স্মিথ-ব্রুকের সেঞ্চুরির পরও সিরাজের ৬ উইকেটে ভারতের বড় লিড
প্রথম ইনিংসে ভারতের ১৮০ রানের লিডে অবদান কম নয় পেসার আকাশ দিপেরও।
৩০৩ রানের রেকর্ড জুটিতে একটা সময় ভারতকে ভাবনায় ফেলে দিয়েছিলেন হ্যারি ব্রুক ও জেমি স্মিথ। পাল্টা আক্রমণে দ্রুত রান নিয়ে ইংল্যান্ডের অনেক বড় সংগ্রহের আশা জাগিয়েছিলেন তারা। কিন্তু মোহাম্মদ সিরাজ ও আকাশ দিপে দারুণ বোলিংয়ে শেষ পর্যন্ত বড় লিডই পেল ভারত।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৬৪। ৩৮ বলে ছয়টি চারে ২৮ রানে ব্যাট করছেন লোকেশ রাহুল। ১৮ বলে এক চারে ৭ রানে খেলছেন কারুণ নায়ার।
টি-টোয়েন্টি ঘরানার ব্যাটিংয়ে ২২ বলে ২৮ রান করে আউট হয়ে গেছেন ইয়াশাসবি জয়সওয়াল।
দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ভারত ২৪৪ এগিয়ে রানে।
দিনের শুরুতে জোড়া উইকেট হারালেও এক সময়ে ৫ উইকেটে ৩৮৭ রানের দৃঢ় ভিত পায় ইংল্যান্ড। সেখান থেকে মাত্র ২০ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৪০৭ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস।
১০ উইকেট ভাগ করে নেন ভারতের দুই পেসার সিরাজ ও আকাশ দিপ। তাদের হাত ধরে ১৮০ রানের বড় লিড পায় সফরকারীরা। দুই সেঞ্চুরিয়ান স্মিথ ও ব্রুকের বাইরে স্বাগতিকদের আর কেউ ২৫ রানও করতে পারেননি। দলটির সাত ব্যাটসম্যান যেতে পারেননি দুই অঙ্কে।
এজবাস্টনে শুক্রবার ৩ উইকেটে ৭৭ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ডের বিপদ আরও বাড়ান সিরাজ। পরপর দুই বলে বিদায় করেন স্বাগতিকদের বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান জো রুট ও অধিনায়ক বেন স্টোকসকে।
লেগ সাইডের বাইরের বলে রিশাভ পান্তের গ্লাভসে ধরা পড়েন রুট। ক্যারিয়ারে প্রথমবার গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান স্টোকস।
৮৪ রানে ৫ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে যাওয়া দলকে টানেন ব্রুক ও স্মিথ। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো সিরাজকে চার মেরে পথ চলা শুরু করেন কিপার-ব্যাটসম্যান স্মিথ। এরপর আর পেছনে তাকাননি তিনি।
পাল্টা আক্রমণে ঝড়ের বেগে এগোতে থাকে ব্রুক ও স্মিথের জুটি। সবচেয়ে বড় ঝাপটাটা যায় প্রাসিধ কৃষ্ণার উপর দিয়ে। ১৩ ওভারে ৭২ রান দিয়ে তিনি ছিলেন উইকেটশূন্য। তার ১ ওভার থেকে স্মিথ নেন ২৩ রান।
প্রথম সেশনে তাণ্ডব চালানো জুটি পরের সেশনেও ভাঙতে পারেনি ভারত। তবে রানের গতি কমাতে পারে কিছুটা।
বিস্ফোরক ব্যাটিংয়ে ৮০ বলে একশ স্পর্শ করেন স্মিথ। পরে ১৩৭ বলে তিন অঙ্ক স্পর্শ করেন ব্রুক।
৮৯ বলে জুটির রান স্পর্শ করে একশ, ১৯২ বলে হয় দুইশ। চা-বিরতির পর ৩৬৪ বলে তিনশ স্পর্শ করে জুটির রান।
দ্বিতীয় নতুন বল নিতেই বদলে যায় খেলার চিত্র। বল নেওয়ার পর তৃতীয় ওভারে ষষ্ঠ উইকেটে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের সর্বোচ্চ ৩০৩ রানের জুটি ভাঙেন আকাশ দিপ। তার দারুণ ডেলিভারিতে বোল্ড হয়ে যান ব্রুক। ২৩৪ বলে ১৭ চার ও এক ছক্কায় তিনি করেন ১৫৮ রান।
নবম সেঞ্চুরির দেখা পাওয়া ব্রুক ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিনটি তিনশ রানের জুটির অংশ হলেন।
বড় জুটি ভাঙার পর বেশি দূর এগোয়নি ইংল্যান্ডের জুটি। বলা ভালো এগোতে দেননি সিরাজ। আকাশ দিপের বলে ক্রিস ওকস ক্যাচ দেওয়ার পর স্বাগতিকদের শেষ তিন ব্যাটসম্যানকে রানের খাতাই খুলতে দেননি সিরাজ। ৭০ রানে ৬ উইকেট নিয়ে তিনিই ভারতের সফলতম বোলার। ৮৮ রানে ৪ উইকেট নেন আকাশ দিপ।
ইংল্যান্ডের কিপার-ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রানের ইনিংস খেলা স্মিথ অপরাজিত থেকে যান ২০৭ বলে ১৮৪ রানে। টেস্টে তার সর্বোচ্চ রানের গড়া ২১ চার ও চার ছক্কায়।
সংক্ষিপ্ত স্কোর: (তৃতীয় দিন শেষে)
ভারত ১ম ইনিংস: ৫৮৭
ইংল্যান্ড ১ম ইনিংস: (আগের দিন ৭৭/৩) ৮৯.৩ ওভারে ৪০৭ (রুট ২২, ব্রুক ১৫৮ স্টোকস ০, স্মিথ ১৮৪, ওকস ৫, কার্স ০, টং ০, বাশির ০*; আকাশ দিপ ২০-২-৮৮-৪, সিরাজ ১৯.৩-৩-৭০-৬, প্রাসিধ কৃষ্ণা ১৩-১-৭২-০, নিতিশ ৬-০-২৯-০, জাদেজা ১৭-২-৭০-০, সুন্দার ১৪-০-৭৩-০)
ভারত ২য় ইনিংস: ১৩ ওভারে ৬৪/১ (জয়সওয়াল ২৮, রাহুল ২৮*, নায়ার ৭*; ওকস ৫-০-২৮-০, কার্স ৫-১-২৩-০, টং ৩-১-১২-১)
