বাবর-রিজওয়ানদের শাস্তি
চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে মন্থর ওভাররেটের কারণে জরিমানা করা হয়েছে স্বাগতিক পাকিস্তানকে।
এমনিতেই হারের হতাশা সঙ্গী। এবার শাস্তিও পেতে হচ্ছে পাকিস্তানকে। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে মন্থর ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছে তাদের।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি বৃহস্পতিবার বিবৃতি দিয়ে পাকিস্তানকে জরিমানা করার কথা নিশ্চিত করে। নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা হয়েছে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের।
ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নেন পাকিস্তান অধিনায়ক রিজওয়ান। তাই আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
করাচিতে বুধবার পাকিস্তান-নিউ জিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। কিউইদের বিপক্ষে হেরে যায় তারা ৬০ রানে।
টুর্নামেন্টে পাকিস্তানের পরের ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। আগামী রোববার দুবাইয়ে লড়বে দল দুটি। এরপর বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে রিজওয়ানের দল।
