এবারের আইপিএলে নিজেকে ‘প্রমাণ করার’ চ্যালেঞ্জ সুরিয়াভানশির
প্রতিপক্ষ দলগুলি এবার ভিডিও দেখে এবং দুর্বলতা বিশ্লেষণ করে কৌশল প্রস্তুত করবে, এবারের আইপিএলে তাই বৈভাব সুরিয়াভানশির জন্য কঠিন চ্যালেঞ্জ দেখছেন ইরফান পাঠান।
গত এক বছরে সব সংস্করণেই অনেক ম্যাচ খেলেছেন বৈভাব সুরিয়াভানশি। তার ব্যাটিংয়ের ভিডিও ফুটেজের এখন অভাব নেই। ভিডিও বিশ্লেষকদের গবেষণাগারে যথেষ্ট কাটাছেঁড়া চলছে তাকে নিয়ে। সব প্রতিপক্ষই এবার আঘাত হানবে তার দুর্বলতার জায়গাগুলোয়। ভারতের বিস্ময় বালকের জন্য এবারের আইপিএলে তাই কঠিন চ্যালেঞ্জ দেখছেন সাবেক পেসার ইরফান পাঠান।
গত আইপিএলের সবচেয়ে চমকপ্রদ গল্প ছিলেন সুরিয়াভানশি। বয়সভিত্তিক ও আঞ্চলিক ক্রিকেটে নজর কাড়া কিশোর নিলামে ১ কোটি ১০ লাখ রুপিতে দল পেয়েই যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছিলেন। কিন্তু সত্যিকারের ঝড় তোলেন তিনি খেলতে নেমে। অভিষেকে ২০ বলে ৩৪ রানের ইনিংসের পর তৃতীয় ম্যাচেই রেকর্ডের জোয়ার তুলে উপহার দেন তিনি ৩৫ বলে সেঞ্চুরি। প্রথম আইপিএল অভিযানে সাত ইনিংসে ২৫২ করেন তিনি ২০৬.৩৩ স্ট্রাইক রেটে।
পরে ভারতীয় ‘এ’ দলের হয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলেন ১৫ ছক্কায় ৪২ বলে ১৪৪ রানের ইনিংস। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে করেন ঝড়ো সেঞ্চুরি। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়েও বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডের বন্যা বয়ে যায় তার ব্যাটে। ইংল্যান্ড সফরে ৯ ছক্কায় ৩১ বলে ৮৬ রানের ইনিংস খেলার পরের ম্যাচেই ১০ ছক্কায় করেন ৭৮ বলে ১৪৩। যুব এশিয়া কাপের এক ম্যাচে ১৪ ছক্কায় করেন ৯৫ বলে ১৭১। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরের এক ম্যাচে তার ব্যাট থেকে আসে ১০ ছক্কায় ৭৪ বলে ১২৭।
যুব বিশ্বকাপের সেমি-ফাইনালে ৩৩ বলে ৬৮ রান করার পর ফাইনালে করেন ১৫ ছক্কায় ৮০ বলে ১৭৫। ফাইনালের সেরা ও টুর্নামেন্টের সেরা, দুটি পুরস্কারই জিতে নেন বাঁহাতি ব্যাটসম্যান। এছাড়াও বিহারের হয়ে খেলেছেন তিনি রাঞ্জি ট্রফি, ভিজায় হাজারে ট্রফিতে।
আগামী শুক্রবার বয়স ১৫ পূর্ণ হবে তার। কিন্তু এখনই তিনি ভারতীয় ক্রিকেটের বড় তারকা। তবে গত আইপিএলে তাকে ঘিরে ছিল চমকের উপাদান, ছিল অনেক অচেনা-অজানা ব্যাপার। এবার তিনি প্রায় খোলা বই। ইরফান পাঠান বললেন, এবার কঠিন পরীক্ষায় পড়তে হবে এই কিশোর প্রতিভাকে।
“বৈভাব সুরিয়াভানশির জন্য আইপিএলের এই মৌসুমটি হবে শেখার। সে গত বছর এই টুর্নামেন্টে খেলেছে, ঘরোয়া ক্রিকেট খেলেছে এবং সব জায়গায় সব সংস্করণের ক্রিকেট খেলছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছে, বিহারের হয়ে রঞ্জি ট্রফিতে অংশ নিয়েছে এবং সব জায়গায় রান করেছে।”
“সাদা বলের ক্রিকেট এবং লাল বলের ক্রিকেট, উভয় ক্ষেত্রেই সবাই তার দিকে নজর রাখছে। বোলাররাও তা করছে। যেহেতু গত বছর আইপিএলে অভিষেকের পর থেকে সে অনেক ক্রিকেট খেলেছে, তাই অন্যরা তার ভিডিও দেখছে এবং দুর্বলতাগুলো বিশ্লেষণ করছে। সুতরাং, তাকে তার খেলার মান উন্নত করার এবং নিজের দুর্বলতাগুলো নিয়ে কাজ করার একটি উপায় খুঁজে বের করতে হবে।”
পাঠানের মতে, এবারও যদি সুরিয়াভানশি সেঞ্চুরি করতে পারে এবং ধারাবাহিক সাফল্য পায়, তাহলেই ধরে নেওয়া যাবে যে তিনি নিজের খেলা আরও শাণিত করেছেন।
“ক্রিকেটের সব সংস্কণেই অনায়াসে সেঞ্চুরি হাঁকিয়েছে সে। শুধু আইপিএলেই নয়, ঘরোয়া ক্রিকেট, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট এবং উদীয়মান ম্যাচগুলোতেও ধারাবাহিকভাবে এমনটা করার পর আত্মবিশ্বাস বাড়তেই থাকে। তবে এই আইপিএল মৌসুমে সব বোলারই তাদের কৌশল নিয়ে প্রস্তুত থাকবে এবং বৈভাব নিজেকে প্রমাণ করতে চাইবে।”
“আইপিএলে আরও একটি সেঞ্চুরি হাঁকিয়ে সে তা করতে পারে। এই মৌসুমে যখন সে ধারাবাহিকভাবে রান করবে, তখনই আমরা বলতে পারব যে বৈভব সুরিয়াভানশি তার খেলার মান উন্নত করেছে।”
আগামী শনিবার শুরু এবারের আইপিএল।
