পান্তের রেকর্ডের পর শ্রীলঙ্কার ম্যাচ বাঁচানোর লড়াই
ম্যাচের নিয়ন্ত্রণ এখনও ভারতের হাতে, জয়ের জন্য শেষ দিনে তাদের চাই ৬ উইকেট, শ্রীলঙ্কার প্রয়োজন ২৮৮ রান।
বোলারদের চমৎকার পারফরম্যান্সে দ্বিতীয় ইনিংসে ভারতকে দুইশর নিচে গুটিয়ে দিল শ্রীলঙ্কা। তবে প্রথম ইনিংসের ঘাটতি মিলিয়ে তাদের সামনে লক্ষ্য দাঁড়াল বেশ বড়। সেই চ্যালেঞ্জে শুরুতেই তারা পড়ল বিপর্যয়ের মুখে। ধানাঞ্জায়া ডি সিলভা ও সোনাল দিনুশার প্রতিরোধে লড়াই পঞ্চম দিনে টেনে নিতে পারল লঙ্কানরা।
ম্যাচের নিয়ন্ত্রণ অবশ্য এখনও ভারতের হাতেই। গল টেস্টে জয়ের জন্য শেষ দিনে তাদের চাই ৬ উইকেট, শ্রীলঙ্কা প্রয়োজন এখনও ২৮৮ রান।
৩৭২ রানের লক্ষ্য তাড়ায় চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৮৪ রান।
প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান দিনুশা অপরাজিত আছেন ২৫ রানে, অধিনায়ক ডি সিলভা ৩১ রানে।
প্রথম ইনিংসে ১৭৮ রানের লিড নিয়ে দ্রুত রান তোলার লক্ষ্যে চতুর্থ দিন শুরু করে ভারত। বেশিরভাগ সময় সেভাবেই খেলে দ্বিতীয় ইনিংসে তারা অলআউট হয় ১৯৩ রানে।
ভারতের কেবল তিন জন যেতে পারেন দুই অঙ্কে। স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিংয়ে ৬৯ বলে ৬৬ রানের ইনিংস খেলার পথে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০ ছক্কার রেকর্ড গড়েন রিশাভ পান্ত।
আগের দুই দিন বেশিরভাগ উইকেট স্পিনাররা নিলেও, এ দিন এগিয়ে ছিলেন পেসাররা। মঙ্গলবার পতন হওয়া ১৪ উইকেটের ৮টিই নেন দুই দলের পেসাররা।
প্রথম ওভারেই ইয়াশাসভি জয়সওয়ালকে ফিরিয়ে দেন আসিথা ফের্নান্দো। দ্বিতীয় উইকেটে ৬৫ রানের জুটিতে দলকে টানেন দেবদুত পাডিক্কাল ও লোকেশ রাহুল। কিন্তু এই জুটি ভাঙার পর নিয়মিত উইকেট হারায় ভারত।
রাহুল (৪৭ বলে ৩৫) ও শুবমান গিলকে ফেরান বাঁহাতি স্পিনার প্রাবাথ জায়াসুরিয়া। অফ স্পিনার কেশারা নুওয়ান্থার বলে এলবিডব্লিউ হন পাডিক্কাল। প্রথম ইনিংসে ১৬৭ রানের পর এবার তিনি করেন ৭৫ বলে ৪৪।
দ্বিতীয় সেশনে একের পর এক শর্ট বল করে ভারতীয় ব্যাটসম্যানদের নাড়িয়ে দেন আসিথা ও লাহিরু কুমারা। ধ্রুব জুরেলকে দ্রুত বিদায় করেন আসিথা। ১২০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে ভারত।
পরের জুটিতে পান্ত ও রাভিন্দ্রা জাদেজা যোগ করেন ৫৪ রান। যেখানে পান্তের অবদানই ৪৩। ৫৩ বলে ফিফটি করেন তিনি। জুটিও ভাঙে তার বিদায়ে।
ভারত শেষ ৫ উইকেট হারায় ১৯ রানের মধ্যে। শেষ ছয় ব্যাটসম্যান মিলে যোগ করতে পারেন কেবল ৩৪ রান।
দারুণ বোলিংয়ে ৩১ রানে ৪ উইকেট নেন আসিথা, জায়াসুরিয়ার শিকার ৪৩ রানে ৩টি।
টেস্ট ম্যাচে গলে ৩০০ বা এর বেশি রানের লক্ষ্য তাড়া করে জয়ের নজির আছে কেবল একটি। ২০২২ সালে ৩৪২ রান তাড়া করে ৪ উইকেটে জিতেছিল পাকিস্তান।
রেকর্ড রান তাড়ার লড়াইয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। মোহাম্মাদ সিরাজের শর্ট বলে বিদায় নেন নিশান মাদুশকা।
ফিল্ডিংয়ের সময় আঘাত পেয়ে ম্যাচ থেকে ছিটকে পড়া দিনেশ চান্দিমালের কনকাশন বদলি নামা পাসিন্দু সুরিয়াবান্দারা অভিষেকে পান তেতো স্বাদ, আউট হন প্রথম বলে শূন্য রানে। টিকতে পারেননি কামিন্দু মেন্ডিসও। থিতু হয়ে বিদায় নেন লাহিরু উদারা (৫৮ বলে ১৬)।
তখন ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে মহাবিপদে শ্রীলঙ্কা। সেখান থেকে অবিচ্ছিন্ন ৩৭ রানের জুটিতে বাকি দিন কাটিয়ে দেন ধানাঞ্জায়া ও দিনুশা।
বাঁহাতি স্পিনার মানাভ সুতার এ দিন নেন দুটি উইকেট, দুই পেসার সিরাজ ও প্রাসিধ একটি করে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৪৬২
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৮৪
ভারত ২য় ইনিংস: ৪৮.৫ ওভারে ১৯৩ (জয়সওয়াল ০, রাহুল ৩৫, পাডিক্কাল ৪৪, গিল ৮, পান্ত ৬৬, জুরেল ৭, জাদেজা ৯, সুতার ৯, কুলদিপ ৫, সিরাজ ২*, প্রাসিধ ২; আসিথা ৮.৫-০-৩১-৪, নুওয়ান্থা ২৩-৩-৮৬-১, জায়াসুরিয়া ১১-০-৪৩-৩, ধানাঞ্জায়া ১-০-৪-০, কুমারা ৫-০-২৮-২)
শ্রীলঙ্কা ২য় ইনিংস: (লক্ষ্য ৩৭২) ৩৪ ওভারে ৮৪/৪ (মাদুশকা ৬, উদারা ১৬, কামিন্দু মেন্ডিস ২, ধানাঞ্জায়া ৩১*, দিনুশা ২৫*; সিরাজ ৫-১-১১-১, সুতার ১১-০-৩০-২, প্রাসিধ ৮-২-১৩-১, জাদেজা ৬-০-১৬-০, কুলদিপ ৩-০-৮-০, পাডিক্কাল ১-০-৫-০)
