২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলের নিলামে ১ কোটি ১০ লাখ রুপি পাওয়া ব্যাটসম্যানের বয়স ১৩ নাকি ১৫

আইপিএলের ইতিহাসে নিলামে দল পাওয়া সবচেয়ে কম বয়সী ক্রিকেটার বৈভাব সুরিয়াভানশি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2024, 10:43 PM

Updated : 26 Aug 2026, 10:59 AM

অল্প বয়সে ক্রিকেট মাঠে আলোড়ন ফেলে দেওয়া বৈভাব সুরিয়াভানশিকে নিয়ে ঝড় উঠল আইপিএলের নিলামেও। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াইয়ে জিতে ১ কোটি ১০ লাখ রুপিতে ১৩ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যানকে দলে নিল রাজস্থান রয়্যালস।

সৌদি আরবের জেদ্দায় মেগা নিলামের দ্বিতীয় দিন সোমবার নাম ওঠে সুরিয়াভানশির। তার ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ রুপি। রাজস্থান ও দিল্লির লড়াইয়ে দাম বাড়তে থাকে তরতরিয়ে। ভিত্তি মূল্যের চেয়ে অনেক গুণ বেশি দিয়েই শেষ পর্যন্ত লড়াইয়ে জয়ী হয় রাজস্থান। 

সুরিয়াভানশির বয়স নিয়ে যদিও বিতর্ক আছে। গত বছর একটি সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছিলেন যে, ২৭ সেপ্টেম্বর তার বয়স ১৪ পূর্ণ হবে। অর্থাৎ তার জন্ম ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর। সেই হিসাবে এখন তার বয়স ১৫।

তবে বয়স নিয়ে বিতর্ক থাকলেও, আইপিএলে তার এত দাম পাওয়াটা বিস্ময়করই বটে। নিলামের দ্বিতীয় দিনের সবচেয়ে বড় চমক বলা যায় তিনিই।

গত জানুয়ারিতে তার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ১২ বছর ২৮৪ দিন বয়সে (রেকর্ডে থাকা আনুষ্ঠানিক বয়স হিসাবে)। রাঞ্জি ট্রফিতে বিহারের হয়ে মুম্বাইয়ের বিপক্ষে ওই ম্যাচে মাঠে নেমে প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়ে যান তিনি।

এই রেকর্ডে সুরিয়াভানশি পেছনে ফেলে দেন ইউভরাজ সিং ও সাচিন টেন্ডুলকারের মতো গ্রেটদের। ইউভরাজের রাঞ্জি অভিষেক হয়েছিল ১৫ বছর ৫৭ দিন বয়সে, আর ১৫ বছর ২৩০ দিন বয়সে টেন্ডুলকারের। 

অভিষেকে ব্যাটে হাতে অবশ্য তেমন কিছু করে দেখাতে পারেননি সুরিয়াভানশি। দুই ইনিংসে করেন ১৯ ও ১২ রান। পরের ম্যাচে বাঁহাতি এই ওপেনার দুই ইনিংসেই আউট হন শূন্য রানে।  

তবে গত সেপ্টেম্বরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে যুব টেস্টে তিনি করেন ঝড়ো সেঞ্চুরি। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১৪ চার ও ৪ ছক্কায় ৬২ বলে করেন ১০৪ রান।   

ওই ম্যাচে তিনি সেঞ্চুরি স্পর্শ করেন ৫৮ বলে। যুব টেস্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। ২০০৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৬ বলে সেঞ্চুরি করে রেকর্ডটা ইংল্যান্ডের মইন আলির।

সুরিয়াভানশির অর্জনের শেষ নয় ওখানেই। যুব ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানও হয়ে যান তিনি (১৩ বছর ১৮৭ দিন)। তিনি ভেঙে দেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর রেকর্ড। ২০১৩ সালে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে যুব ওয়ানডেতে শান্ত সেঞ্চুরি করেছিলেন ১৪ বছর ২৪১ দিন বয়সে। 

ট্রিপল সেঞ্চুরিও আছে সুরিয়াভানশির নামের পাশে। বিহারে অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে তিনি অপরাজিত ৩৩২ রানের ইনিংস খেলেন স্রেফ ১৭৮ বলে। যেখানে ৪৮ চারের পাশে ছক্কা ছিল ১৫টি। 

স্বীকৃত ক্রিকেটে এখনও অবশ্য বলার মতো কিছু করতে পারেননি তিনি। ৫টি প্রথম শ্রেণির ম্যাচে রান মোটে ১০০। গত শনিবার তার টি-টোয়েন্টি অভিষেক হয় সৈয়দ মুশতাক আলি ট্রফির ম্যাচ দিয়ে, রাজস্থানের বিপক্ষে ২ ছক্কায় ৬ বলে করেন ১৩ রান।

সেই রাজস্থানের ফ্র্যাঞ্চাইজিই তাকে দলে নিল আইপিএলে। টুর্নামেন্টে তিনি খেলার সুযোগ পাবেন কি-না, সেটা সময়ই বলে দেবে।