২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দিলেন নাসুম

স্কোয়াডে না থাকলেও প্রথম ম্যাচের দিন সকালে দুবাইয়ে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2025, 05:12 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচ চলাকালে বিসিবির জরুরি ডাক পেলেন নাসুম আহমেদ। তড়িঘড়ি করে ‘এ’ দল ছেড়ে উড়াল দিলেন সংযুক্ত আরব আমিরাতের পথে। প্রথম ম্যাচের দিন তিনি যোগ দিলেন জাতীয় দলের সঙ্গে।

স্কোয়াডে না থাকলেও আমিরাতের উদ্দেশে শনিবার প্রথম প্রহরে দেশ ছাড়েন নাসুম। সকালে দলে যোগ দেন বাঁহাতি স্পিনার। বিডিনিউজ টোয়েন্টি জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল নিশ্চিত করেছেন এই খবর। তবে মূল দলের অংশ হওয়ার সম্ভাবনা তার নেই বললেই চলে। তাকে ফিরিয়েও আনা হতে পারে। 

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে লিটন কুমার দাসের নেতৃত্বাধীন দল। ম্যাচের ১২ ঘণ্টা আগে টিম হোটেলে পৌঁছান নাসুম।  নাসুমকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে কিনা, সে বিষয়ে কিছু বলতে চাননি নাফিস। 

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বিডিনিুজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, বিশেষ পরিস্থিতিতে নাসুমকে পাঠাতে বাধ্য হয়েছেন তারা।

"একটা পরিস্থিতির উদ্ভব ঘটায় আমরা ব্যাক-আপ হিসেবে নাসুমকে পাঠিয়েছিলাম। এখন সেটি সমাধান হয়ে গেছে। তাই ব্যাক-আপ প্রয়োজন পড়ছে না। নাসুমকে স্কোয়াডে যুক্ত করা হচ্ছে না।"

সিরিজের প্রথম ম্যাচের পর আইপিএলে চলে যাবেন মুস্তাফিজুর রহমান। তার বদলি হিসেবে নাসুমকে রাখা হবে কি না, জানতে চাইলে প্রধান নির্বাচক বলেন, "আমরা এমনিতেই ১৬ জনের দল দিয়েছিলাম। মুস্তাফিজ চলে গেলেও ৪ জন পেসার থাকবে। তাই বদলি কাউকে প্রয়োজন পড়ছে না।"

যে পরিস্থিতির কথা বলেছেন প্রধান নির্বাচক, সেটিও এখন প্রকাশ্য হয়ে গেছে। দুবাইয়ে যাওয়ার পর ইমিগ্রেশন জটিলতায় তিন দিন বিমানবন্দরে আটকা থাকেন নাহিদ রানা ও রিশাদ হোসেন। প্রথম ম্যাচের আগে তাদের দলে যোগ দেওয়া নিয়েই ছিল চরম অনিশ্চয়তা। নাসুমকে পাঠানোর সিদ্ধান্ত হয় এ কারণেই। অবশেষে শুক্রবার রাতে দলের সঙ্গে যোগ দিতে পারেন রিশাদ ও নাহিদ। 

আমিরাত ও পাকিস্তান সফরের দল থেকে বাদ পড়ে নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে খেলায় ব্যস্ত ছিলেন নাসুম। তৃতীয় এক দিনের ম্যাচে ক্যারিয়ার সেরা ৬৭ রানের পর বল হাতে ২ উইকেট নিয়েছিলেন ৩০ বছর বয়সী স্পিনার।

সিলেটে প্রথম চার দিনের ম্যাচের একাদশে জায়গা হয়নি নাসুমের। মিরপুরে দ্বিতীয় ম্যাচে খেলার সম্ভাবনা ছিল তার। কিন্তু জরুরি ডাক পেয়ে চলে গেলেন আমিরাতে। তবে 'এ' দলের দ্বিতীয় চার দিনের ম্যাচের আগে তিনি দেশে ফিরে এলেও বিস্ময়ের কিছু থাকবে না।