২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা প্রিমিয়ার লিগে এ কেমন আউট!

দুইবার সুযোগ পেয়েও ক্রিজে ফেরেননি এক ব্যাটসম্যান, আরেকজন পেছনে না তাকিয়ে সোজা হাঁটা দেন ড্রেসিং রুমের দিকে, অদ্ভুত দুই স্টাম্পিং আউট জন্ম দিয়েছে নানা প্রশ্ন ও সন্দেহ।

ঢাকা প্রিমিয়ার লিগে এ কেমন আউট!
ব্যাট ক্রিজের ভেতরে আনার চেষ্টাই করলেন না ব্যাটসম্যান, অপেক্ষা করলেন কিপার কখন স্টাম্পিং করবে! ছবি: ভিডিও থেকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2025, 06:20 PM

Updated : 26 Aug 2026, 12:28 PM

‘রাফসান, আকসু তোকে ডাকছে, দেখা করে আয়…’- শাইনপুকুর ক্রিকেট ক্লাবের অধিনায়ক রায়ান রাফসান রহমানকে বিসিবি একাডেমি মাঠে দেখেই দূর থেকে বলে উঠলেন আফিফ হোসেন ও সাইফ হাসান। জবাবে তেমন কিছু বলতে পারলেন না রাফসান। 

অবশ্য বেশি কিছু বলার সুযোগও ছিল না শাইনপুকুর অধিনায়কের। আকসুর (অ্যান্টি করাপশন ইউনিট) ডাক পড়ার কথাটি হয়তো মজা করেই বলা হয়েছে। তবে ব্যাপারটি গুরুতরই। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে প্রশ্নবিদ্ধ দুটি স্টাম্পিং আউটে প্রবল সন্দেহের জন্ম দিয়েছে রাফসানের নেতৃত্বাধীন দল।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার গুলশান ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয় অবনমন অঞ্চলে ঘুরপাক খেতে থাকা শাইনপুকুর। ১৭৮ রানের পুঁজি নিয়েও ৫ রানে জিতে যায় গুলশান।

আলোচিত দুই আউটের একটি শাইনপুকুরের ইনিংসের ৩৬তম ওভারের। নিহাদ উজ জামানের বল ক্রিজ ছেড়ে অনেকটা বেরিয়ে খেলার চেষ্টায় টার্নে পরাস্ত রহিম আহমেদ। বল ছিল অনেক বাইরে, কিন্তু তিনি বলের কাছে যাওয়ার চেষ্টা করেননি। বড় শট খেলার চেষ্টাও তার ছিল না, বলের নাগালে না গিয়েই ডিফেন্সের মতো ভঙ্গি করেন শুধু। 

পরে আর ক্রিজে ফেরার কোনো তাড়নাই দেখাননি তিনি। সোজা ড্রেসিং রুমের দিকে হাঁটা ধরেন শাইনপুকুরের লোয়ার অর্ডার ব্যাটসম্যান।

তখনও জয় থেকে ৩৬ রান দূরে শাইনপুকুর। বাকি ছিল ২ উইকেট। 

ওই আউটে যদি ভ্রু কুঁচকে যায়, তাহলে পরের ঘটনা আরও বেশি দৃষ্টিকটূ ও সন্দেহজনক। ১১ নম্বরে নামা শরিফুল ইসলামের ক্যামিও ইনিংসে ধীরে ধীরে জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল শাইনপুকুর। ৪৪তম ওভারে বোলিংয়ে আসেন নাঈম ইসলাম। প্রথম বলটি অফ স্টাম্পের অনেক বাইরে বল করেন অভিজ্ঞ অলরাউন্ডার। ক্রিজ ছেড়ে বেরিয়ে বলের কাছে যাওয়া বা শট খেলার কোনো চেষ্টাই করেননি ব্যাটসম্যান মিনহাজুল আবেদিন সাব্বির। ক্রিজের বাইরে গিয়ে হাঁটু গেড়ে বসে বল ছেড়ে দেন না খেলেই। 

গুলশানের উইকেটরক্ষক আলিফ হাসান ইমন বল গ্লাভসে নিয়ে প্রথম দফায় স্টাম্পে লাগাতে পারেননি। তখনও ক্রিজে ঢোকার যথেষ্ট সময় ছিল ব্যাটসম্যানের। কিন্তু তিনি সেই চেষ্টাই করেননি। পুরোটা কাছ থেকে দেখলেও ক্রিজের ভেতরে ব্যাট রাখেননি তিনি, বরং যেন অপেক্ষা করছিলেন কখন আউট করেন কিপার!

ধারাভাষ্যকারের কণ্ঠে তখন বিস্ময়, ‘শকিং! এর আগে আমি কখনও এমন কিছু দেখিনি।’ পরে দ্বিতীয় দফায় স্টাম্প ভেঙে গুলশানের জয় নিশ্চিত করেন আলিফ। 

একাধিকবার সুযোগ পেয়েও সাব্বিরের নিজের উইকেট বাঁচাতে না চাওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিজ্ঞ ব্যাটসম্যান শামসুর রহমান নিজের ফেইসবুকে লিখেছেন, ‘সিরিয়াসলি শেইম…!’

ম্যাচ শেষে মাঠে দাঁড়িয়েই গুলশানের প্রধান কোচ খালেদ মাহমুদকে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ক্রিকেটারদের সঙ্গে লম্বা সময় কথা বলতে দেখা যায়।

প্রশ্নবিদ্ধ দুই আউটে পাওয়া জয়ে দশ ম্যাচে মোট ১৩ পয়েন্ট নিয়ে সুপার লিগ নিশ্চিত হয়ে গেছে গুলশানের। একই সঙ্গে রেলিগেশন লিগে পড়ে গেছে শাইনপুকুর। অবনমন অঞ্চলের লড়াই এড়াতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না তাদের।

ম্যাচের শুরু থেকে সেই সম্ভাবনাও জাগায় শাইনপুকুর। টস জিতে গুলশানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়ে দারুণ বোলিং করে তারা। নিওন জামান, রহিম, শাহিন আলমদের দারুণ বোলিংয়ে মাত্র ১৭৮ রানে গুটিয়ে যায় গুলশান।

ছয় নম্বরে নেমে দলের সর্বোচ্চ ৩৮ রান করেন সাকিব শাহরিয়ার। এছাড়া তরুণ ওপেনার জাওয়াদ আবরারের ব্যাট থেকে আসে ৩৭ রান। 

তবে রান তাড়ায় শুরুটা একদমই ভালো হয়নি শাইনপুকুরের। পঞ্চাশের আগে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। ছন্দে থাকা অধিনায়ক রাফসানও অল্পতেই আউট হয়ে গেলে বিপদ আরও বাড়ে দলটির।

ষষ্ঠ উইকেটে ৪৭ রানের জুটিতে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন শাহরিয়ার সাকিব ও শিহাব জেমস। একই ওভারে দুজনকে ফিরিয়ে গুলশানের সম্ভাবনা উজ্জ্বল করেন নিহাদ। ৪০ রান করে ফেরেন শাহরিয়ার সাকিব। 

এরপরই রহিমের অদ্ভুতুড়ে আউট। পরে তার আউটকেও ছাপিয়ে যায় সাব্বিরের আউট। একাডেমি মাঠে নিজেদের অনুশীলন রেখে শের-ই বাংলায় ম্যাচের শেষ অংশ দেখতে ছুটে যান লেজেন্ডস অব রূপগঞ্জের আফিফ ও সাইফ। শেষ উইকেটে সন্দেহজনক ওই স্টাম্পিং আউট দেখে তাদের হাসি আর থামেই না! 

সন্দেহজনক দুই স্টাম্পিং নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, বলেন ঢাকা প্রিমিয়ার লিগের সমন্বয়ক সাব্বির আহমেদ রুবেল।

“এগুলো পুরোপুরি নির্ভর করে ম্যাচ রেফারির ওপর। আম্পায়াররা তাদের ম্যাচ রিপোর্ট দেবে। ম্যাচ রেফারি একটা রিপোর্ট করবে। এরপর যদি কোনো অভিযোগ আনার বিষয় থাকে, তখন অ্যান্টি করাপশন ইউনিট দেখবে।”

সংক্ষিপ্ত স্কোর: 

গুলশান ক্রিকেট ক্লাব: ৪১ ওভারে ১৭৮ (জাওয়াদ ৩৭, আজিজুল ১৬, খালিদ ৯, আলিফ ১৭, নাঈম ৭, সাকিব ৩৮, ইলিয়াস ৭, ফরহাদ ২২, নিহাদ ১৪*, পায়েল ০, অনিল ৪; শাহিন ৮-০-৪৯-১, শরিফুল ৮-৩-২১-১, রহিম ১০-২-৩৭-২, রাফসান ৭-০-৩৭-১, নিওন ৮-০-৩৭-৩)

শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৪৩ ওভারে ১৭৩ (রানা ৮, মইনুল ২১, নিওন ১৮, রাফসান ১৭, অনিক ০, সাকিব ৪০, শিহাব ১৫, রহিম ১৮, সাব্বির ৮, শাহিন ১, শরিফুল ২২*; অনিল ২-০-১৮-১, নিহাদ ১০-১-৩৯-৩, ইলিয়াস ১০-০-৪৪-১, পায়েল ৬-১-২৬-১, আজিজুল ১০-৩-২০-৩, নাঈম ৪-০-২০-১, ফরহাদ ১-০-৬-০)

ফল: গুলশান ক্রিকেট ক্লাব ৫ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: আজিজুল হাকিম