
চার বলের মধ্যে সাজিদ খানের পর অভিষিক্ত আসিফ আফ্রিদিকে বিদায় করে পাকিস্তানের ইনিংস গুটিয়ে দেন তিনি। ৫ উইকেটে ৩১৬ থেকে ৩৩৩ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
জবাব দিতে নেমে নবম ওভারে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। আফ্রিদির বলে কট বিহাইন্ড হন রায়ান রিকেলটন। থিতু হয়ে সাজিদের স্পিনে লং-অনে ধরা পড়েন ১ ছক্কা ও ৪টি চারে ৩২ রান করা এইডেন মার্করাম।
৫৪ রানে ২ উইকেট হারানো দলকে পথ হারাতে দেননি স্টাবস ও ডি জর্জি। দায়িত্বশীল ব্যাটিংয়ে দলের রান বাড়াতে থাকেন তারা। এই জুটি আগেভাগে ভাঙার সুযোগ পেয়েছিল পাকিস্তান; কিন্তু স্টাবসের কঠিন ফিরতি ক্যাচ নিতে পারেননি সাজিদ।
৩৬ রানে জীবন পেয়ে পরে সাজিদকে ছক্কায় উড়িয়েই ফিফটিতে পা রাখেন স্টাবস, ১৪৯ বলে। তার এক বল আগেই ৮৬ বলে পঞ্চাশ স্পর্শ করেন ডি জর্জি।
থিতু দুইজনের ব্যাটেই মনে হচ্ছিল দিনের খেলা শেষ করবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেটা হতে দেননি আসিফ আফ্রিদি; ডি জর্জিকে এলবিডব্লিউ করে টেস্টে প্রথম উইকেটের স্বাদ পান তিনি। পরের ওভারে শূন্য রানে ডেওয়াল্ড ব্রেভিসকে ফিরিয়ে দেন ৩৮ বছর বয়সী বাঁহাতি স্পিনার।
কাইল ভেরেইনাকে নিয়ে দিনের শেষ পাঁচ ওভার নিরাপদে কাটিয়ে দেন স্টাবস।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ১১৩.৪ ওভারে ৩৩৩ (আগের দিন ২৫৯/৫) (শাকিল ৬৬, সালমান ৪৫, নোমান ৬, আফ্রিদি ০, সাজিদ ৫, আসিফ ৪; রাবাদা ১৮-২-৬০-১, ইয়ানসেন ২০-৬-৫৮-০, মহারাজ ৪২.৪-৫-১০২-৭, হার্মার ২৫-৩-৭৫-২, মুথুসামি ৪-০-১৭-০, মার্করাম ৪-০-১২-০)
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৬৫ ওভারে ১৮৫/৪ (মার্করাম ৩২, রিকেলটন ১৪, স্টাবস ৬৮, ডি জর্জি ৫৫, ব্রেভিস ০, ভেরেইনা ১০; আফ্রিদি ১৫-২-৪৩-১, নোমান ২১-১-৬১-০, আসিফ ১৫-৪-২৪-২, সাজিদ ১৪-৩-৫৫-১)
