মুশফিকের ওয়ানডে ক্যারিয়ারের স্মরণীয় সাত ইনিংস
পাঁজরে প্রচণ্ড ব্যথা নিয়ে দুবাইয়ে ১৪৪ রানের ইনিংস কিংবা ভারতের বিপক্ষে মিরপুরে ২৫ বলে অপরাজিত ৪৬, মুশফিকের ওয়ানডে ক্যারিয়ারে মনে রাখার মতো ইনিংসগুলো থেকে বেছে নেওয়া হলো সাতটি ইনিংস।
প্রায় ১৯ বছর আর ২৭৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ার। কত দুর্দান্ত ইনিংসই তো খেলেছেন মুশফিকুর রহিম। ম্যাচের পরিস্থিতি, পারিপার্শ্বিকতা আর প্রভাব বিবেচনায় বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সেরা কিছু ইনিংস এসেছে তার ব্যাট থেকে।
নতুন করে আর তেমন কোনো ইনিংস দেখা যাবে না তার ব্যাট থেকে। ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান বুধবার বিদায়ের ঘোষণা দিয়েছেন ওয়ানডে ক্রিকেটকে।
তার মণিমুক্তা খচিত ক্যারিয়ার থেকে কয়েকটি রত্ন আলাদা করা কঠিন। তার অবসরের পর তবু ফিরে তাকানো যেতে পারে এমন সাতটি ইনিংসে।
১৫০ বলে ১৪৪, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ২০১৮
মুশফিকের ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংস। অনেকের চোখে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসেরই সেরা ইনিংস।
২০১৮ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ সেটি। দুবাইয়ে যে ম্যাচটি বাংলাদেশের ক্রিকেটে আলাদা জায়গা নিয়ে আছে ভাঙা আঙুল নিয়ে তামিম ইকবালের ব্যাটিংয়ে নামা ও এক হাতে ব্যাট করার বিরোচিত ঘটনায়। তবে মুশফিকের বীরত্বও কম ছিল না। পাঁজরের চোটের কারণে শরীরে টেপ পেঁচিয়ে তিনি খেলেছিলেন মহাকাব্যিক সেই ইনিংস।
টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ লাসিথ মালিঙ্গার করা প্রথম ওভারেই হারায় লিটন দাস ও সাকিব আল হাসানকে। পরের ওভারে আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল।
সেই ধাক্কা সামাল দিয়ে মোহাম্মদ মিঠুনের সঙ্গে ১৩১ রানের জুটি গড়েন মুশফিক। তবে ৬৩ রান করে মিঠুনের বিদায়ের পর আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারেননি। এক প্রান্তে ছিল ব্যাটসম্যানদের আসা-যাওয়ার পালা, আরেকপ্রান্তে উইকেট আগলে রাখার পাশাপাশি দারুণ সব শটে রান বাড়াচ্ছিলেন মুশফিক।
১১ নম্বর ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমান যখন রান আউট হন, বাংলাদেশের রান তখন ৯ উইকেটে ২২৯। ৩.১ ওভার তখনও বাকি। চির ধরা আঙুলে ব্যান্ডেজ নিয়ে গ্লাভস কেটে হাতে গলিয়ে ব্যাটিংয়ে নেমে যান তামিম। এক হাতে ব্যাট ধরে ওই ওভারের শেষ বলটি তিনি খেলেন। ব্যস, এটুকুই দরকার ছিল মুশফিকের।
তামিমকে আর স্ট্রাইক পেতে দেননি তিনি। শেষ জুটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে ১৫ বল খেলে তিনি করেন ৩২ রান। দলের সংগ্রহ পৌঁছে যায় ২৬১ রানে।
পাঁজরের প্রচণ্ড ব্যথা সয়ে মধ্যপ্রাচ্যের তীব্র গরমের সঙ্গে লড়াই করে প্রায় ৪৮ ওভার ক্রিজে কাটিয়ে ধৈর্য, সাহসিকতা আর আগ্রাসনের মিশেলে তিনি সাজিয়ে তোলেন ধ্রুপদি এক ইনিংস।
১১৬ বলে ৯৯, প্রতিপক্ষ পাকিস্তান, ২০১৮
সেই ২০১৮ এশিয়া কাপেরই আরেকটি ম্যাচ এটি। সুপার ফোর পর্বের ম্যাচ, কিন্তু আদতে যা রূপ নিয়েছিল সেমি-ফাইনালে। যে জিতবে, তারাই খেলবে ফাইনালে। তামিম ইকবাল তো আগেই ছিটকে গিয়েছিলেন, এ ম্যাচের আগে চোটের কারণে বাইরে চলে যান সাকিব আল হাসানও।
আবু ধাবিতে যথারীতি বাংলাদেশের শুরুটা ছিল যাচ্ছেতাই। ১২ রানে পতন হয় প্রথম তিন উইকেটের। মুশফিকের চওড়া ব্যাটে আরও একবার নিরাপদ আশ্রয় খুঁজে নেয় দল। এবার লড়াইয়ে সঙ্গী পান মিঠুনকে। দুজনে গড়েন ১৪৪ রানের জুটি। ৬০ রান করে মিঠুনের বিদায়ের পর আবার বাড়ে দলের বিপদ। মুশফিক শক্ত হাতে হাল ধরে দলকে পার করান বৈতরণী।
আরেকটি শতরানের যখন অপেক্ষা, শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত ডেলিভারিতে আটকে পড়েন তিনি এক রান দূ্রেই। তখন হতাশ হয়ে ড্রেসিং রুমে ফেরেন বটে। তবে তার ইনিংসটিই দলকে গড়ে দেয় জয়ের ভিত। ২৩৯ রানের পুঁজি নিয়ে ৩৭ রানে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ।
পাঁজরের সেই চোটের ব্যথা সয়েই এই ইনিংসও খেলেন মুশফিক। কন্ডিশন, ম্যাচের পরিস্থিতি, প্রতিপক্ষের বোলিং আক্রমণ, সব বিবেচনায় ইনিংসটি ছিল বিশ্বমানের।
৭৭ বলে ৮৯, প্রতিপক্ষ ইংল্যান্ড, ২০১৫
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরির জন্য স্মরণীয় হয়ে আছে ম্যাচটি। ১৩৮ বলে সেদিন ১০৩ রানের ইনিংস খেলেছিলেন মাহমুদউল্লাহ। তবে অনেকেরই মনে থাকে না, অ্যাডিলেইডে সেদিন বাংলাদেশের ব্যাটিংয়ের মোমেন্টাম বদলে দেওয়া ইনিংসটি খেলেছিলেন মুশফিক।
সেদিন যখন ক্রিজে যান এই কিপার-ব্যাটার, ৯৯ রানে ৪ উইকেট হারিয়ে বেশ বিপদে দল। রান রেট ওভারপ্রতি স্রেফ সাড়ে চার। চাপকে পাত্তা না দিয়ে মুশফিক এক-দুই করে নিয়মিত বাড়াতে থাকেন রান। এর ফাঁকে সুযোগ পেলেই বল পাঠান বাউন্ডারিতে। ভরসা পেয়ে বড় ইনিংস খেলায় মন দেন মাহমুদউল্লাহ।
মুশফিক খুব একটা ঝুঁকি না নিয়েই ৪৯ বলে ফিফটি করে ফেলেন চারটি চারে। ৪০ ওভারের পর দারুণ কয়েকটি বাউন্ডারিতে রানের গতি বাড়ান তিনি। শতরানের হাতছানিও ছিল। কিন্তু বড় শটের চেষ্টায় আউট হয়ে যান ৪৮তম ওভারে।
বাংলাদেশের স্কোরবোর্ড তখন যথেষ্টই পোক্ত। পরে রোমাঞ্চকর জয়ে তারা প্রথমবারের মতো পৌঁছে যায় বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে।
৭৭ বলে ১০৬, প্রতিপক্ষ পাকিস্তান, ২০১৫
মুশফিক যখন ক্রিজে যান, বাংলাদেশের রান তখন ২০ ওভারে ২ উইকেটে ৬৭। শুরুতে আগ্রাসী থাকলেও পরে গুটিয়ে যাওয়া তামিম ইকবালের রান তখন ৬৬ বলে ৪০।
মুশফিক নামার পর বদলে যায় চিত্র। এক-দুইয়ের পাশে বাউন্ডারিতে দ্রুত রান বাড়াতে থাকেন তিনি। তামিমও পরে শুরু করেন হাত খুলতে। তার ফিফটিতে বল লাগে ৭৫টি, মুশফিক ফিফটি করেন ৪২ বলেই।
ওয়াহাব রিয়াজ, সাঈদ আজমলদের ছাতু বানিয়ে মুশফিক পরের ফিফটি করেন স্রেফ ২৭ বলে। তার ৬৯ বলের সেঞ্চুরি তখন ছিল বাংলাদেশের তৃতীয় দ্রুততম।
১৩৫ বলে ১৩২ করে তামিম ফিরে গিয়েছিলেন আগেই। বিধ্বংসী ব্যাটিংয়ে দলকে তিনশর কাছে নিয়ে বিদান নেন মুশফিক। দুজনের জুটি ছিল দেশের রেকর্ড ১৩১ বলে ১৭৮ রানে।
৩২৯ রান তুলে বাংলাদেশ ম্যাচ জিতে নেয় ৭৯ রানে।
৮০ বলে ৭৮, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ২০১৯
২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ সেটি। ওভালে দলকে মোটামুটি ভিত গড়ে দেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। এরপর দারুণ ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন সাকিব আল হাসান ও মুশফিক। ১৪১ বলে ১৪২ রানের দুর্দান্ত বন্ধন গড়ে তোলেন দুজন।
কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ক্রিস মরিস, ইমরান তাহিরদের নিয়ে শক্তিশালী বোলিং আক্রমণ ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু সাকিব ও মুশফিকও ছিলেন সেরা ছন্দে। এক-দুই নিতে দক্ষ দুজনই, সঙ্গে সুযোগমতো বাউন্ডারি তো ছিলই। দুজনের চমৎকার রসায়ন এগিয়ে নেয় দলের ইনিংস।
৩৫ ওভার শেষেই ৭৫ রান করে আউট হন সাকিব। মুশফিক আরও একটু এগিয়ে নেন দলকে। শেষ পর্যন্ত ৪৩তম ওভারে তার ইনিংস থামে।
পরের ব্যাটসম্যানদের সৌজন্যে ৩৩০ রান তোলে বাংলাদেশ। পরে ম্যাচ জিতে নেয় ২১ রানে।
২৫ বলে ৪৬*, প্রতিপক্ষ ভারত, ২০১২
মাত্র ২৫ বলের একটি ক্যামিও ইনিংস। তবে ম্যাচের প্রেক্ষাপটে তা ছিল মহামূল্য। ১৩ বছর আগের ওই সময়টায় ভারতের মতো দলের বিপক্ষে ১৮৪ স্ট্রাইক রেটের ইনিংস ছিল এদেশের ক্রিকেটে বিরল।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ২৯০ রান তাড়ায় তামিম ইকবাল, জহুরুল ইসলাম ও নাসির হোসেন করেন ফিফটি। তারপরও লক্ষ্য ছিল বেশ কঠিন। ৩১ বলে ৪৯ রান করে সাকিব আল হাসানের বিদায়ের পর যখন মুশফিক নামেন, ওভারপ্রতি রান লাগে তখনও আটের বেশি।
ক্রিজে যাওয়ার পরপর স্লগ সুইপ করে চার মেরে তিনি তাক লাগিয়ে দেন ইরফান পাঠানকে। তিন ওভারে যখন প্রয়োজন ৩৩ রান, পাঠানকেই টানা দুই বলে বিশাল দুটি ছক্কায় জাগিয়ে তোলেন দর্শকদের। পরের ওভারে প্রাভিন কুমারের নো বলে বাউন্ডারির পর ফ্রি হিটে ছক্কা মারেন চোখধাঁধানো শটে।
৪৬ রানের ইনিংসে তিনটি করে চার-ছক্কা মারেন মুশফিক। সাচিন টেন্ডুলকারের শততম সেঞ্চুরির ম্যাচটিতে অবিস্মরণীয় জয় পায় বাংলাদেশ।
১১৩ বলে ১১৭, প্রতিপক্ষ ভারত, ২০১৪
বাংলাদেশ ক্রিকেটের তখন দারুণ দুঃসময়। সেই সময়েই দুঃসাহসী ইনিংসটি খেলেছিলেন মুশফিক।
ফতুল্লায় ২০১৪ এশিয়া কাপের ম্যাচটিতে শামসুর রহমান ও মুমিনুল হক আউট হন অল্প রানে। ওপেনার এনামুল হকের সঙ্গে তৃতীয় উইকেটে ১৩৩ রানের জুটি গড়েন মুশফিক।
স্বভাবসুলভ ব্যাটিংয়ে এনামুল ৭৭ করে ফেরেন ১০৬ বলে। ইনিংসের শেষ ১৩ ওভারে বলতে গেলে দলকে একাই টানেন মুশফিক। ৬৫ বলে ফিফটির পর শতরানে পা রাখেন তিনি ১০৪ বলে। এরপর আরও দ্রুত কিছু রান তুলে আউট হন শেষ ওভারে।
২৭৯ রান তুলে বাংলাদেশ হেরে যায় সেদিন ভিরাট কোহলির সেঞ্চুরির কাছে। তবে মুশফিক ঠিকই নিজেকে আলাদা করে চেনান।
