২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে বিব্রতকর রেকর্ডে উন্নতি চান বাংলাদেশ অধিনায়ক

পাকিস্তানের বিপক্ষে নাজুক রেকর্ড বদলানোর ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2024, 04:45 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

তামিম ইকবাল ও ইমরুল কায়েসের রেকর্ড জুটির সৌজন্যে খুলনায় ড্র- পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রাপ্তি, অর্জন বা সাফল্য এটুকুই। বাকি ১২ ম্যাচে প্রতিটির ফলই গেছে বাংলাদেশের বিপক্ষে। তাই অতীত পেছনে ফেলে সামনের সিরিজে রেকর্ড বদলাতে চান বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সাদা বলের দুই সংস্করণে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিপক্ষে বেশ কিছু ম্যাচ জিতেছে বাংলাদেশ। কিন্তু টেস্টে তাদের অবস্থা শুরুর দিনগুলোর মতোই নাজুক। ২০০১ থেকে এখন পর্যন্ত ১৩ ম্যাচে মুখোমুখি হয়ে ২০১৫ সালের খুলনা টেস্ট ড্র আর ২০০৩ সালে মুলতানে লড়াই করা ছাড়া বলার মতো কোনো পারফরম্যান্স নেই বাংলাদেশের।

হেরে যাওয়া ১২ ম্যাচের ৬টির পরাজয় ইনিংস ব্যবধানে। বাকি ছয় ম্যাচে শুধু মুলতানে যা একটু জেগেছিল জয়ের আশা। অন্যগুলোতে কোনো লড়াই-ই করতে পারেনি বাংলাদেশ। তাই ঘরের মাঠে সিরিজে স্পষ্ট ফেভারিট হিসেবেই নামবে পাকিস্তান। 

তবে শান্তর ভাবনা অবশ্য কিছুটা ভিন্ন। আগের অধিনায়কেরা যা করতে পারেননি, এবার তা করতে চান শান্ত। প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে তিনি বললেন, বিশেষ কিছু করে পরিসংখ্যান বদলে দিতে আত্মবিশ্বাসী তার দল।       

“আমি মনে করি, এটি (পাকিস্তান ১২-০ বাংলাদেশ) শুধুই আগের রেকর্ড। আর রেকর্ড তো বদলাতেই পারে। কাজটা সহজ হবে না। তবে আমাদের দল খুব ভারসাম্যপূর্ণ। আমরা বিশ্বাস করি, এবার বিশেষ কিছু করতে পারব। ক্রিকেটাররা এখানে খেলার জন্য রোমাঞ্চিত।”

সেই বিশেষ কিছু করতে বাংলাদেশের সাম্প্রতিক ছন্দ আবার পক্ষে নেই। চলতি বছর খেলা দুই ম্যাচে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে শান্তর দল। চার ইনিংস মিলিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা ফিফটি করতে পেরেছেন মাত্র ৩টি। এর দুটিই আবার মুমিনুল হকের। 

ব্যাটসম্যানদের ছন্দহীনতা মাথায় রেখে এবার যথাযথ প্রস্তুতি নেওয়ার কথা বললেন শান্ত।

“সবাই জানে, আমাদের ব্যাটিংটা কয়েক দিন ধরে ভালো হচ্ছে না। সবশেষ টেস্ট সিরিজটাও আমরা ওরকমভাবে ভালো করিনি। তবে প্রস্তুতির দিক থেকে এবার আমরা ভালো প্রস্তুতি নিতে পেরেছি। যতটুকু সুযোগ পেয়েছি, ভালোভাবে তৈরি হওয়ার চেষ্টা করেছি।” 

“প্রত্যেক ক্রিকেটার বিশ্বাস করে, বিশেষ করে এবার ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করব। পাশাপাশি টেস্ট জেতার জন্য বোলিংটাও খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, দল হিসেবে এবার খুব ভালো সুযোগ আছে আমাদের।”

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় ১১টা ৩০ মিনিট শুরু হবে প্রথম টেস্ট।