২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ব্যাটসম্যানের দিকে বল ছুড়ে শাস্তি পেলেন আফগান অলরাউন্ডার

ইসমাত আলমের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।

ব্যাটসম্যানের দিকে বল ছুড়ে শাস্তি পেলেন আফগান অলরাউন্ডার
আফগানিস্তান অলরাউন্ডার ইসমাত আলম। ছবি: আফগানিস্তান ক্রিকেট বোর্ড ইনস্টাগ্রাম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 01:49 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

আইসিসির আচরণবিধি ভাঙার অপরাধে শাস্তি পেয়েছেন ইসমাত আলম। তিরস্কার করা হয়েছে আফগানিস্তানের এই অলরাউন্ডারকে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

হারারেতে বুধবার একমাত্র টেস্টের তৃতীয় দিন জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ও ৭৩ রানে হারে আফগানিস্তান। ম্যাচ শেষে ইসমাতের শাস্তির কথা জানায় আইসিসি।

ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয় দিন, জিম্বাবুয়ের ইনিংসের ৯০তম ওভারে। দ্বিতীয় ডেলিভারিটি সোজা ব্যাটে খেলেন টাফাডজোয়া সিগা। বল ধরে ব্যাটসম্যানের দিকে ছুড়ে মারেন বোলার ইসমাত। আইসিসির নজরে তা আচরণবিধি লঙ্ঘন।

আইসিসির আচরণবিধির ২.৯ ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন বিপজ্জনক বা অনুপযুক্তভাবে কোনো খেলোয়াড়ের দিকে বল কিংবা ক্রিকেট সরঞ্জাম ছুঁড়ে মারা শাস্তিযোগ্য অপরাধ।

ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে নিজের দোষ স্বীকার করে শাস্তি মেনে নেন ইসমাত। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

দ্বিতীয় টেস্ট খেলতে নেমে একমাত্র ইনিংসে ৫১ রান খরচায় ২ উইকেট নেন ২৩ বছর বয়সী ইসমাত। ব্যাট হাতে দুই ইনিংসে করতে পারেন কেবল ৮ ও ১৬ রান।