Published : 23 Jun 2026, 02:11 PM
হোটেলের এক কর্মী ট্রলিতে করে টেনে আনছিলেন একটি কার্টন। সামনে হাঁটছিলেন ভারতীয় দলের থ্রোডাউন স্পেশালিস্ট রাঘু। তিনি গিয়ে একটি কক্ষের দরজা নক করলেন। দরজা খুলেই তাকে প্রণাম করে পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন বৈভাব সুরিয়াভানশি। এরপর কার্টন খুলে একটি জার্সি পেলেন ভারতের বিস্ময়-বালক। দু হাতে সেই জার্সি তুলে ধরে একদৃষ্টে তাকিয়ে রইলেন তিনি বেশ কিছুক্ষণ। তার হাতে যেন ঝলমল করছিল তার স্বপ্ন!
ভারতীয় দলের সামাজিক মাধ্যমের পাতায় পোস্ট করা ভিডিওতে ফুটে উঠেছে দৃশ্যগুলো। সেই উপলক্ষটির উত্তেজনা ও রোমাঞ্চ মিশে আছে ভিডিওর ক্যাপশনেই, “যে মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল গোটা দেশ, তা এসে গেছে! ভারতীয় দলের জার্সিতে বৈভাব সুরিয়াভানশি। এই অবিশ্বাস্যরকম বিশেষ মুহূর্তটির সাক্ষী হোন...।”
১৫ বছর বয়সী ছেলেটাকে নিয়ে নতুন করে বলার আছে সামান্যই। বয়সভিত্তিক ক্রিকেট রাঙিয়ে, আইপিএলে তাণ্ডব চালিয়ে, ভারতের ‘এ’ দলে পারফর্ম করে, আন্তর্জাতিক অভিষেকের আগেই ক্রিকেট বিশ্বে তোলপাড় ফেলে জায়গা করে নিয়েছেন তিনি জাতীয় দলে।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে শুক্রবার যদি তিনি মাঠে নামেন, ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে গড়বেন তিনি ইতিহাস। ১৬ বছর ২০৫ দিন বয়সে টেস্ট খেলে গত প্রায় ৩৭ বছর ধরে রেকর্ডটি সাচিন টেন্ডুলকারের।
আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচটির দিন সুরিয়াভানশির বয়স হবে ১৫ বছর ৯১ দিন। সেদিন যদি তার অভিষেক নাও হয়, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের কোনো এক ম্যাচে তো খেলবেন নিশ্চিতভাবেই। রেকর্ড হয়ে যাবে তখনই।
জাতীয় দলের রোমাঞ্চ অবশ্য সুরিয়াভানশি পেয়ে গেছেন জার্সির ছোঁয়া পেয়েই। সেই ভিডিওতেই তিনি শুনিয়েছেন অনুভূতি।
“(অনুভূতি) প্রকাশ করার ভাষা নেই। প্রথম দিন থেকে যে কারণে ব্যাট ধরেছি, অনুশীলনের জন্য ক্রিকেট মাঠে গিয়েছি, আজ সেই স্বপ্ন সত্যি হলো। মূল পদক্ষেপ যেটি হয়, সেটি আজ পূর্ণ হলো। কোনো শব্দই যথেষ্ট নয় বোঝানোর জন্য।”

“স্বপ্নের মতোই লাগছিল। ওই টি-শার্ট দেখে এত বেশি খুশি হয়ে গেছি… হাসছিলাম আমি। কখনও কখনও এরকম হয় না যে, কোনো জিনিস ভাবনাতেও থাকে না! কিন্তু বাস্তবে তা হয়ে যাওয়ার পর বুঝে ওঠা যায় না যে কী করব… সেরকমই অবস্থা ছিল আমার।”
আন্তর্জাতিক ক্রিকেটে পা পড়ার আগে তার প্রস্তুতিও হয়েছে দারুণ। ভারতের ‘এ’ দলের হয়ে রোববার শ্রীলঙ্কায় ত্রিদেশীয় ‘এ’ দলের সিরিজের ফাইনালে ২৯ বলে ৯৪ রানের ইনিংস খেলেছেন, যে ধরনের ইনিংস তার ব্যাট থেকে এখন নিয়মিতই দেখা যায়। সেই ইনিংসের পথে ১১ বলে করেছেন ফিফটি, লিস্ট ‘এ’ ক্রিকেটে যা বিশ্বরেকর্ড।
আইপিএল ও বয়সভিত্তিক ক্রিকেটে কত রেকর্ড তিনি এর মধ্যে করে ফেলেছেন, সবকিছুর হিসাব রাখাও কঠিন। অপেক্ষা এবার আন্তর্জাতিক ক্রিকেট রাঙানোর।