২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন এনগিডি, অনিশ্চিত টেস্টেও

লুঙ্গি এনগিডির জায়গায় বিউরান হেনড্রিকসকে দলে ডেকেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2023, 11:06 PM

Updated : 08 Dec 2023, 11:06 PM

ভারতের বিপক্ষে আসছে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে খেলার কথা ছিল লুঙ্গি এনগিডির। কিন্তু বাঁ অ্যাঙ্কেলের চোটে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।

ডারবানে আগামী রোববার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হওয়ার কথা। এর একদিন আগে মাঠের বাইরে চলে গেলেন জাতীয় দলের হয়ে ৪০ টি-টোয়েন্টি খেলা অভিজ্ঞ এই বোলার।

ভারতের বিপক্ষে ২০ ওভারের ম্যাচ দুটি খেলার পর টেস্টের প্রস্তুতি হিসেবে ঘরোয়া ক্রিকেটে একটি চার-দিনের ম্যাচ খেলতে চেয়েছিলেন ২৭ বছর বয়সী এনগিডি। কিন্তু এখন তার টেস্টে খেলার সম্ভাবনাও অনিশ্চিত হয়ে পড়ল।

এনগিডি কিভাবে চোট পেয়েছেন, তা অবশ্য ক্রিকেট দক্ষিণ আফ্রিকার শুক্রবারের বিবৃতিতে জানানো হয়নি। তার পরিবর্তে বিউরান হেনড্রিকসকে দলে ডেকেছে তারা।

এনগিডি চোটে পড়ায় টি-টোয়েন্টি সিরিজে প্রথম পছন্দের তিন পেসারের কাউকেই পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। কারণ, পুরো সিরিজের জন্য আগেই বিশ্রাম দেওয়া হয়েছে কাগিসো রাবাদাকে এবং চোটে ভারতের বিপক্ষে তিন সংস্করণের সিরিজ থেকেই ছিটকে গেছেন আনরিখ নরকিয়া।

অবশ্য তারপরও দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ বেশ ভালো। মার্কো ইয়ানসেন, জেরল্ড কুটসিয়া, লিজাড উইলিয়ামস, ওটনিয়েল বার্টমান ও হেনড্রিকসদের সঙ্গে আছেন অলরাউন্ডার নান্দ্রে বার্গার ও আন্দিলে ফেলুকোয়াইয়ো।

ইয়ানসেন ও কুটসিয়াকে প্রথম দুই টি-টোয়েন্টির পর ছেড়ে দেওয়া হবে। টেস্টের প্রস্তুতির জন্য লাল বলের ঘরোয়া ক্রিকেটে খেলবে তারা।