ভারত-পাকিস্তান ম্যাচ হবেই, শতভাগ নিশ্চিত অশ্বিন
ভারতের সাবেক স্পিনারের মতে, আইসিসির অন্য সদস্যদের চাপে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হবে পাকিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসবে পাকিস্তান, শতভাগ নিশ্চিত রাভিচান্দ্রান অশ্বিন। ভারতের সাবেক স্পিনারের মতে, আইসিসির অন্য সদস্যদের চাপের মুখে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হবে তাদের প্রতিবেশিরা।
কলম্বোয় আগামী ১৫ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। তবে গত রোববার পাকিস্তান সরকার জানিয়ে দেয়, ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান দল।
পাকিস্তানের এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট দুনিয়ায় চলছে তোলপাড়। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির বিশাল অঙ্কের সম্ভাব্য আর্থিক ক্ষতি নিয়েও চলছে তুমুল আলোচনা। সেই ঘাটতি পুষিয়ে নিতে পিসিবিকে জরিমানা করা কিংবা আইসিসির রাজস্ব থেকে পিসিবির ভাগ কমিয়ে দেওয়া হতে পারে বলেও বিভিন্ন সংবাদমাধ্যমে আসছে খবর।
শুধু তাই নয়, পাকিস্তানের সম্ভাব্য আরও অনেক শাস্তির মুখোমুখি হওয়ার ব্যাপারেও নানারকম কথা হচ্ছে। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, এসব কথা ভেবে হলেও সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান।
“ম্যাচটা (ভারত-পাকিস্তান) শতভাগই হবে। আমার মনে হয়, আগামী চার-পাঁচ দিনের মধ্যে পাকিস্তান (নিজেদের সিদ্ধান্ত থেকে) পিছু হটবে। আমিও এই ম্যাচটা দেখতে চাই।”
“তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। সম্প্রচারকদের অনেক অর্থের ক্ষতি হবে, তাই সমঝোতা হতেই হবে। (আইসিসির) সব সদস্যরা ক্ষতিগ্রস্ত হবে এবং তারা আইসিসির সভায় বলবে যে, পাকিস্তানের কারণে আমরা এই ক্ষতির সম্মুখীন হচ্ছি। পিএসএলে খেলোয়াড়দের এনওসি নাও দেওয়া হতে পারে।”
ভারত ও শ্রীলঙ্কায় আগামী শনিবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।
