বাংলাদেশের সম্ভাবনা ও ‘১’ নম্বর গ্রুপের সেমি-ফাইনাল সমীকরণ
অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের দারুণ জয়ে জমে উঠেছে এই গ্রুপ থেকে সেমি-ফাইনালে ওঠার লড়াই, সম্ভাবনা কিছুটা জিইয়ে আছে এমনকি বাংলাদেশেরও।
ভারতের বিপক্ষে হারের পর বাংলাদেশের সেমি-ফাইনাল সম্ভাবনা নিয়ে সাকিব আল হাসান বলেন, “সত্যি বলতে, আমার মনে হয় না আজকে হারার পর সেমি-ফাইনাল খেলার সুযোগ আমাদের আর আছে।” তবে বাস্তবতা হলো, বাংলাদেশের সুযোগ এখনও আছে। যদিও তা খুব কঠিন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের জয়ে জিইয়ে আছে বাংলাদেশের সম্ভাবনা।
সম্ভাবনায় অনেকটা এগিয়ে অবশ্য গ্রুপের অন্য তিন দল। দুই ম্যাচের দুটিই জিতে পয়েন্ট তালিকার সবার ওপরে ভারত। রান রেটও তাদের হৃষ্টপুষ্ট (২.৪২৫)। তারা তাই সেমি-ফাইনালে প্রায় পৌঁছে গিয়েছেই বলা যায়। আফগানিস্তানের কাছে পরাজয়ের পরও রান রেট বেশ ভালো অস্ট্রেলিয়ার। ০.২২৩ রান রেট নিয়ে তারা পয়েন্ট তালিকায় আছে দুইয়ে, আফগানদের রান রেট -০.৬৫০। দুই ম্যাচেই হেরে যাওয়া বাংলাদেশের রান রেটও বাজে (-২.৪৮৯)।
তবে কাগজে-কলমে এখনও টিকে আছে সব দলের সম্ভাবনাই। বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে আটটায় সেন্ট লুসিয়ায় মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় সেন্ট ভিনসেন্টে লড়বে বাংলাদেশ ও আফগানিস্তান। এই দুই ম্যাচের ফলাফল ঠিক করে দেবে এই গ্রুপের সেমি-ফাইনালের দুই দল।
যদি অস্ট্রেলিয়া ও আফগানিস্তান জয় পায়
সেক্ষেত্রে তিন দলের পয়েন্ট হবে চার। অস্ট্রেলিয়া যদি ভারতের বিপক্ষে এক রানে জেতে, তাহলে তাদের রান রেট টপকে যেতে বাংলাদেশের বিপক্ষে ৩৬ রানে জিততে হবে আফগানিস্তানকে। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া যদি রান তাড়ায় জেতে শেষ বলে, তাহলে তাদের রান রেট পেছনে ফেলতে ১৬০ রানের লক্ষ্যে ১৫.৪ ওভারের মধ্যে জিততে হবে আফগানদের।
অস্ট্রেলিয়ার জয়ের ধরনের ওপর নির্ভর করবেন আফগানদের কী করতে হবে। অস্ট্রেলিয়া-ভারত ম্যাচ যেহেতু আগে, আফগানরা তাই নিজেদের প্রয়োজন জেনেই নামবে বাংলাদেশের বিপক্ষে।
ভারতকে ছিটকে দিতে হলে নিজেদের ম্যাচে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে জিততে হবে বড় ব্যবধানে। ভারতের বিপক্ষে ৪১ রানে জিতলে তাদের রান রেট টপকে যেতে পারবে অস্ট্রেলিয়া, তখন ভারতের রান রেট পেছনে ফেলতে বাংলাদেশের বিপক্ষে অন্তত ৮৩ রানে জিততে হবে আফগানদের।
যদি ভারত ও বাংলাদেশ জেতে
এই দুই দল নিজেদের ম্যাচে জিতলে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে সেমি-ফাইনালে উঠবে ভারত, অন্য তিন দলের পয়েন্ট হবে সমান (দুই)। সেক্ষেত্রে নেট রান রেটে নির্ধারিত হবে গ্রুপের দ্বিতীয় দল।
রান রেটে এখনও কিছুটা ভালো অবস্থানেই আছে অস্ট্রেলিয়া। তারা ভারতের কাছে যত কম ব্যবধানে হারবে, অন্য দুই দলের কাজ ততই কঠিন হবে। আফগানিস্তান যদি বাংলাদেশের কাছে এক রানে হারে, তাহলে আফগানদের চেয়ে রান রেটে পিছিয়ে পড়তে অস্ট্রেলিয়াকে হারতে হবে ৩১ রানে।
আফগানিস্তানের চেয়ে রান রেটে এগিয়ে যেতে হলে বাংলাদেশকে জিততে হবে ৩১ রানে। তবে সমীকরণের শেষ নয় সেখানেই। সেমি-ফাইনালে উঠতে হলে নিজেদের অমন জয়ের পাশাপাশি বাংলাদেশকে কামনা করতে হবে, অস্ট্রেলিয়া যেন অন্তত ৫৫ রানে হারে। তাহলে সেমিতে যেতে পারবে নাজমুল হোসেন শান্তর দল।
যদি অস্ট্রেলিয়া ও বাংলাদেশ জয় পায়
তাহলে ভারত ও অস্ট্রেলিয়া সেমি-ফাইনালে পৌঁছে যাবে চার পয়েন্ট নিয়ে। আফগানিস্তান ও বাংলাদেশ দুই পয়েন্ট নিয়ে ছিটকে যাবে আসর থেকে।
যদি ভারত ও আফগানিস্তান জেতে
ছয় পয়েন্ট নিয়ে ভারত ও চার পয়েন্ট নিয়ে আফগানিস্তান পৌঁছে যাবে সেমি-ফাইনালে। দুই পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া ও শূন্য পয়েনট নিয়ে বাংলাদেশ ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে।
