‘কঠিন পরিস্থিতিতে’ দীর্ঘ খরা কাটানো জয়ে গর্বিত স্টোকস
পরিস্থিতি যে একদমই আদর্শ ছিল না, সেটাও মনে করিয়ে দিয়েছেন ইংলিশ অধিনায়ক।
৫ হাজার ৪৬৮ দিন পর অস্ট্রেলিয়ায় কোনো ইংল্যান্ড দলের টেস্ট জয়। অধিনায়ক বেন স্টোকসের গর্বিত হওয়াই স্বাভাবিক। কোন অবস্থা থেকে এই জয় এসেছে সেটা মনে করিয়ে দিতে ভোলেননি তিনি। তার মতে, দলের জন্য সামগ্রিক পরিস্থিতি একদমই আদর্শ ছিল না।
অনেক আশা নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়া ইংল্যান্ডের সব স্বপ্ন শুরুতেই চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ১১ দিনের মাঠের খেলাতে অ্যাশেজ জয়ের আশা শেষ হয় যায় তাদের। প্রথম তিন টেস্টই হারে সফরকারীরা।
সেই চাপ তো ছিলই। সঙ্গে যোগ হয় দলটির ক্রিকেটারদের অতিরিক্ত মদ্যপান নিয়ে আলোচনা-সমালোচনার বিষয়টি। কঠিন এই পরিস্থিতিতে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট খেলতে নামে ইংলিশরা। পেসারদের জন্য প্রবল সুবিধা আছে এমন উইকেটে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে দুই দিনেই ৪ উইকেটে জয় তুলে নেয় তারা।
এই জয়ে ইংল্যান্ডের দীর্ঘ এক অপেক্ষার অবসান হয়। ১৫ বছর আর ১৮ টেস্ট পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায় তারা।
অস্ট্রেলিয়াতে তাদের সবশেষ জয়টি ছিল ২০১১ সালের জানুয়ারিতে, সিডনিতে যে টেস্ট জিতে স্মরণীয় এক সিরিজ জয় নিশ্চিত করেছিল অ্যান্ড্রু স্ট্রাউসের দল। তাসমান সাগর পারের দেশটিতে পরের ১৮ টেস্টের ১৬টিই হারে ইংল্যান্ড, দুটি করে ড্র। অবশেষে একটি জয় ধরা দিল তাদের হাতে।
ম্যাচ শেষে স্টোকস বলেন, যে আশা নিয়ে অস্ট্রেলিয়া সফর করা, সেটা না পূরণ হলেও একটা অপেক্ষার অবসান করতে পেরে খুশি তারা। সঙ্গে জয়টি কোনো পরিস্থিতিতে এসেছে সেটির কথারও বলেছেন তিনি।
“ভালো লাগছে। এখন পর্যন্ত সফরটা বেশ কঠিন। দল হিসেবে আমাদের জন্যও কঠিন। তবে লম্বা সময় পর অস্ট্রেলিয়ায় জেতা একটা দলের অংশ হতে পারা দারুণ ব্যাপার।”
“আমাদের অনেক সমালোচনা করা হচ্ছিল, এসবের পরও এমন একটা পারফরম্যান্স করতে পারা, খুবই শক্তিশালী অস্ট্রেলিয়া দলকে হারাতে পারা; এর জন্য দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের কৃতিত্ব প্রাপ্য, কারণ তারা সবাই ক্রিকেটের দিকেই মনোযোগ ধরে রেখেছিল।”
অস্ট্রেলিয়ায় চতুর্থবারের সফরে ১৮ টেস্ট খেলে প্রথম জয়ের স্বাদ পেলেন ইংল্যান্ডের ইতিহাসের সফলতম ব্যাটসম্যান জো রুট। তাই তার কাছেও এই জয় স্পেশাল। এর জন্য সতীর্থদের নিয়ে গর্বিত তিনি।
“এটা হতাশাজনক যে এই জয় সিরিজের উপর প্রভাব ফেলবে না। তবে আমার মনে হয়, গত কিছুদিন ধরে দলটিকে নিয়ে যে সমালোচনা করা হয়েছে, এরপরে আমাদের জন্য এইভাবে প্রতিক্রিয়া জানানো এবং এমন উইকেটে জয়ের একটি উপায় খুঁজে বের করা সত্যিই গুরুত্বপূর্ণ ছিল… তাই আমি ছেলেদের জন্য খুব গর্বিত, এবং আশা করি, এটাকে ভিত্তি করে আমরা আরও এগোতে পারব এবং এই ছন্দ পরের ম্যাচে কাজে লাগাতে পারব।”
অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্ট শুরু আগামী ৪ জানুয়ারি, সিডনিতে।
