১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দক্ষিণ আফ্রিকা অলরাউন্ডারের শাস্তি

একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে কর্বিন বশের নামের পাশে।

দক্ষিণ আফ্রিকা অলরাউন্ডারের শাস্তি
কর্বিন বশ। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2025, 05:00 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইসিসির আচরণবিধি ভাঙায় শাস্তি পেয়েছেন কর্বিন বশ। দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডারের নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

ডারউইনে মঙ্গলবার অস্ট্রেলিয়াকে ৫৩ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। পরদিন বশের শাস্তির কথা জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।

বিবৃতিতে বলা হয়েছে, আচরণবিধির লেভেল-১ এর ২.৫ ধারা ভেঙেছেন বশ। যেখানে উল্লেখ করা আছে, ‘আন্তর্জাতিক ম্যাচে আউট হওয়া ব্যাটসম্যানকে উদ্দেশ্য করে কোনো কথা, কাজ কিংবা অঙ্গভঙ্গি করা, যা তাকে আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখাতে উস্কে দিতে পারে।’

অস্ট্রেলিয়ার ইনিংসের ১৭তম ওভারে ঘটে এই কাণ্ড। বেন ডোয়ার্শিসকে আউট করার পর আঙুল উঁচিয়ে ড্রেসিং রুমের পথ দেখান বশ। যা আইসিসির আচরণবিধি লঙ্ঘন।

ম্যাচ রেফারির কাছে নিজের ভুল স্বীকার করে নেন বশ। তাই আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

আগামী শনিবার তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।