Published : 26 May 2026, 08:20 PM
ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটে-বলে ভালো করতে না পারায় উইমেন’স টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন অ্যামেলিয়া কার। আর তাতে সিংহাসন পুনরুদ্ধার করেছেন হেইলি ম্যাথিউস।
নারী ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার প্রকাশ করেছে আইসিসি। টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়ে ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের লিনজি স্মিথ।
২-১ ব্যবধানে হেরে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে যথাক্রমে ৮, ০ ও ৫ রান করেন নিউ জিল্যান্ড অধিনায়ক কার। বল হাতে নিতে পারেন কেবল দুটি উইকেট। ৪৭৮ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের তালিকায় তিনি এখন দুইয়ে। ওয়েস্ট ইন্ডিজ তারকা ম্যাথিউসের রেটিং পয়েন্ট ৪৮৩।
২০২৩ সালের অক্টোবর থেকে গত মার্চ পর্যন্ত চূড়ায় ছিলেন ম্যাথিউস। কারের অবনতিতে ফের শীর্ষে ফিরলেন তিনি।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে আর কোনো পরিবর্তন আসেনি।
তিন ম্যাচে ছয় উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন স্মিথ। তাতে বোলারদের র্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগিয়েছেন ইংলিশ বাঁহাতি স্পিনার। আগের মতোই সবার ওপরে পাকিস্তানের সাদিয়া ইকবাল।
বোলারদের তালিকায় শীর্ষ পাঁচের তিন জনই ইংল্যান্ডের। তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন যথাক্রমে সোফি এক্লেস্টোন ও লরেন বেল।
আর ব্যাটারদের র্যাঙ্কিংয়ের প্রথম পাঁচটি স্থানে আসেনি কোনো বদল। যথারীতি আছেন অস্ট্রেলিয়ার জর্জ ভল ও বেথ মুনি, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, ওয়েস্ট ইন্ডিজের ম্যাথিউস ও ভারতের স্মৃতি মান্ধানা।
এক ধাপ করে এগিয়েছেন অস্ট্রেলিয়ার তাহলিয়া ম্যাকগ্রা (ষষ্ঠ) ও ভারতের শেফালি ভার্মা (সপ্তম)। আট ধাপ এগিয়ে শীর্ষ দশে ঢুকেছেন সোফি ডিভাইন (দশম)।