ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ হারানোদের জয় উৎসর্গ করলেন শান্ত
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের পর পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে এই কথা জানান বাংলাদেশ অধিনায়ক।
পুরস্কার বিতরণী আয়োজনে নাজমুল হোসেন শান্তকে ডাকলেন সঞ্চালক বাজিদ খান। মাইক্রোফোন হাতে এগিয়ে এসে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘আমি কি কিছু বলতে পারি?’ এরপর তিনি বাংলায় ছোট্ট করে বললেন, স্মরণীয় এই জয় তারা উৎসর্গ করছেন ছাত্র-জনতা আন্দোলনে প্রাণ হারানো মানুষগুলির জন্য।
রাওয়ালপিন্ডি টেস্টে অসাধারণ পারফরম্যান্সে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে দুই ম্যাচে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ।
ম্যাচের বাংলাদেশ অধিনায়ক বলেন, “সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, এই জয়টা আমরা তাদের উদ্দেশ্যে উৎসর্গ করছি ও তাদের জন্য আমাদের অনেক অনেক দোয়া।”
এই টেস্ট শুরুর আগে বাংলাদেশের জয়ের সম্ভাবনা দেখেননি খুব বেশি লোকে। আগে কখনোই পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ ছিল বাংলাদেশের। তবে ম্যাচের আগে শান্ত বলেছিলেন, ‘সব রেকর্ডই তো একসময় ভেঙে যায়…।’
এই টেস্টে তারা ঠিক সেটিই করে দেখালেন।
পাকিস্তানের বিপক্ষে ১৪ টেস্টে বাংলাদেশের প্রথম জয় এটি। পাকিস্তানের মাঠে তাদের বিপক্ষে ২১ আন্তর্জাতিক ম্যাচে প্রথম জয়ও এটিই।
নিজেদের সুদীর্ঘ টেস্ট ইতিহাসে দেশের মাঠে প্রথমবার ১০ উইকেটে হারের স্বাদ পেল পাকিস্তান।
