২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে পেসার শরিফুলের জায়গায় সুযোগ পেলেন ব্যাটসম্যান জাকের

পাকিস্তান সফরের দল থেকে ভারত সফরে এই একটিই পরিবর্তন এনেছেন নির্বাচকরা, পেসার শরিফুলের জায়গায় নেওয়া হয়েছে কিপার-ব্যাটসম্যান জাকেরকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2024, 09:15 PM

Updated : 26 Aug 2026, 10:27 AM

মিরপুরে দলের সঙ্গে প্রতিদিনই অনুশীলন করছেন শরিফুল ইসলাম। বোলিংও করছেন নিয়মিত। কিন্তু টেস্ট ম্যাচের জন্য এখনও তিনি শতভাগ ফিট নন। ভারতের বিপক্ষে টেস্ট দলে তাকে রাখাও হয়নি। তবে বাঁহাতি এই পেসারের জায়গায় নেওয়া হয়েছে কিপার-ব্যাটসম্যান জাকের আলিকে। পাকিস্তানে সিরিজ জিতে আসা দল থেকে ভারত সফরের বাংলাদেশ দলে পরিবর্তন এই একটিই। সেই পরিবর্তনই জন্ম দিয়েছে বেশ প্রশ্নের।

প্রশ্নের উত্তরও মিলেছে। নিজেদের সিদ্ধান্তের পেছনের ভাবনা ব্যাখ্যা করেছেন জাতীয় নির্বাচক হান্নান সরকার।

এই পরিবর্তনের বেশ কয়েকটি ধাপ আছে, যেটির শুরুতে আছে শরিফুলের দলে না থাকা। হান্নান সংবাদ সম্মেলনে জানালেন, টি-টোয়েন্টি সিরিজে এই পেসারকে পুরোপুরি ফিট পেতেই টেস্ট সিরিজে ঝুঁকি নেওয়া হয়নি। 

“শরিফুলকে আসলে শতভাগ ফিট বলা যাবে না। (পাকিস্তানে) দ্বিতীয় টেস্টেই ও আনফিট ছিল, যার কারণে নির্বাচনী প্রক্রিয়ায় ছিল না। তারপর সেই প্রক্রিয়ায় ওকে রাখা হয়েছে। ফিজিও-ট্রেনাররা তার দেখভাল করছেন। তাকে টেস্টের জন্য শতভাগ ফিট বলব না। কারণ টেস্টে ১৫-২০ ওভার বোলিং দরকার হতে পারে। সামনে আমাদের টি-টোয়েন্টি খেলাও আছে। সাদা বলের জন্যও সে আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার।”

“সেই জায়গা থেকে, যেহেতু ও শতভাগ ফিট নয়, তাই আমরা ঝুঁকির জায়গায় যেতে যাচ্ছি না। কারণ আমাদের টেস্ট দলে এখন প্রতিদ্বন্দ্বিতা করার মতো বেশ কয়েকজন তৈরি করতে পেরেছি, যারা ফিট আছে। শরিফুলকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি। আশা করি, সময়ের সঙ্গে সঙ্গে সেরে উঠে সে টি-টোয়েন্টি খেলবে পারবে।”

পরের প্রশ্নটিই এই পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পেসারের বদলে কেন ব্যাটসম্যান? হান্নান বললেন, পারিপার্শ্বিকতা বিবেচনায় দলীয় ভারসাম্যের জন্য এই সিদ্ধান্ত তাদের। 

“আমরা একটা জিনিস মাথায় রেখেছি, কন্ডিশন ও প্রতিপক্ষ। সেই জায়গা থেকে আমরা পাকিস্তানে ৫ জন সিমার নিয়ে গিয়েছিলাম। এখানে (ভারত সফরে) আমরা সিমারের সংখ্যা একজন কমিয়েছি। ওই জায়গায় একজন ব্যাটসম্যান বাড়িয়েছি, মিডল-অর্ডার বিশেষজ্ঞ। আমাদের টিম কম্বিনেশনে মনে হয়েছে যে, মিডল-অর্ডারে একটা বিকল্প বাড়ানো দরকার, কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায়। সেজন্য আমরা মিডল অর্ডার ব্যাটসম্যান বাড়িয়েছি।”

ব্যাটসম্যান বাড়ানোর সেই পরিকল্পনায় কেন জাকেরকে দলে নেওয়া হলো, সেই আলোচনায় হান্নান তুলে ধরলেন দলে জায়গা হারানো এক ব্যাটসম্যানের কথা। গত বছর নিউ জিল্যান্ডের বিপক্ষে ও এ বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ মিলিয়ে চারটি টেস্ট খেলেছেন শাহাদাত হোসেন। আট ইনিংস খেলে পাঁচটিতে দু অঙ্ক ছুঁয়েছেন। কিন্তু সর্বোচ্চ ইনিংস কেবল ৩১ রানের। সবশেষ পাকিস্তান সফরের দল থেকে তিনি বাদ পড়েন।

মিডল অর্ডার ব্যাটসম্যান বাড়ানোর পরিকল্পনায় শাহাদাতের নাম উঠে এলেও তাকে আপাতত ঘরোয়া ক্রিকেটে রানে ফিরতে দেখতে চান নির্বাচকরা। 

“আমাদের সবগুলো পরিকল্পনায় দিপু (শাহাদাত হোসেন) ছিল। একটা জিনিস লক্ষ্য করবেন, দিপু যে ম্যাচগুলো খেলেছে, তখন সাকিব বা মুশফিকের কেউ একজন ছিল না। কেউ একজন অনুপস্থিত ছিল, তখন ম্যাচগুলোতে দিপু সুযোগ পেয়েছে এবং খারাপ-ভালো মিলিয়েই খেলেছে। আমি বলব না খুব ভালো খেলেছে বা খুব খারাপ খেলেছে।”

“সাম্প্রতিক পারফরম্যান্সটা আমরা এখানে বিবেচনায় নিয়েছি। দিপু অস্ট্রেলিয়া গিয়েছিল, পাকিস্তান গিয়েছে। দুটি করে চার দিনের ম্যাচ খেলেছে। খুব ছন্দে নেই। একজন ক্রিকেটার যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাবে, তার ফর্ম খুব গুরুত্বপূর্ণ। দিপু আমাদের ভবিষ্যৎ ক্রিকেটার। সামনে জাতীয় লিগ শুরু হচ্ছে, সে সেটার জন্য তৈরি হচ্ছে। দিপু খুব কাছ থেকেই আমাদের পরিকল্পনায় রয়েছে।”

শাহাদাতকে আপাতত উপযুক্ত মনে না করায় নির্বাচকদের ভাবনায় এসেছেন জাকের। গত প্রায় এক বছরে বাংলাদেশের হয়ে ১৭টি টি-টোয়েন্টি খেললেও লাল বলের ক্রিকেটে তার পারফরম্যান্স চোখে পড়ার মতোই। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০২২-২৩ মৌসুমে তিন সেঞ্চুরি ও চার ফিফটিতে ৭৮৮ রান করেছিলেন তিনি ৬৫.৬৬ গড়ে। গত মৌসুম কেটেছে ভালো-মন্দ মিলিয়ে। তবে কিছুদিন আগে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পাকিস্তান ‘এ’ দলর বিপক্ষে ইসলামাবাদে ১৭১ রানের ইনিংসটি বড় ভূমিকা রেখে তার সুযোগ পাওয়ায়। 

“পাশাপাশি জাকেরের যে বিষয়টা... তার রেকর্ড যদি দেখেন জাতীয়, বিসিএল, বড় দৈর্ঘ্যের ক্রিকেটে রেকর্ডগুলো যদি দেখেন, একটা ধারণা হয়তো পেয়ে যাবেন যে, সে এই সংস্করণে জন্য খুব কার্যকর ক্রিকেটার হতে পারে। দুর্ভাগ্যবশত চোটের কারণে হয়তো আরও আগে অভিষেক বা সুযোগ থাকলেও হয়তো হয়নি। বা দলে আসার সুযোগ থাকার পরও পারেনি।”

“সম্প্রতি পাকিস্তানে সে একটা ১৭২ রানের ইনিংস খেলেছে, লম্বা সময় ধরে খেলেছে, খুব ভালো খেলেছে। সব কিছু বিবেচনায় নিয়ে জাকেরকে আমরা এক ধাপ এগিয়ে রেখেছি।”

চোট বা অতি জরুরি কোনো পরিস্থিতি তৈরি না হলে অবশ্য ভারত সফরে জাকেরের টেস্ট অভিষেকের সম্ভাবনা অতি সামান্য। 

চেন্নাইয়ে আগামী বৃহস্পতিবার শুরু বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট, দ্বিতীয় টেস্ট শুরু ২৭ সেপ্টেম্বর।