ভবিষ্যৎ নিয়ে চেন্নাই সুপার কিংস থেকে ‘পরিষ্কার বার্তা চান’ অশ্বিন
চেন্নাইয়ের পরিকল্পনায় না থাকলে সম্পর্ক ছিন্ন করতে আপত্তি নেই এই অভিজ্ঞ স্পিনারের।
আইপিএলের আগামী আসরের আগে রাভিচান্দ্রান অশ্বিনকে ছেড়ে দিতে পারে চেন্নাই সুপার কিংস; চউর হয়েছে এমন খবর। চলমান এই আলোচনার মাঝে দলে নিজের ভবিষ্যৎ নিয়ে ফ্র্যাঞ্চাইজির কাছে পরিষ্কার বার্তা চেয়েছেন ভারতীয় স্পিনিং অলরাউন্ডার।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, ২০২৬ সালের আইপিএলে তাকে নিয়ে কী পরিকল্পনা চেন্নাইয়ের, সেটা জানতে চেয়েছেন অশ্বিন। দলের পরিকল্পনায় না থাকলে, দলটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে আপত্তি নেই তার।
গত বছর মেগা নিলাম থেকে পৌনে ১০ কোটি রুপিতে অশ্বিনকে দলে টানে চেন্নাই। আসরে ১৪ ম্যাচের ৯টিতে তাকে খেলায় দলটি। ৮ বছর পর নিজের শহরের দলের প্রতিনিধিত্ব করেন তিনি।
২০০৯ সালের আইপিএলে নিজের প্রথম আসরে কেবল দুটি ম্যাচ খেলেছিলেন অশ্বিন। এরপর এই প্রথম কোনো আসরে ১২ ম্যাচের কম খেললেন তিনি। গত আইপিএলে বল হাতে সময়টা অবশ্য ভালো কাটেনি তার। ওভারপ্রতি ৯.১২ করে রান দিয়ে উইকেট নিতে পারেন কেবল ৭টি। এই টুর্নামেন্টে প্রথমবার ওভারপ্রতি সাড়ে আটের বেশি রান দেন তিনি।
নতুন আসরের আগে তাই অশ্বিনকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে চেন্নাই, এমন খবর আসছে ভারতের গণমাধ্যমে। তাই হয়তো নিজের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা দূর করতে চাইছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।
ক্রিকেটার ছেড়ে দেওয়ার শেষ সময় মূলত নির্ভর করে নিলামের সময়ের ওপর। আগামী আইপিএলের নিলামের সূচি এখনও চূড়ান্ত করা হয়নি। প্রতি তিন বছর পর মেগা নিলাম হলেও, প্রতি বছরই মিনি নিলাম হয় আইপিএলে। সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হয়ে থাকে এটি।
আইপিএলে এখন পর্যন্ত ২২১ ম্যাচ খেলে ১৮৭ উইকেট নিয়েছেন অশ্বিন। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তার অবস্থান পঞ্চম। টানা ৭ বছর চেন্নাইয়ের হয়ে খেলার পর ২০১৬ সালে রাইজিং পুনে স্টার্সে যোগ দেন অশ্বিন। পরের দুই আসরে খেলেন তিনি পাঞ্জাব কিংসের হয়ে। দিল্লি ক্যাপিটালস (দুই আসর) ও রাজস্থান রয়্যালস (তিন আসর) ঘুরে আবারও চেন্নাইয়ে ফিরেছেন তিনি গত আসর দিয়ে।
