বিসিবি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকায় নেই শুধু নরসিংদী
আপিল করে কাউন্সিলরশিপ ফিরে পেয়েছে আলোচিত ১৫ ক্লাব, প্রশ্ন থাকলেও শেষ পর্যন্ত টিকে গেছেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
শুনানি শেষে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেইন বলেছিলেন, “অপেক্ষা করুন, ভালো কিছু দেখতে পাবেন।” ইঙ্গিতটা তখনই মিলেছিল। চূড়ান্ত ভোটার তালিকায় দেখা গেল সেটিরই ছাপ। বিসিবি নির্বাচনে কাউন্সিলরশিপ ফিরে পেল আলোচিত ১৫ ক্লাব। যার বিরুদ্ধে আপত্তি পড়েছিল সবচেয়ে বেশি, সেই ফারুক আহমেদের কাউন্সিলরশিপও টিকে গেল শেষ পর্যন্ত।
বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকার ওপর আপিল শুনানি শেষে শুক্রবার বিকেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।
খসড়া ভোটার তালিকায় ছিল না ছয়টি জেলা ও ১৫টি ক্লাবের কোনো প্রতিনিধি। চূড়ান্ত তালিকায় ছয় জেলার পাঁচটিই জায়গা, আছে ওই ১৫ ক্লাবের সবকটিই।
দুর্নীতির অভিযোগে যে ১৮টি ক্লাবের বিরুদ্ধে তদন্ত চলছে দুদকের, সেগুলোর মধ্যে আছে ওই ১৫ ক্লাব। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বিরুদ্ধে অধিকতর তদন্তের সুপারিশ করেছিল দুদক। তদন্ত শেষ না হওয়ায় ও অভিযোগ এখনও প্রমাণিত না হওয়ায় ক্লাবগুলিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেয় বিসিবি। তবে ‘দেশের ক্রিকেটের স্বার্থে’ সেই ক্লাবগুলিকে খসড়া তালিকায় রাখেনি নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপলি গ্রহণ ও নিষ্পত্তির পর চূড়ান্ত তালিকায় তাদের রাখা হয়েছে।
খসড়া তালিকায় ৮-১০টি আপত্তি পড়েছিল ফারুক আহমেদের বিরুদ্ধে। গত সোমবার সন্ধ্যায় ৬টায় ছিল কাউন্সিলর নাম জমা দেওয়ার শেষ সময়। কিন্তু তার নাম জমা পড়ে রাত সাড়ে ৮টায়। তবু তাকে খসড়া তালিকায় রাখা হয়।
নানা বিতর্কের পর অবশ্য পরদিন কাউন্সিলরের নাম জমা দেওয়ার সময় একদিন বাড়ানো হয়। চূড়ান্ত তালিকায় ফারুক আহমেদকে রেখে দেওয়ার পেছনে এটিকেই যুক্তি দেখালেন প্রধান নির্বাচন কমিশনার।
“যেহেতু খসড়া ভোটার তালিকার জন্য একদিন সময় বাড়ানো হয়েছিল, সেই কারণে ফারুক আহমেদের আবেদন গৃহীত হয়েছে। দেরিতে জমা পড়ার পেছনে উনার কিছু ব্যাখ্যা ছিল। তবে শেষ পর্যন্ত যেহেতু একদিন সময় এমনিতেই বাড়ানো হয়েছিল, তাই উনারটাও ভ্যালিড হয়ে গেছে।”
খসড়া তালিকায় যে ছয় জেলার কাউন্সিলের নাম ফাঁকা ছিল, সেখানে পাঁচ জেলার প্রতিনিধির জায়গা পাওয়া ও একটি জেলা শেষ পর্যন্ত ফাঁকা থাকার ব্যাখ্যাও দিলেন প্রধান নির্বাচক।
“আমাদের কাছে ই-মেইলে অভিযোগ এসেছিল, যারা যারা কাউন্সিলর হতে চান, তারা অভিযোগ করেছিলেন যে, ‘আমরা যখন ডিসি সাহেবের কাছে গিয়েছি আমাদের নাম জমা দিতে, ডিসি তখন অন্যায়ভাবে আমাদের নাম জমা দেননি। তবে আমরা অ্যাড হক কমিটির সদস্য।’ যেহেতু তারা অ্যাড হক কমিটির সদস্যা, এজন্য তাদের আবেদন গ্রহণ করা হয়েছে।”
শুধু নরসিংদীরটি গ্রহণ করা হয়নি। কারণ ওখানে যিনি কাউন্সিলর, তিনি নিজে অ্যাড হক কমিটির সদস্য, তবে তিনি নিজে না হয়ে আরেকজনের নাম প্রস্তাব করেছেন। এজন্য আমরা তার আবদেন গ্রহণ করিনি।”
