০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ডারবান টেস্টে নেই রাবাদা, সাড়ে ৩ বছর পর একাদশে নরকিয়া

হ্যামস্ট্রিং চোট থেকে কাগিসো রাবাদা সেরে উঠলেও, পুরোপুরি ফিট হয়ে উঠতে তাকে সময় দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

ডারবান টেস্টে নেই রাবাদা, সাড়ে ৩ বছর পর একাদশে নরকিয়া

আনরিখ নরকিয়া। ছবি: ক্রিকেট সাউথ আফ্রিকা ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 06:52 PM

Updated : 08 Oct 2026, 06:52 PM

হ্যামস্ট্রিং চোট কাটিয়ে মাঠে ফিরে প্রস্তুতি ম্যাচে বোলিংও করেছেন কাগিসো রাবাদা। তবে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না দক্ষিণ আফ্রিকা। প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত হতে তারকা এই পেসারকে আরও কিছুটা সময় দিয়েছে তারা। তাই রাবাদাকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের একাদশ সাজিয়েছে প্রোটিয়ারা।

রাবাদার অনুপস্থিতিতে ডারবান টেস্টের একাদশে গতিময় পেসার আনরিখ নরকিয়াকে ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। সাড়ে তিন বছরেরও বেশি সময় পর ক্রিকেটের অভিজাত সংস্করণে খেলতে যাচ্ছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের টেস্ট সিরিজটি শুরু শুক্রবার। আগের দিন একাদশ ঘোষণা করল স্বাগতিকরা।

নরকিয়া ক্যারিয়ারের ১৯ টেস্টের সবশেষটি খেলেন ২০২৩ সালের ফেব্রুয়ারিতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই সংস্করণে এখন পর্যন্ত ৭০ উইকেট নিয়েছেন তিনি। ইনিংসে পাঁচ শিকার ধরেছেন চারবার।

গত সাড়ে তিন বছরের বেশি সময় ধরে প্রথম শ্রেণির ম্যাচও খেলেননি নরকিয়া। ২০২৩ সালের মার্চে সবশেষ সাদা পোশাকে খেলা এই বোলারকে তবুও টেস্টের একাদশে ফেরানো কিছুটা চমক জাগানিয়া বটে।

গত মে মাসে আইপিএলে খেলার পর আর কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি রাবাদা। দক্ষিণ আফ্রিকার হয়ে তার সবশেষ ম্যাচ গত মার্চে, নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি।

২০২৫ সালের অক্টোবরে পাকিস্তান সফরে নিজের সবশেষ টেস্টটি খেলেন রাবাদা। এরপর ভারত সফরের দলে থাকলেও খেলতে পারেননি কোনো ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে তাকে পাওয়ার আশায় ছিল দক্ষিণ আফ্রিকা।

চোট সমস্যা কাটিয়ে গত সপ্তাহান্তে নিজেদের মধ্যে খেলা প্রস্তুতি ম্যাচে বোলিং করেন তিনি। বৃহস্পতিবার ডারবানে আরও একটি অনুশীলন সেশন করেন। তবে সামনের ব্যস্ত মৌসুমে খেলার জন্য প্রস্তুত হতে রাবাদাকে আরও কিছুটা সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এবারের মৌসুমে ঘরের মাঠে আটটি টেস্ট খেলবে তারা।

রাবাদাকে নিয়ে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা বলেন, “আমরা সতর্কতার পথ বেছে নিয়েছি এবং তাকে আরও কিছু দিন বাড়তি সময় দিয়েছি, যাতে সে যতটা সম্ভব শতভাগ ফিট হয়ে উঠতে পারে।”

অবশ্য দ্বিতীয় টেস্টেও রাবাদা খেলার বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি বাভুমা। গেবেখায় ম্যাচটি শুরু ১৮ অক্টোবর।

“আমাদের চিকিৎসক দলের ওপর আস্থা আছে। আমরা তাকে যে অবস্থায় চাই, তারা তাকে তেমন ফিট করে তুলতে পারবে। তবে তারা এখনও আনুষ্ঠানিকভাবে কাগিসোকে খেলার অনুমতি দেয়নি।

“সে এখনো তাদের তত্ত্বাবধানেই আছে। অবশ্যই, সে যখনই সবুজ সংকেত পাবে, আশা করছি, তখন তাকে একাদশে রাখা হবে।”

নরকিয়ার পাশাপাশি আরও দুই পেসার মার্কো ইয়ানসেন ও ভিয়ান মুল্ডারকে একাদশে রেখেছে দক্ষিণ আফ্রিকা। অভিজ্ঞ স্পিনার কেশাভ মহারাজের সঙ্গে স্পিন আক্রমণ সামলাবেন সাইমন হার্মার।

ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার খেলা সবশেষ টেস্টের একাদশ থেকে নেই টনি ডি জর্জি ও সেনুরান মুথুসামি। ফেরানো হয়েছে ঘরোয়া ক্রিকেটে ভালো করা ডেভিড বেডিংহ্যামকে।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, ডেভিড বেডিংহ্যাম, টেম্বা বাভুমা (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, ভিয়ান মুল্ডার, কাইল ভেরেইনা (কিপার), মার্কো ইয়ানসেন, কেশাভ মহারাজ, সাইমন হার্মার ও আনরিখ নরকিয়া।