২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমের বিরুদ্ধে অভিযোগকারীই শুনানিতে অনুপস্থিত

তামিম ইকবালের বিরুদ্ধে রহস্যময় যে আপত্তিপত্র জমা পড়েছিল, সেটি শেষ পর্যন্ত আমলে নেয়নি নির্বাচন কমিশন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2025, 06:35 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

তামিম ইকবালের কাউন্সিলরশিপের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেছিলেন যিনি, তাকেই পাওয়া যায়নি নির্বাচন কমিশনের শুনানিতে। শেষ পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়নি নির্বাচন কমিশন। বিসিবি নির্বাচনে সাবেক এই অধিনায়কের অংশ নেওয়া নিয়ে তাই আপাতত কোনো সংশয় নেই।

বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বুধবার একটি আপত্তিপত্র জমা পড়ে ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর তামিমের বিরুদ্ধে। কানাডাপ্রবাসী সাবেক ক্রিকেটার হালিম শাহর স্বাক্ষরিত অভিযোগে দাবি করা হয়, আইসিসি স্বীকৃত ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর না নেওয়ায় বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তামিম কাউন্সিলর হতে পারেন না। তিনি ওল্ড ডিওএইচএস ক্লাবের কেউ নন এবং তাকে ক্লাবের কাউন্সিলর করার কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানানো হয় অভিযোগপত্রে। 

তবে এ দিনই হালিম শাহ বিভিন্ন সংবাদমাধ্যমে জানান, এই ধরনের কোনো অভিযোগ তিনি করেননি এবং তিনি এসবের কিছুই জানেন না।

তামিম বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনে আপিল শুনানির পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিসিবি নির্বাচনে তার অংশগ্রহণ ঠেকাতে নানামুখী চেষ্টার অংশ হিসেবেই এই অভিযোগ করা হয়েছে।

পরে সন্ধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেইন বলেন, সেই অভিযোগপত্র তারা আমলে নেননি।

আমরা চিঠিটি পেয়েছি। তবে, যিনি এই আপত্তি জানিয়েছেন, তিনি আজ শুনানিতে উপস্থিত থেকে বিষয়টি উত্থাপন করেননি। সুতরাং, আমরা তাকে অনুপস্থিত হিসেবে চিহ্নিত করেছি এবং এই আপত্তিটি আর আমলে নেব না।”

নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির প্রধান ও অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) কাজী নজরুল ইসলাম।