Published : 19 Nov 2024, 04:18 PM
থমকে থাকা আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায় আবার শুরু করার সুযোগ পেয়েছেন লাসিথ এম্বুলদেনিয়া। প্রায় আড়াই বছর জাতীয় দলের বাইরে থাকা এই স্পিনারকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল সাজিয়েছে শ্রীলঙ্কা।
দুই টেস্টের সিরিজটির জন্য মঙ্গলবার ১৭ জনের দল দিয়েছে লঙ্কানরা। যেখানে ১৫ জনই ছিলেন ঘরের মাঠে নিউ জিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা দুই টেস্টের সিরিজের দলে।
দলে ফেরা এম্বুলদেনিয়া আন্তর্জাতিক ক্রিকেটে কেবল টেস্টই খেলেছেন। এখন পর্যন্ত ১৭ টেস্টে তারা শিকার ৭১ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন পাঁচবার, চার শিকার ধরেছেন তিনবার। ম্যাচে ১০ উইকেট পেয়েছেন একবার।
লঙ্কানদের হয়ে এম্বুলদেনিয়া সবশেষ মাঠে ২০২২ সালের জুনে, অস্ট্রেলিয়ার বিপক্ষে গল টেস্টে। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকায় ভালো পারফরম্যান্সের কারণে দলে ফিরতে পেরেছেন ২৮ বছর বয়সী বাঁহাতি এই স্পিনার। ২-০ ব্যবধানে জেতা লঙ্কানদের ঐতিহাসিক ওই সিরিজে তিন ইনিংসে ২৩.৮৩ গড়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।
এম্বুলদেনিয়ার মতো দলে ফিরেছেন কাসুন রাজিথা। সবশেষ লঙ্কানদের প্রতিনিধিত্ব করেন তিনি গত মার্চে, বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে। ২০১৯ সালের দক্ষিণ আফ্রিকা সফরেও খেলেছিলেন তিনি। ৯ উইকেট নিয়ে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন এই পেসার।। এখন পর্যন্ত ১৮ টেস্ট খেলে তার শিকার ৫৫ উইকেট। ইনিংসে দুইবার নিয়েছেন পাঁচ উইকেট, একবার চারটি।
নিউ জিল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন রামেশ মেন্ডিস ও জেফ্রি ভ্যান্ডারসে। জায়গা ধরে রেখেছেন অফ স্পিনার নিশান পেইরিস। দলে আছেন পাঁচ বছর আগে দক্ষিণ আফ্রিকায় ভালো করা টপ অর্ডার ব্যাটসম্যান ওশাদা ফার্নান্দোও।
সিরিজ শুরুর আগের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে এরই মধ্যে ডারবানে পৌঁছে গেছেন লঙ্কানদের টেস্ট বিশেষজ্ঞদের অনেকেই। কুসাল মেন্ডিস, আসিথা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস ও পাথুম নিসাঙ্কা নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডের সিরিজের শেষ ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন। তিন ম্যাচের সিরিজটি তারা এরই মধ্যে ২-০ ব্যবধানে জিতে নিয়েছে।
ডারবানে দুই দলের প্রথম টেস্ট শুরু আগামী ২৭ নভেম্বর। দ্বিতীয় ম্যাচ শুরু ৫ ডিসেম্বর।
দক্ষিণ আফ্রিকা সফরের শ্রীলঙ্কার টেস্ট দল: ধানাঞ্জায়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, দিমুথ কারুনারাত্নে, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ওশাদা ফার্নান্দো, সাদিরা সামারাউইক্রামা, প্রাবাথ জায়াসুরিয়া, নিশান পেইরিস, লাসিথ, এম্বুলদেনিয়া, মিলান রাত্নায়েকে, আসিথা ফার্নান্দো, ভিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, কাসুন রাজিথা।