২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিক, এ কেমন শট!

মুশফিকুর রহিমের আউট দেখে ধারাভাষ্যে ইয়ান স্মিথ বললেন, ‘এত এত অভিজ্ঞতা নিয়ে এমন শট!’

মুশফিক, এ কেমন শট!
নিউ জিল্যান্ডের বিপক্ষে মুশফিকের আউটের ধরন ছিল বিস্ময়কর। ছবি: রয়টার্স।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2025, 07:13 PM

Updated : 10 Sep 2026, 12:34 PM

মুশফিকুর রহিম ক্রিজে যাওয়ার পর যথারীতি তার ক্যারিয়ার পরিসংখ্যান দেখানো হচ্ছিল। নাসের হুসেইন বলে যাচ্ছিলেন, “২৭৪ ম্যাচ, ৮ হাজারের কাছাকাছি রান, ৯ সেঞ্চুরি, দারুণ কিপার-ব্যাটসম্যান।’ কয়েক মিনিট পরই আরেক ধারাভাষ্যকার ইয়ান স্মিথের বিস্ময়মাখা উচ্চারণ, “… কোনো কারণে বাংলাদেশ সব ছুড়ে ফেলছে…মুশফিক, এত এত অভিজ্ঞতা নিয়ে এমন শট!”

মুশফিকের শট কেমন ছিল, নিশ্চয়ই বোঝা যাচ্ছে!

তাওহিদ হৃদয়ের বিদায়ের রেশ তখনও তরতাজা। সেই আউটও ছিল ভীষণ দৃষ্টিকটূ। আগের ম্যাচে বীরোচিত ইনিংস খেলা ব্যাটসম্যান এ দিন ছিলেন নিজের ছায়া হয়ে। একটি মুহূর্তও স্বস্তিতে খেলতে পারেননি। হাঁসফাঁস করতে করতে এক পর্যায়ে মাইকেল ব্রেসওয়েলকে জায়গা বানিয়ে খেলার চেষ্টায় পারেননি ঠিকঠাক। শর্ট কাভার থেকে পেছন দিকে ছুটে দারুণ ক্যাচ নেন কেন উইলিয়ামসন।

৯৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা দলের তখন প্রয়োজন ছিল একটি জুটি। আরেকপ্রান্তে নাজমুল হোসেন শান্ত ততক্ষণে থিতু হয়ে গেছেন। তার প্রয়োজন ছিল একজন সঙ্গী। এই পরিস্থিতিতে মুশফিকের চেয়ে ভালো আর কে হতে পারেন এই দলে!

ক্যারিয়ারে অনেকবার আরও বেশি নাজুক অবস্থা থেকে তিনি উদ্ধার করেছেন দলকে। তার নির্ভরযোগ্য ব্যাটে তাকিয়ে ছিল দল। টিভি পর্দার সামনে লাখো সমর্থক-ক্রিকেট অনুসারী। কিন্তু তিনি যা করলেন, সেটিকে বলে সবকিছুকে স্রেফ বুড়ো আঙুল দেখানো। 

উইকেটে তার স্থায়িত্ব ছিল আট মিনিট। প্রথম দুই বলে দুটি সিঙ্গল নিয়েছেন। এরপর ব্রেসওয়েলের টানা দুটি বলে রান নিতে পারেননি। এতেই তার ধৈর্য, টেম্পারমেন্ট, অভিজ্ঞতা, ম্যাচ পরিস্থিতি পড়ার ক্ষমতা, সব কিছুর দফারফা। 

আচমকা স্লগ সুইপ খেলে সহজ ক্যাচ দিলেন ডিপ মিড উইকেটে। বোলার ব্রেসওয়েল নিজেও যেন বিশ্বাস করতে পারছিলেন না।

অথচ এই ম্যাচটা যে মুশফিক খেলছেন, এতেই নিজেকে সৌভাগ্যবান ভাবা উচিত। তার একাদশে জায়গাই যে প্রশ্নবিদ্ধ!

মাহমুদউল্লাহ ফিট হয়ে দলে ফেরায় আগের ম্যাচের একাদশ থেকে একজন বাইরে যেতেই হতো। সাম্প্রতিক পারফরম্যান্স ও পারিপার্শ্বিকতা বিবেচনা করলে, বাদ পড়া ক্রিকেটারটি হওয়ার কথা মুশফিকের। এই টুর্নামেন্টের আগে ১২ ওয়ানডে ইনিংসে তার ফিফটি কেবল একটি। এই আসরে এসেও প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে আউট হয়ে যান প্রথম বলেই।

ফর্মে ও ছন্দে না থাকা ব্যাটসম্যানের বাদ পড়াই স্বাভাবিক। 

ব্যাটিং পজিশন অনুযায়ীও তারই জায়গা ছেড়ে দেওয়ার কথা। ক্যারিয়ারজুড়ে চার-পাঁচ নম্বরে বেশি ব্যাট করেছেন মুশফিক। দারুণ সব ইনিংস এসব পজিশনে তার আছে। তবে এখন তিনি ব্যাট করছেন ছয় নম্বরে। তার যে ফর্ম, তাতে এই পজিশনে অনায়াসেই তার চেয়ে গিয়ে থাকার কথা মাহমুদউল্লাহর।

অথচ কোপটা পড়ল সৌম্য সরকারের ওপর।

সৌম্য আগের ম্যাচে আউট হয়েছেন শূন্য রানে বাজে শট খেলে। কিন্তু ২০২৩ বিশ্বকাপের পর থেকে নিউ জিল্যান্ড ম্যাচের আগ পর্যন্ত ওয়ানডেতে দেশের সর্বোচ্চ রান এসেছে তার ব্যাট থেকেই! এই টুর্নামেন্টের আগে নিজের সবশেষ ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৩ রানের ইনিংস খেলেছেন। 

এই পরিসংখ্যানের বাইরেও, ক্রিকেটীয় দিক থেকে ভাবলে, রাওয়ালপিন্ডির এই ব্যাটিং স্বর্গে বড় দলীয় সংগ্রহ করার জন্য প্রয়োজন শুরুতে ঝড় তোলা। যেখানে বল মুভ করার সম্ভাবনা কম, বল ব্যাটে আসছে দারুণভাবে, বাউন্স সমান, সেখান সৌম্যর কার্যকর হওয়ার সম্ভাবনা বাংলাদেশ দলের যে কারও চেয়ে বেশি। 

অথচ এমন উইকেটেই মুশফিকের অভিজ্ঞতায় আস্থা রেখে বসিয়ে রাখা হলো সৌম্যকে। মুশফিক সেই আস্থার প্রতিদান দিলেন আত্মহত্যা করে দলকে বিপদে ঠেলে দিয়ে। 

অভিজ্ঞতার আশ্রয় ভেঙে যাওয়ার নজির এ দিন মুশফিককে দিয়েই শেষ নয়। তার বিদায়ের একটু পর সেই ব্রেসওয়েলের বলেই তেড়েফুঁড়ে মারতে গিয়ে হেলায় উইকেট বিলিয়ে ফেরেন মাহমুদউল্লাহ। বিপদে থাকা দল তখন পড়ে যায় আরও বিপর্যয়ে।

ধারাভাষ্যকক্ষে ইয়ান স্মিথ তখন বিশ্বাসই করতে পারছিলেন না একের পর এক এমন শট, “… তারা আবার এমনটি করেছে… হচ্ছেটা কী এখানে…!”

অভিজ্ঞদের এমন ব্যাটিংয়ের প্রদর্শনীতে যা হওয়ার, হয়েছে তা-ই। যে মাঠে তিনশ রানকেও নিরাপদ মনে করা হচ্ছে না, যেখানে সবশেষ ওয়ানডেতে ৩৩৬ রান তুলেও ৭ উইকেটে হেরেছিল নিউ জিল্যান্ড, সেখানে বাংলাদেশের পুঁজি কেবল ২৩৬।

মাঝবিরতিতে বাংলাদেশের ড্রেসিং রুমে বেজে যাওয়ার কথা টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা।