Published : 26 May 2026, 09:38 PM
রাশিদ খানের বল স্কয়ার লেগে পাঠিয়ে এক রান নিলেন ভিরাট কোহলি। এতে আরও একটি আইপিএল আসরে ছয়শ রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। প্রতিযোগিতাটির সফলতম ব্যাটসম্যান গড়লেন আরেক কীর্তি।
প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে টানা চার আসরে ৬০০ বা এর বেশি রান করলেন কোহলি। টানা তিন আসরে এই নজির আছে আরেক ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল ও ক্যারিবিয়ান গ্রেট ক্রিস গেইলের।
২০১১ সালে ১২ ম্যাচে ৬০৮, ২০১২ সালে ১৫ ম্যাচে ৭৩৩ ও ২০১৩ সালে ১৬ ম্যাচে ৭০৮ রান করেন গেইল। রাহুল ২০২০ সালে ১৪ ম্যাচে ৬৭০, ২০২১ সালে ১৩ ম্যাচে ৬২৬ ও ২০২২ সালে ১৫ ম্যাচে ৬১৬ রান করেন।
২০২৩ সালে ১৪ ম্যাচে ৬৩৯, ২০২৪ সালে ১৫ ম্যাচে ৭৪১, ২০২৫ সালে ১৫ ম্যাচে ৬৫৭ রান করেন কোহলি।
এবারের আসরে ১৫ ম্যাচে এখন কোহলির রান ঠিক ৬০০। মাইলফলকটি ছুঁতে প্রথম কোয়ালিফায়ারে মঙ্গলবার গুজরাট টাইটান্সের বিপক্ষে তার প্রয়োজন ছিল ৪৩ রান। ২৫ বলে ৪৩ রান করেই আউট হন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা।
সব মিলিয়ে ছয় আসরে ছয়শ রানের ঠিকানায় পা রাখলেন কোহলি। এখানে তার পরে আছেন রাহুল, চার আসরে।
এ দিন আরেকটি কীর্তি গড়েছেন কোহলি। গুজরাট টাইটান্সের বিপক্ষে সব মিলিয়ে পাঁচশ রান হয়ে গেছে তার। প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে আটটি দলের বিপক্ষে পাঁচশ বা এর বেশি রান করলেন তিনি। অন্য সাত দল হলো পাঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স।
সাতটি দলের বিপক্ষে এই স্বাদ পেয়েছেন দুই জন- রোহিত শার্মা ও শিখার ধাওয়ান।