১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘যত গ্রেটই হোক না কেন, কেউ অপরিহার্য নয়’, বুমরাহকে নিয়ে মাঞ্জরেকার

ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের মধ্যে তিনটিতে খেলা বুমরাহকে নিয়ে ভবিষ্যতে নির্বাচকদের কঠিন সিদ্ধান্ত নিতে বললেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান ও ধারাভাষ্যকার সাঞ্জায় মাঞ্জরেকার।

‘যত গ্রেটই হোক না কেন, কেউ অপরিহার্য নয়’, বুমরাহকে নিয়ে মাঞ্জরেকার
জাসপ্রিত বুমরাহ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2025, 06:13 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

জাসপ্রিত বুমরাহর ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ নিয়ে চলমান বিতর্কে যোগ দিলেন এবার সাঞ্জায় মাঞ্জরেকার। নির্বাচকদের এই ফাস্ট বোলারের ওপর নির্ভরতা কমানো উচিত বলে মনে করেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান ও ধারাভাষ্যকার। তার মতে, ফিট ও পারফর্ম করতে আগ্রহী ক্রিকেটারদেরই সবসময় অগ্রাধিকার দেওয়া উচিত।

সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ড সফরে চোটপ্রবণ বুমরাহকে বিশ্রাম দিয়ে খেলায় ভারত। ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগেই দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল, পাঁচ টেস্টের সিরিজে তিনটি ম্যাচে খেলানো হবে বুমরাহকে। সেই পরিকল্পনায় অটল থেকে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি শেষ করে সফরকারীরা।

যে দুটি ম্যাচ বুমরাহ খেলেনি, সেই দুটিই জেতে ভারত। যদিও ভারতের হয়ে সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট (২৬ গড়ে ১৪টি) শিকার করেন ২০২৪ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পাওয়া ৩১ বছর বয়সী এই তারকা। রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা সিরিজ শেষ হয় ২-২ সমতায়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস-এ নিজের কলামে শুক্রবার মাঞ্জরেকার লিখেছেন, ভবিষ্যতে কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভারতের নির্বাচকদের সাহায্য করবে এই সিরিজ।

“ঘটনাক্রমে বিষয়টা বেশ ন্যায়সঙ্গত হয়ে উঠেছে যে, ভারত যে দুটি টেস্ট জিতেছে, সেই দুটি ম্যাচ বুমরাহ খেলেনি। এটা বড় বড় খেলোয়াড়দের নিয়ে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে সাহস জোগাবে ভারতীয় নির্বাচকদের। সিরিজটি তাদের জন্য একটি বড় শিক্ষা, আমাদের জন্যও তাই।”

“ভারত যে দুটি টেস্ট জিতেছে, সেখানে ভিরাট (কোহলি), (চেতেশ্বর) পুজারা, রোহিত (শার্মা), (মোহাম্মদ) শামি এবং বুমরাহও ছিল না! এটা আমাদের খেলাধুলা ও জীবনের চিরন্তন সত্যি কথাটাই মনে করিয়ে দেয় যে, যত গ্রেটই হোক না কেন, কেউই অপরিহার্য নয়। আর বুমরাহকে এভাবেই সামলাতে হবে ভারতের।”

মাঞ্জরেকারের মতে, বুমরাহ যদি পরপর দুটির বেশি বা কখনও কখনও তার চেয়েও বেশি ম্যাচ খেলতে না পারেন, তাহলে তাকে মূল বোলার হিসেবে দলে নেওয়া উচিত নয়।

“যেসব খেলোয়াড় ম্যাচ খেলতে ফিট, ক্ষুধার্ত, খেলতে ও পারফর্ম করতে আগ্রহী, আমার মতে, একজন খুব দক্ষ খেলোয়াড়ের চেয়ে যে কোনো দিন তাদেরই বেছে নেওয়া উচিত। এটা এই ধরনের খেলোয়াড়দের আরও বেশি অনুপ্রাণিত করবে।”