০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ছক্কার কীর্তিতে গেইলকে ছাড়িয়ে রাসেলের পেছনে আভিশেক

টি-টোয়েন্টি ক্রিকেটে ছক্কার একটি রেকর্ডে ক্রিস গেইলকে ছাড়িয়ে গেলেন আভিশেক শার্মা, সবার ওপরে সেখানে আন্দ্রে রাসেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Oct 2026, 01:13 PM

Updated : 03 Oct 2026, 01:13 PM

ছক্কার প্রতি আভিশেক শার্মার অনুরাগ বরাবরই। পাকিস্তানের বিপক্ষে প্রথম তিন ওভারেই দুটি ছক্কা এলো তার ব্যাট থেকে। এর দ্বিতীয়টিতে স্পর্শ করলেন দারুণ এক মাইলফলক। যেখানে তিনি পেছনে ফেললেন টি-টোয়েন্টির সেরাদের সেরা বলে বিবেচিত ক্রিস গেইলকে। ভারতীয় ব্যাটসম্যানের ওপরে কেবল আন্দ্রে রাসেল।

পাকিস্তানের বিপক্ষে শনিবার এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ওই ছক্কাটি ছিল স্বীকৃত টি-টোয়েন্টিতে আভিশেকের ৪০০তম ছক্কা। বলের হিসেবে এই মাইলফলকে পৌঁছেছেন তিনি দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে।

৪০০ ছক্কা মারতে ৩ হাজার ৫১৩ বল খেলেছেনে আভিশেক। ‘ইউনিভার্স বস’ গেইলের লেগেছিল ৩ হাজার ৫৫৭ বল।

৩ হাজার ৮০৩ বলে ৪০০ ছক্কা মেরে রেকর্ডের চারে টিম ডেভিড। ৩ হাজার ৪৪ বল লেগেছিল কাইরন পোলার্ডের।

সবাইকে অনেকটা ব্যবধানে পেছনে ফেলে রেকর্ডের শীর্ষে আছেন আন্দ্রে রাসেল। ৪০০ ছক্কা মেরেছেন তিনি ৩ হাজার ২৭ বল খেলেই!

এই ম্যাচে আভিশেক পরে ছক্কা মেরেছেন আরও ৫টি। টি-টোয়েন্টিতে ২০৮ ইনিংসেই তার ছক্কা এখন ৪০৫টি।

আভিশেকের ২৮ বলে ৬১ ও তিলাক ভার্মার ২২ বলে ৫১ রানের অপরাজিত ইনিংসে ভারত ২০ ওভারে তুলেছে ২১১ রান।