অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখাল পাকিস্তান
ইংল্যান্ডে আরও একবার বাজে ব্যাটিংয়ের প্রদর্শনী মেলে ধরে বিব্রতকর রেকর্ডটি গড়েছে বাবর আজমের দল।
দলে ফেরা ওপেনার সাইম আইয়ুব খুলতে পারলেন না রানের খাতা। পরের চার ব্যাটসম্যান ফিরলেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। তাতে টেস্ট ক্রিকেটে বিব্রতকর এক রেকর্ডে নাম উঠে গেল পাকিস্তানের।
এবারের ইংল্যান্ড সফরে পাকিস্তানকে ডুবিয়েছে মূলত তাদের হতশ্রী ব্যাটিং। এজবাস্টন টেস্টেও ব্যাটিং ধসে পড়েছে সফরকারীরা। বুধবার প্রথম ইনিংসে তাদেরকে স্রেফ ১৩৩ রানে গুটিয়ে দিয়েছে ইংল্যান্ড। এনিয়ে সিরিজে পাঁচ ইনিংসে একবারও দুইশ করতে পারল না পাকিস্তান।
এদিন এশিয়ার দলটির প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। টেস্ট ইতিহাসে এমনটা দেখা গেছে আরও ১১বার। কিন্তু ম্যাচের প্রথম ইনিংসে প্রথম পাঁচ ব্যাটসম্যানের দুই অঙ্ক ছুঁতে না পারার নজির দেখা গেল প্রথমবার।
প্রথম দুই টেস্টে বাজেভাবে হারের পর তৃতীয় ম্যাচের আগে দলে ব্যাপক পরিবর্তন আনে পাকিস্তান। সাতজন ক্রিকেটারকে দেশে পাঠিয়ে দেয় তারা। সঙ্গে প্রধান কোচ সারফারাজ আহমেদ ও বোলিং কোচ উমার গুলকেও বরখাস্ত করে দলটি।
পিসিবির ওই সিদ্ধান্ত পড়ে তীব্র সমালোচনার মুখে। এমন ছন্নছাড়া পারফরম্যান্সের পর হয়তো তা আরও বাড়বে।
টস হেরে ব্যাটিং নেমে তৃতীয় ওভারে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন সাইম। এই শিকার ধরে টেস্টে একশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন অলি রবিনসন।
পাকিস্তানের আরেক ওপেনার আজান আওয়াইসকে (২ চারে ৯ রান) ফেরান জফ্রা আর্চার। অভিজ্ঞ আবদুল্লাহ শাফিককে ৩ রানে বিদায় করেন রবিনসন। পরের ওভারে ৫ রান করা শান মাসুদকে ড্রেসিং রুমে পাঠান আর্চার।
লর্ডস টেস্টে ৮ ও ৬ রান করা বাবর আজম এবারও দুই অঙ্ক ছুঁতে পারেননি। পানি পানের বিরতির পর পাকিস্তান অধিনায়কের স্টাম্প ভেঙে দেন জশ টাং। এক চারে ৭ রান করেন বাবর।
পাকিস্তানের ইনিংসে দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন কেবল তিনজন। যার মধ্যে সাতটি চারে সর্বোচ্চ ৪৩ রান করেছেন সাউদ শাকিল।
