২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

যা হয়েছে, মুস্তাফিজের জন্য হতাশার : আর্থার

আইপিএল থেকে বাদ পড়া নিয়ে মুস্তাফিজুর রহমানের সঙ্গে আলাদা করে কথা বলেছেন রংপুর রাইডার্সের কোচ মিকি আর্থার।

বিডিনিউজ২৪

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2026, 02:42 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

মুস্তাফিজুর রহমান এমনিতেই অল্প কথার মানুষ। মিকি আর্থারের সঙ্গে তার ভাষাগত দূরত্ব তো আছেই। তবে চারপাশে শোরগোল এত বেশি যে, আইপিএল থেকে বাদ পড়ার পর তার সঙ্গে আলাদা করে কথা বলেছেন তিনি। বাঁহাতি এই পেসারকে তখন বরাবরের মতোই পেশাদার চেহারায় দেখেছেন রংপুর রাইডার্সের কোচ। তবে পুরো ব্যাপারটিকে হতাশাজনক বলছেন ক্রিকেট বিশ্বের খ্যাতিমান এই কোচ।

কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজের বাদ পড়াকে ঘিরে দুই দেশের যে টানাপেড়েনের শুরু, গত কয়েকদিনে তা ক্রমেই জটিল আকার ধারণ করেছে। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল আছে বাংলাদেশ। মুস্তাফিজও এর মধ্যেই বিকল্প খুঁজে নিয়েছেন। আইপিএল চলার সময়ই পিএসএলে খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। 

চারপাশে তোলপাড়ের মধ্যেও মাঠে মুস্তাফিজ যথারীতি দুর্দান্ত পারফর্ম করে চলেছেন বিপিএলে। মাঠের বাইরে তিনি ‘বিন্দাস’ আছেন বলে জানিয়েছেন তার বিপিএল দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলেছেন, ‘চিল মুডে’ আছেন মুস্তাফিজ।

সিলেটে বৃহস্পতিবার রংপুরের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে কোচ মিকি আর্থার বললেন, পারিপার্শ্বিকতার প্রবাহ ততটা আন্দোলিত করেনি মুস্তাফিজকে। 

“ফিজ পুরোপুরিই একজন যথাযথ পেশাদার (ক্রিকেটার)। আমাদের জন্য অবিশ্বাস্য সে, অসাধারণ (পারফর্ম) করছে। বোলার হিসেবে তার মান আমরা জানি, বিশ্বের যে কারও মতোই ভালো সে, যদি শ্রেয়তর নাও হয়। ফিজের আরেকটি ব্যাপার হলো, খুব ভালো টিম ম্যান সে এবং দারুণ বিনয়ী। তাকে সামলানোর মতো কোনো ব্যাপার তাই নেই। সে প্রতিদিন মাঠে নামে, নিজের কাজটা করে এবং সামর্থ্যের সেরাটা দিয়ে কাজটা করে।”

“যা হয়েছে (আইপিএল থেকে বাদ পড়া), তার জন্য খুবই হতাশার। কেকেআরের হয়ে সত্যিই খুব ভালো চুক্তি পেয়েছিল সে এবং শেষ পর্যন্ত যা হলো, হতাশাজনক।”

ভারতীয় বোর্ডের নির্দেশনা পাওয়ার পর ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া পেসারকে গত শনিবার ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের ক্রিকেটে সেটি বজ্রপাতের মতোই আঘাত হানে। এরপর পাল্টা প্রতিক্রিয়াও চলছে তীব্র।

আর্থার জানালেন, সবকিছু নিয়ে মুস্তাফিজের সঙ্গে কথা বলেছেন তিনি। সেই আলোচনা খুব দীর্ঘ হয়নি, তবে ছিল কার্যকর। 

“হ্যাঁ, কথা বলেছি আমরা। চট করে একটু আলোচনা হয়েছে আমাদের। ফিজ ও আমার মধ্যে একটু ভাষাগত প্রতিবন্ধকতা আছে। আমি যা বলেছি, সে শুনেছে। সে যা বলেছে, আমি বুঝতে পেরেছি। ওখানেই আমরা ব্যাপারটা শেষ করেছি এবং সামনে এগিয়েছি।”