২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড টেস্ট দলে ফিরলেন রবিনসন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই টেস্টের দলে ফিরেছেন বেন ফোকসও।

ইংল্যান্ড টেস্ট দলে ফিরলেন রবিনসন

অলি রবিনসন

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2022, 09:17 PM

Updated : 02 Aug 2022, 10:04 PM

ছয় মাসের বেশি সময় পর ইংল্যান্ড টেস্ট দলে ফিরেছেন অলি রবিনসন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই টেস্টের স্কোয়াডে রাখা হয়েছে এই পেসারকে।

তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটির জন্য মঙ্গলবার ১৪ সদস্যের দল দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

রবিনসন ৯ টেস্টের সবশেষটি খেলেছেন গত জানুয়ারিতে, অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচে। পিঠের চোটে অনেকটা সময় বাইরে থাকা ২৮ বছর বয়সী এই পেসার দলে এসেছেন আরেক পেসার জেমি ওভারটনের জায়গায়। সারের হয়ে খেলার সময় হাত ও পায়ে চোট পেয়ে ছিটকে গেছেন ওভারটন।

সবশেষ ভারতের বিপক্ষে জেতা এজবাস্টন টেস্টের দলে পরিবর্তন আর কেবল একটিই। বেন ফোকস ফিট হয়ে ফেরায় বাদ পড়েছেন স্যাম বিলিংস।

আগামী ১৭ অগাস্ট লর্ডসে প্রথম টেস্টে প্রোটিয়াদের মুখোমুখি হবে বেন স্টোকসের দল। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৫ অগাস্ট, ম্যানচেস্টারে। ৮ সেপ্টেম্বর থেকে দা ওভালে হবে তৃতীয় ও শেষ টেস্ট। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

ইংল্যান্ড টেস্ট দল: বেন স্টোকস (অধিনায়ক), অ্যালেক্স লিস, জ্যাক ক্রলি, জো রুট, জনি বেয়ারস্টো, বেন ফোকস (উইকেটকিপার), হ্যারি ব্রুক, অলি পোপ, জ্যাক লিচ, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, অলি রবিনসন, ম্যাথু পটস, ক্রেইগ ওভারটন।