‘বড় ভাই’ সাকিবের পরামর্শ কাজে লাগিয়ে শুরুতেই সফল ওয়াসিম
‘সাকিব আল হাসান সত্যিকারের কিংবদন্তি, তার পরামর্শ কাজে লেগেছে’, বিপিএলে এবার প্রথম খেলতে নেমেই ম্যান অব দা ম্যাচ হয়ে বললেন মুহাম্মাদ ওয়াসিম।
আগের দিন দুপুরে সিলেটে পৌঁছেছেন মুহাম্মাদ ওয়াসিম। দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি একদিনও। পরদিন মাঠে নেমেই উপহার দিলেন তিনি ম্যাচ জেতানো ইনিংস। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই যুগে এসব অনেকটা স্বাভাবিকই হয়ে উঠেছে। বিস্ময় ছড়ায় না তেমন একটা। তবে ওয়াসিমের এই শুরুর সাফল্যের পেছনে একজন নিয়ামকও ছিলেন। তার নাম সাকিব আল হাসান!
বিপিএলের ডাক আসার পর বেশ কজন ক্রিকেটারের সঙ্গে কথা বলেছিলেন ওয়াসিম। তাদের সবারই কথা ছিল, বাংলাদেশ উইকেট বেশ কঠিন হবে ব্যাটসম্যানদের জন্য। সেই চ্যালেঞ্জ জয়ের জন্য ওয়াসিমের মনে পড়ল সাকিবের কথা। আইএল টি-টোয়েন্টিতে এক দলে খেলেছেন, সাকিবকে তিনি বড় ভাই মানেন। বাংলাদেশের কিংবদন্তির কাছ থেকে পাওয়া পরামর্শ কাজে লাগালেন বিপিএলে এসে। ব্যস, প্রথম ম্যাচেই ম্যান অব দা ম্যাচ!
পাকিস্তান জাতীয় দলে হয়ে খেলতে চলে যাওয়া ওপেনার সাহিবজাদা ফারহানের জায়গায় ওয়াসিমকে এনেছে রাজশাহী ওয়ারিয়র্স। সংযুক্ত আরব আমিরাতের ব্যাটসম্যানের সঙ্গে চুক্তিটি চার ম্যাচের।
আইসিসির সহযোগী দেশের ক্রিকেটার হলেও টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্ব আঙিনায় তিনি বেশ পরিচিত নাম। দারুণ সফল তো বটেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন হাজার রান করা ১১ ব্যাটসম্যানের একজন তিনি। সেঞ্চুরি করেছেন তিনটি। এখানে তার ওপরে আছেন কেবল চারজন ব্যাটসম্যান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯১ ইনিংসে ছক্কা মেরেছেন তিনি ১৮৭টি। তার চেয়ে বেশি মারতে পেরেছেন কেবল রোহিত শার্মা (১৫১ ইনিংসে ২০৫টি)।
তবে দক্ষতা তার যতই থাকুক, বাংলাদেশের উইকেট অসেক সময়ই কঠিন পরীক্ষা নেয় সেরাদের সেরাকেও। বছর দুয়েক আগে সেই অভিজ্ঞতা খানিকটা হয়েছিল স্বয়ং ওয়াসিমেরও। বিপিএল অভিষেক চট্টগ্রাম রয়্যালসের হয়ে আউট হয়েছিলেন ৭ বলে ১ রান করে।
এবার বিপিএল খেলতে আসার আগে তাই সাকিবের সঙ্গে কথা বলেন তিনি। এবারের আইএল টি-টোয়েন্টিতে দুজন একসঙ্গেই খেলেছেন এমআই এমিরেটসে।
সেই পরামর্শ এতটাই কার্যকর ছিল যে, অনুশীলন ছাড়া মাঠে নেমেই তিনি সফল। চারটি করে চার ও ছক্কা মেরে ৩৫ বলে ৬০ রানের ইনিংস খেলে রাজশাহী ওয়ারিয়র্সের জয়ে তিনি ম্যান অব দা ম্যাচ।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে ৩১ বছর বয়সী ব্যাটসম্যান কৃতজ্ঞতা জানালেন সাকিবের প্রতি।
“সাকিব ভাই আমাদের বড় ভাইয়ের মতো। তার সঙ্গে অনেক খেলেছি আমি। বাংলাদেশকে তিনি অনেক কিছু দিয়েছেন। তিনি কিংবদন্তি, সত্যিকারের কিংবদন্তি। তার কাছ থেকে এত কিছু শিখেছি, মাঠের ভেতরে তো বটেই, মাঠের বাইরেও।”
“তাকে জিজ্ঞেস করেছিলাম, বাংলাদেশে কীভাবে ভালো করতে পারি। তিনি কিছু কথা বলেছেন। আজকে আমি তা কাজে লাগিয়েছি।”
ম্যাচের শুরুর দিকে উইকেট একটু কঠিনই ছিল এ দিন। বল একটু থমকে এসেছে, বাউন্স ছিল কিছুটা অসমান। নোয়াখালী এক্সপ্রেস ২০ ওভারে তুলতে পারে ১৫১ রান। ওয়াসিমদের রান তাড়ার সময় উইকেট সহজ হয়ে আসে অনেকটা।
এখানে আসার আগে উইকেট নিয়ে যা শুনেছিলেন, তেমন কিছু তিনি দেখেননি এখানে এসে। উইকেট তার কাছেই ভালোই মনে হয়েছে।
“উইকেট কঠিন ছিল ইনিংসে শুরুর দিকে, ম্যাচ যখন শুরু হয়েছিল। শুরুতে বল কিছু না কিছু করছিল, থেমে আসছিল ব্যাটে। তবে ১০ ওভারের পর থেকে উইকেটের আচরণ ছিল ভালো।”
“সত্যি বলতে, এখানে আসার আগে সবাই বলছিল, উইকেট (ব্যাটসমানদের) সহায়তা করে না। তবে আজকে খেলে দেখলাম, অত খারাপ নয় উইকেট। বিশেষ করে পরের দিকে উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল।”
বিপিএলে আগে একটি ম্যাচ খেলে তার অভিজ্ঞতা সুখকর ছিল না। এবার প্রথম ম্যাচেই ছাপ রাখতে পেরে তিনি দারুণ খুশি।
“খুব ভালো লাগছে। সবকিছুর আগে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। পারফর্ম করতে পেরে, দলে অবদান রাখতে পেরে এবং বিপিএলে প্রথম ম্যান অব দা ম্যাচ হয়ে খুবই খুশি আমি। এই মোমেন্টাম সামনের ম্যাচগুলিতেও ধরে রাখার চেষ্টা করব।”
